যশোর অফিস।।
যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন (৫৩) হত্যায় মেয়ে জামাইসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) রাতে শহরের শংকরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন: নিহত আলমগীরের মেয়ে জামাই শংকরপুর এলাকার সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জুলফিকার আলীর ছেলে বাসেদ আলী পরশ ও একই এলাকার মতিন দারোগার ছেলে আসাবুল ইসলাম সাগর।
ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন জমি কেনা-বেচার ব্যবসা করতেন। শনিবার সন্ধ্যার পর যশোর মেডিকেল কলেজসংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির অদূরে শংকরপুর ইসহাক সড়কে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুজন চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যান।
হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওই রাতেই আলমগীরের মেয়ে জামাই পরশ ও প্রতিবেশী সাগরকে গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে আলমগীরের পারিবারিক ও ব্যবসায়ীক মনমালিন্য ছিলো। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ছাড়া সরাসরি হত্যায় জড়িতদের আটক ও অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ।











































