Home আঞ্চলিক খুলনায় টিসিবি পণ্য আত্মসাতের অভিযোগে বিতর্কে মাহমুদা এন্টারপ্রাইজ

খুলনায় টিসিবি পণ্য আত্মসাতের অভিযোগে বিতর্কে মাহমুদা এন্টারপ্রাইজ

148


স্টাফ রিপোর্টার।।


নগরীর ২নং ওয়ার্ডের টিসিবি ডিলার মেসার্স মাহমুদা এন্টারপ্রাইজের মালিক মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে টিসিবির স্মার্ট কার্ড হোল্ডারদের মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে।


ভুক্তভোগীদের অভিযোগ, একই ওয়ার্ডের স্মার্ট কার্ডধারী সালমা বেগম ও শাহিদা বেগম চলতি বছরের নভেম্বর মাসের জন্য বরাদ্দপ্রাপ্ত টিসিবির চাল, তেল ও ডালসহ নির্ধারিত পণ্য গ্রহণ করতে গেলে ডিলার মো. জসিম উদ্দিন বিভিন্ন অজুহাতে মালামাল প্রদান করেননি। পরে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, তাদের নামে বরাদ্দকৃত মালামাল আগেই তুলে নেওয়া হয়েছে।


ভুক্তভোগীরা জানান, একাধিকবার ডিলারের কাছে গেলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং সন্তোষজনক কোনো উত্তর দেননি। এতে করে দরিদ্র ও নিম্নআয়ের এসব পরিবারের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।


এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন, মেসার্স মাহমুদা এন্টারপ্রাইজের মালিক মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে টিসিবির পণ্য নিয়ে দীর্ঘদিন ধরেই অনিয়মের অভিযোগ শোনা গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে ডিলার পার পেয়ে যাচ্ছেন। তারা অবিলম্বে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


এ প্রসঙ্গে অভিযুক্ত ডিলার মো. জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, ওই গ্রাহক কার্ডের ছায়াকপি নিয়ে পন্য নিতে এসেছিলেন। তাই মালামাল দেয়া হয়নি। মালামাল কেন তুললেন প্রশ্নের উত্তরে তিনি কোন উত্তর দিতে পারেননি।


এদিকে টিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।