Home Lead খুলনায় জাতীয় শ্রমিক শক্তি নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় নারী তন্বী আটক

খুলনায় জাতীয় শ্রমিক শক্তি নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় নারী তন্বী আটক

248


স্টাফ রিপোর্টার।।
খুলনায় জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় আলোচিত নারী তন্বীকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

পুলিশ জানায়, সোমবার (২২ ডিসেম্বর) রাতে নগরী থেকে তন্বীকে আটক করা হয়। তবে আটক ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাডাঙ্গা থানাধীন সার্জিক্যাল (গাজী মেডিকেল কলেজ হাসপাতাল) সংলগ্ন আল আকসা মসজিদ সরণির ১০৯ নম্বর রোডের মুক্তা হাউজের নিচতলায় ভাড়া বাসায় তন্বীর কক্ষে গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


এ ঘটনায় পুলিশ ওই কক্ষ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বলে জানা গেছে। ঘটনার পর থেকেই বিষয়টি নগরজুড়ে আলোচনার সৃষ্টি করে।

পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। আটক তন্বীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

তনিমা ওরফে তন্বী যুবশক্তি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিকশক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় আটককৃত মোসা. তনিমা ওরফে তন্বী যুবশক্তির নেত্রী। গত ৪ অক্টোবর জাতীয় যুবশক্তির খুলনা জেলা কমিটি অনুমোদন দেন আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম ও সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম। কমিটিতে ১নং যুগ্ম সদস্যসচিবের পদ পান মোসা. তনিমা।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, রোববার রাত থেকে ওই কক্ষে অবস্থান করছিলেন মোতালেব শিকদার। সকাল ১১টার আগে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি বাড়ি থেকে বের হন। পরিচিত ব্যক্তিদের দ্বারাই তিনি গুলিবিদ্ধ হন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে তনিমা পলাতক ছিলেন।