ঢাকা অফিস
রাজধানীর জুরাইনে মাদক কারবারিদের গুলিতে সিএনজিচালিত অটোরিকশা চালক পাপ্পু শেখ (২৭) নিহত হয়েছেন বলে দাবি করেছে নিহতের পরিবার। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে জুরাইনের গ্যাস পাইপ এলাকার জব্বারের গলিতে এ ঘটনা ঘটে।
নিহত পাপ্পু শেখ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রামের মন্টু শেখের ছেলে। তিনি জুরাইন মিষ্টির গলিতে পরিবার নিয়ে থাকতেন। পেশায় তিনি সিএনজি অটোরিকশার চালক ছিলেন।
নিহতের ছোট ভাই হৃদয় শেখ জানানা, জুরাইন গ্যাস পাইপ এলাকার জব্বারের গলিতে মাদক কারবারি বাপ্পা তার লোকজন নিয়ে পাপ্পু শেখকে গুলি করেছে। পরে সেখান থেকে পাপ্পুকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী বলেন, সন্ধ্যার দিকে কে বা কাহারা পাপ্পুকে ফোনে দেন। পরে সে বাসা থেকে বের হয়ে যায়। পরে শুনি তাকে গুলি করা হয়েছে। হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) দেব কুমার জানান, সংবাদ শুনে হাসপাতালে এসেছি।
বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।











































