স্টাফ রিপোর্টার।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে খুলনা বিভাগের ১০ জেলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ১০ জেলার মোট ৩৫টি আসনে এবার মোট ভোটার সংখ্যা ১ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ৪৬৯ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৭০ লাখ ৩৪ হাজার ৩৯৪ জন আর মহিলা ভোটার ৭০ লাখ ৪২ হাজার ৯৪০ জন। বিভাগে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। যদিও নির্বাচন অফিস জানিয়েছে, এই তালিকা তফসিলের পূর্ব পর্যন্ত আরও একদফা আপডেট হতে পারে।
বিভাগে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫ হাজার ১৩৩টি, আর ভোট কক্ষের সংখ্যা ২৬ হাজার ৪৬৯টি।
সোমবার (২৪ নভেম্বর) আঞ্চলিক নির্বাচন অফিস এ তথ্য জানায়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের জানিয়েছেন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শেষ পর্যায়ে তাদের।
খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে সবথেকে বেশি ভোটার যশোর জেলায়। ৬টি আসনে এই জেলায় মোট ভোটার ২৪ লাখ ৪৬ হাজার ২৬৬ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ২৪ হাজার ৮৩ জন আর নারী ভোটার ১২ লাখ ২২ হাজার ১৫৯ জন। দ্বিতীয় সর্বোচ্চ ভোটার খুলনা জেলায়। এই জেলার ৬টি আসনে মোট ভোটার ২০ লাখ ৭৮ হাজার ২৫৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৩৩ হাজার ৮৫১ আর নারী ভোটার ১০ লাখ ৪৪ হাজার ৩৭৫ জন।
আসন ভিত্তিক সবথেকে বেশি ভোটার যশোর ৩ আসনে। এই আসনে মোট ভোটার ৬ লাখ ৮ হাজার ৬৯৫ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৫ হাজার ৭৩ জন আর নারী ভোটার ৩ লাখ ৩ হাজার ৬১৩ জন। দ্বিতীয় সর্বোচ্চ ভোটার সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা ২ আসনে। এই আসনে মোট ভোটার ৫ লাখ ৩০ হাজার ৫৮১ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৪ হাজার ১১ জন আর নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৫৬৬ জন।
খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের বলেন, ‘খুলনা বিভাগে আমাদের নির্বাচনের প্রস্তুতি ও অন্যান্য কার্যক্রম আমরা অনেকটা শেষ পর্যায়ে নিয়ে এসেছি। এরইমধ্যে খুলনা বিভাগের ৩৫টি আসনের জন্য আমরা ৫ হাজার ১৩৩টি ভোট কেন্দ্র চূড়ান্ত করেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের মাঠ পর্যায়ে কিছু কাজ থেকে, আমরা এখন ভোট কেন্দ্র প্রস্তুতি নিয়ে কাজ করছি। অনেক ভোট কেন্দ্র সংস্কার করা প্রয়োজন। সেই কাজটি এখন জোরেসোরে চলছে। পাশাপাশি আমাদের জনবলের যে বিষয়টি থাকে পোলিং পার্সন নিয়োগ, সেটাও আমরা সকল দফতর থেকে মাঠ পর্যায়ে থেকে সকল সরকারি বেসরকারি স্বায়ত্ত শাষিত প্রতিষ্ঠান থেকে তালিকা সংগ্রহ করেছি। এবং সেই তালিকা অনুযায়ী তাদেরকে আমরা প্যনেলভুক্ত করেছি। পরবর্তীতে আমরা তাদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবো। ভোটাররা যাতে সুন্দরভাবে গিয়ে ভোট দিতে পারে তার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি শেষপর্যায়ে রয়েছে। আশা করছি খুলনা বিভাগের খুব সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।’











































