স্টাফ রিপোর্টার।।
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেছেন
এস এম সাইফ মোস্তাফিজ লিখেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেয়া হয়েছে। ইন্টিরিম নির্বাচনের আগেই জুলাইকে নাই করে দেয়ায় আয়োজন চলছে?
স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা মো. মোতালেব শিকদারের মাথা লক্ষ্য করে গুলিটি করা হয়। গুলিটি তার কানে লেগেছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত অনিমেষ মন্ডল বলেন, মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান করার জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নিয়ে আসে। তবে থানার কোন এলাকায় তার ওপর এ হামলার ঘটনা ঘটানো হয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।










































