Home আঞ্চলিক ৪ বছর পর একমঞ্চে নগর বিএনপির বর্তমান ও সাবেক নেতারা

৪ বছর পর একমঞ্চে নগর বিএনপির বর্তমান ও সাবেক নেতারা

21


স্টাফ রিপোর্টার।।
দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় প্রায় চার বছর পর এক মঞ্চে এলেন খুলনা মহানগর বিএনপি বর্তমান ও সাবেক নেতারা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় মহানগর বিএনপির উদ্যোগে নগরীর শহীদ হাদিস পার্কে গণদোয়া ও মোনাজাতে এ দৃশ্যের দেখা মেলে।

দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথি ছিলেন আগামী সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

বর্তমান মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, শাহরুজ্জামান মোর্তজা, ফখরুল আলম, বেগম রেহানা ঈসা, বদরুল আনাম খান, শের আলম সান্টু, থানার সভাপতি সেখ হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, কাজী মিজানুর রহমান, থানা সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, হাবিবুর রহমান বিশ্বাস, আসাদুজ্জামান আসাদ, মিডিয়া সেলের মিজানুর রহমান মিলটন, সচিব রকিবুল ইসলাম মতি প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে দেশের গণতন্ত্র টিকে থাকে, মানুষ নিরাপদ থাকে। তিনি শুধু একজন নেত্রী নন; তিনি রাষ্ট্রের সার্বভৌমত্বের জীবন্ত প্রতীক। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনেরও প্রতীক।

তার সুস্থতা না থাকা অবস্থায় দেশ ও রাজনীতি কখনো পূর্ণতা পাবে না।


২০২১ সালের ৯ ডিসেম্বর খুলনা মহানগর বিএনপির কমিটি বিলুপ্তির পর থেকে বর্তমান ও সাবেক নেতারা পৃথক অবস্থানে কর্মসূচি পালন করে আসছিলেন।