যশোর অফিস।।
যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জল বিশ্বাস (হাজতি নম্বর-২৮২৪) যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, রাত ৯টার দিকে উজ্জলকে আদালত থেকে কারাগারে নেয়া হয়। সে সময় তিনি অসুস্থ ছিলেন। তার নথিতে উল্লেখ ছিল, তিনি গণপিটুনির শিকার হয়েছেন। পরে তাকে কারা হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও বজলুর রশিদ টুলু জানান, উজ্জ্বল বিশ্বাসের শরীরের বিভিন্ন অংশে চাপা আঘাত ছিল এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছিলো। যেকারণে তার মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে যৌথবাহিনীর অভিযানে উজ্জল বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন পলাশ, আলম ও রাসেলকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ওই ঘটনায় পৃথক তিনটি মামলা করে শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়।











































