রামপাল (বাগেরহাট) সংবাদদাতা।।
বাগেরহাটের রামপাল উপজেলার দাকোপা গ্রামে একটি গভীর নলকূপের মাথা চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আক্তারুজ্জামান রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দাকোপা গ্রামের আক্তারুজ্জামানের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের সেকেন্দার আলীর দীর্ঘদিন ধরে নলকূপের পানি রাস্তায় ফেলা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১০ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে নলকূপের পানি ফেলা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেকেন্দার আলী ও তার সহযোগী ডালিম শেখ, আশরাফ শেখ ও সদর আলী আক্তারুজ্জামানকে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসে।
পরিস্থিতি বেগতিক দেখে আক্তারুজ্জামান জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি সাময়িকভাবে মীমাংসা হয়।
তবে অভিযোগ রয়েছে, ওই দিন রাতেই অভিযুক্তরা গভীর নলকূপের মাথা ভেঙে নিয়ে যায়। এছাড়া বাড়ির চালের ওপর লাঠিসোঁটা দিয়ে আঘাত করে ভয়ভীতি দেখানো হয় এবং চলে যাওয়ার সময় আক্তারুজ্জামানকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত সেকেন্দার আলীর বক্তব্য জানতে তার বাড়িতে গেলে তাকে কিংবা পরিবারের কাউকে পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে রামপাল থানার ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।











































