Home আঞ্চলিক গণতান্ত্রিক সরকার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: আজিজুল বারী হেলাল

গণতান্ত্রিক সরকার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: আজিজুল বারী হেলাল

9


।।খবর বিজ্ঞপ্তি।।
গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া দেশে জবাবদিহি, ন্যায়বিচার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রূপসা উপজেলার বাগমারা মাঝিপাড়ায় পূর্ব রূপসা ট্রলার মাঝি ইউনিয়ন ও হকার্স ইউনিয়নের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আজিজুল বারী হেলাল বলেন, কোনো কোনো সময় মাঝিদের ওপর জুলুম হয়, আবার মাঝিদের আচরণেও যাত্রীদের ভোগান্তি বাড়ে। যাত্রী ও মাঝি একে অপরের প্রতিপক্ষ নয়; উভয়ের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও আন্তরিকতা বাড়াতে হবে। তিনি বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষ আজ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছে। এতে প্রমাণ হয়—দেশের কোনো অংশের মানুষই তাঁর জন্য দোয়া করা থেকে বাদ যাননি।
রূপসা ঘাটের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি লন্ডনে টেমস নদীর তীরের নগরায়ন দেখেছি। রূপসা ঘাটেও আমরা একটি পরিকল্পিত নগরায়ন গড়ে তুলতে পারি। ইনশাআল্লাহ, আমার বাকি জীবন আপনাদের সঙ্গেই কাটাতে চাই। কে কোন দল করে, সেটি মুখ্য নয়—আমরা সবাই রূপসাবাসী।”


এদিন বিকেল ৩টায় নৈহাটি ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এবং পরে নৈহাটির নিকলাপুর ৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পৃথক দোয়া মাহফিলে অংশ নেন আজিজুল বারী হেলাল। নিকলাপুরের দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নারীর অংশগ্রহণ দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, “নিকলাপুরের নারীরা যেভাবে দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়ায় শরিক হয়েছেন—এটাই বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসার প্রমাণ।”


দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হালিম শেখ এবং সঞ্চালনা করেন হারেজ হাওলাদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, শেখ আব্দুর রশিদ, মল্লিক আব্দুস সালাম, মোল্লা রিয়াজুল ইসলাম; উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্যসচিব জাবেদ হোসেন মল্লিক, বিকাশ মিত্র; জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু; শাহনাজ বেগম, লিটন মোল্লা, রেজাউল ইসলাম রেজা, আখি, মনিরা, দিদার, তারেক, মো. রয়েল, আসাদুল ইসলাম বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।