Home খেলাধুলা দিঘলিয়ায় তারুণ্যের উৎসব-২০২৫ ফুটবল টুর্নামেন্টে দিঘলিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন

দিঘলিয়ায় তারুণ্যের উৎসব-২০২৫ ফুটবল টুর্নামেন্টে দিঘলিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন

11

দিঘলিয়া প্রতিনিধি।।
দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ রবিবার (১৪ ডিসেম্বর) দিঘলিয়া ওয়াই এম এ ক্লাব খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টা থেকে শুরু হওয়া দুটি সেমিফাইনাল ম্যাচেের প্রথম সেমিফাইনালে দিঘলিয়া ইউনিয়ন একাদশ মুখোমুখি হয় সেনহাটি ইউনিয়ন একাদশের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে দিঘলিয়া ইউনিয়ন একাদশ জয়লাভ করে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিফাইনালে গাজিরহাট ইউনিয়ন একাদশ ও আড়ংঘাটা ইউনিয়ন একাদশ মুখোমুখি হলে গাজিরহাট ইউনিয়ন একাদশ বিজয়ী হয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

এরপর বিকাল ৩টায় অনুষ্ঠিত ফাইনালে দিঘলিয়া ইউনিয়ন একাদশ ও গাজিরহাট ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়। মাঠভর্তি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এই খেলায় দিঘলিয়া ইউনিয়ন একাদশ চমৎকার দলগত পারফরম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ। এ সময় তিনি তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং বলেন, খেলাধুলা যুব সমাজকে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জীবন গঠনে সহায়তা করে। এছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্য থেকে শ্রেষ্ঠ খেলোয়াড়, শ্রেষ্ঠ গোলদাতা ও শ্রেষ্ঠ গোলকিপার-এর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

খেলা পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ তকদির হোসেন, নাজমুল হোসেন, রুমেল বায়জিদ, সাইফুল ইসলাম,রমজান হোসেন ও জাবেদ ওমর ববি। ধারাভাষ্য প্রদান করেন দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান এবং সাংবাদিক ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ।