Home আঞ্চলিক বিভিন্নস্থানে কর্মসূচি পালন : খুলনায় হাদির গায়েবানা জানাযা, মসজিদে মসজিদে দোয়া

বিভিন্নস্থানে কর্মসূচি পালন : খুলনায় হাদির গায়েবানা জানাযা, মসজিদে মসজিদে দোয়া

16

খুলনাঞ্চল ডেস্ক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় খুলনায় গায়েবানা জানাযা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মাবাদ নগরীর শিববাড়ী মোড়ে এই গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। খুলনার বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
দুপুরে জুম্মার নামাযের পর খুলনার বায়তুন নূর জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে শরিফ ওসমান হাদীর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল শেষে নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় “দিল্লী না ঢাকা, ঢাকা, ঢাকা”, “আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো,” ”হাদী থেকে মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ,” “লীগ ধর, জেলে ভর”, ” ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ” সহ নানা শ্লোগান দেন বিক্ষোভ কারীরা।
সমাবেশে বক্তারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ও বাংলাদেশ পন্থার যে আদর্শের যুদ্ধে শরীফ ওসমান হাদী আমৃত্যু যে লড়াই করেছেন, সেই লড়াই অব্যাহত রাখার দাবি জানান। সমাবেশ শেষে শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাযা শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। জানাযা ও দোয়া শেষে পুনরায় বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর শিববাড়ী মোড় থেকে বের হয়ে ময়লাপোতা মোড় ঘুরে পুনরায় শিববাড়ী মোড়ে এসে শেষ হয়।
\ চার স্থানে অতিরিক্ত নিরাপত্তা \
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত খুলনার সড়কে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর করা হয় জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকার খুলনা অফিসের সাইনবোর্ড। উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে খুলনার চারটি পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন ।
কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, “হামলার আশংকা ও সহিংসতা প্রতিরোধে খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনের অফিস, সহকারী হাই কমিশনারের বাসভবন, প্রথম আলো খুলনা অফিসের সামনে এবং নিউ মার্কেটের বায়তুন নূর মসজিদের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরীতে পুলিশের টহল রয়েছে।”
\ ইসলামী ছাত্র শিবির \
ইনকিলাব মঞ্চের মুখপাত্র, বিপ্লবী জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টায় নগরীর বায়তুন নূর মসজিদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে এ কর্মসূচি শেষ হয়। মিছিলের পূর্বে বায়তুন নূর জামে মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি রাকিব হাসানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহানগর সভাপতি ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী।
মহানগর ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, মাদরাসা সম্পাদক হাফেজ মুজাহিদুল হক, বিজ্ঞান সম্পাদক জে আই সাবিত, স্কুল সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, গবেষণা সম্পাদক ফারহান তূর্য, ক্রীড়া সম্পাদক সুলাইমান আবিদ, সমাজসেবা সম্পাদক হাফেজ নাঈম হোসাইন প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর ছাত্রশিবিরের সর্বস্তরের জনশক্তিসহ সাধারণ ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।
\ কুয়েট \
জুলাই অভ্যুত্থানের অন্যতম সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অকাল প্রয়াণে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। বিশ্ববিদ্যালয় প্রশাসন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ১৯ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী-এর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ সম্মিলিতভাবে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি যুবায়ের হাসান। উল্লেখ্য, শরীফ ওসমান হাদির স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং একইসাথে উক্ত দিনে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং স্থগিতকৃত পরীক্ষার পুনঃনির্ধারিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
\ কেকেবিএইউ উপাচার্য \
জুলাই বিপ্লবের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান।
এক শোক বার্তায় তিনি বলেন শরিফ ওসমান হাদি ছিলেন প্রতিবাদী কন্ঠস্বর ও সাহসিকতার প্রতীক। জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক এই তরুণ আধিপত্যবাদ, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সাহসী ভূমিকা পালন করেন। ন্যায় ও সত্যের পক্ষে লড়াকু এই অদম্য মেধাবী সন্তান গণমানুষের মানসে নতুন জাগরণ সৃষ্টি করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। দুষ্কৃতকারীদের গুলিতে শারীরিকভাবে নিহত হলেও তার অবদান দেশ ও জাতির কাছে অম্লান হয়ে থাকবে। অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার নতুন প্রজন্মর কাছে হাদি উজ্জ্ব¡ল প্রেরণা । তিনি শহিদ হাদির রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে তার পরিবারের সদস্যদের এবং দেশের শোকাহত মানুষের সাথে সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে তিনি এই ঘৃণিত হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি দাবি করেন।
\ খুলনা বিশ্ববিদ্যালয় \
জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এক শোক বার্তায় উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শরিফ ওসমান হাদি সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে গণমানুষের পক্ষে অবস্থান নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অভ্যুত্থান-পরবর্তী সময়েও আধিপত্যবাদের বিরুদ্ধে ন্যায়, অধিকার ও পরিবর্তনের আকাঙ্ক্ষায় তাঁর সংগ্রামী ভূমিকা দেশ ও সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি একজন নির্ভীক ও প্রতিবাদী কণ্ঠ হারালো, যা সহজে পূরণ হবার নয়।
উপাচার্য শোক বার্তায় শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এদিকে ১৯ ডিসেম্বর (শুক্রবার) বাদ জুম্মা রাষ্ট্রীয় নির্দেশনার আলোকে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই জামে মসজিদে শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় মসজিদের সামনে শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ ও দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ।
\ ইসলামী আন্দোলন, খুলনা জেলা \
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী তরুণ বিপ্লবী, জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসেনানী, ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদী (ওসমান হাদী) এর শাহাদাৎ বরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এবং ওসমান হাদীর শোকাহত পরিবার, স্বজন,সহকর্মী, বন্ধুসহ শোকাহত জনতার সাথে সহমর্মিতা প্রকাশ করে ও তার রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা এর সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, সহ-সভাপতি খুলনা ১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলঃ মাওলানা আবু সাঈদ জেলা সেক্রেটারি এস এম রেজাউল করিম সরদার মাওলানা মোঃ জেলা দ্বীন কায়েম সংগঠনের সেক্রেটারি মাওলানা মোঃ ওমর ফারুক হারুন অর রশিদ, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম মুফতি মাহবুবুল আলম মুফতি আজিজুর রহমান সোহেল মুফতি এনামুল হাসান সাঈদ নুরুল হুদা সাজু রুপসা উপজেলা সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি মাওলানা ওমর আলী দিঘলিয়া উপজেলা সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদী বটিয়াঘাটা পুর্ব উপজেলা সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম পশ্চিম শাখা সভাপতি হাফেজ কারিমুল ইসলাম পাইকগাছা সভাপতি মুফতি আব্দুর রহমান ডাকব উপজেলা সভাপতি আলহা শফিকুল ইসলাম তেরোখাদা উপজেলা সভাপতি মুফতি ফয়জুল্লাহ, চালনা পৌরসভার সভাপতি আলহাজ্ব আবু দাউদ ফুলতলা সেক্রেটারি মুফতি আব্দুল মালেক, মাওলানা অলিউর রহমান মাওলানা আব্দুস সাত্তার মোঃ ইসমাইল হোসেন শাকিল আহমাদ রাসেল হাফেজ মইনুদ্দিন প্রমুখ।