স্পোর্টস ডেস্ক
উত্তর লন্ডন ডার্বিতে দাপট দেখিয়ে টটেনহ্যাম হটস্পারকে ৪-১ গোলে হারিয়েছে আর্সেনাল। দলকে শীর্ষে ছয় পয়েন্টের শক্তিশালী লিড এনে দিতে হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছেন এবেরেচি এজে।
ম্যাচের প্রথম ৩৬ মিনিট ছিল সতর্কতার লড়াই-মিকেল আর্তেতার দলকে আক্রমণে প্রায়ই থামিয়ে দিচ্ছিল টটেনহ্যাম। তবে বিরতি আসার আগে ও পরে মাত্র ১০ মিনিটের ঝড়ে তিন গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর্সেনাল।
৩৬ মিনিটে কাছ থেকে গোল করে লিড এনে দেন লেয়ান্দ্রো ত্রোসার্ড। এরপর ৪১ মিনিটে প্রতিদ্বন্দ্বী টটেনহ্যামের সঙ্গে গ্রীষ্মের ট্রান্সফার যুদ্ধ থেকে দলে আনা এজে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবারও জ্বলে ওঠেন এজে। বক্সের ধারে ফাঁকা জায়গা পেয়ে নিচু শটে পোস্টের ভেতর বল পাঠিয়ে দেন, ৩-০ ব্যবধানেই কার্যত ম্যাচের মোড় ঘুরে যায়।
৫৫ মিনিটে হঠাৎ করেই ম্যাচে ফেরার পথ খুঁজে পায় টটেনহ্যাম। মাঝমাঠের কাছে থেকে চমকপ্রদ এক লব শটে আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়াকে পরাস্ত করেন রিশার্লিসন।
দ্বিতীয়ার্ধে কিছুটা চাপ তৈরি করলেও আর্সেনালের ওপর আসলেই বিপদ তৈরি করতে পারেনি স্পারস। বরং ৭৬ মিনিটে আরেকটি নিখুঁত ফিনিশে হ্যাটট্রিক পূর্ণ করেন এজে-যা নিশ্চিত করে আর্সেনালের দাপুটে জয়।
১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে নয় ম্যাচ ধরে লিগে অপরাজিত আর্সেনাল এখন শীর্ষে স্পষ্টভাবেই এগিয়ে। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেলসি। মৌসুমের প্রথম অ্যাওয়ে পরাজয়ের পর ১৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে টটেনহ্যাম।
গ্রীষ্মের ট্রান্সফার সময়ে দুই ক্লাবের টানাপোড়েনের কেন্দ্রবিন্দু ছিলেন এজে। শেষ পর্যন্ত আর্সেনাল তাকে দলে টানায় ক্ষুদ্ধ ছিল টটেনহ্যাম-আর সেই ক্ষতই রোববার আরও গভীর করে দিলেন ইংল্যান্ড আন্তর্জাতিক, নিজের প্রথম উত্তর লন্ডন ডার্বিতেই দুর্দান্ত এক প্রদর্শনী উপহার দিয়ে।
নতুন কোচ থমাস ফ্রাঙ্কের অধীনে এর আগে লিগে অ্যাওয়ে ম্যাচে অপরাজিত ছিল টটেনহ্যাম, আর গোল খেয়েছিল মাত্র তিনটি। তবে ডার্বির প্রথম স্বাদে তিনি দলকে রক্ষণাত্মক কৌশলে সাজালেও এজে-ঝড়ে তা টেকেনি।











































