খুলনাঞ্চল রিপোর্ট
চট্টগ্রাম মহানগর ও জেলায় এক রাতে শ্রমিক দল নেতাসহ তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর কোতোয়ালি এলাকায় একটি, রাঙ্গুনিয়ায় একটি এবং ফটিকছড়ি উপজেলায় একটি হত্যার ঘটনা ঘটে।
খুন হওয়া তিনজন হলেন- রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি আব্দুল মান্নান, মোবাইল সার্ভিসিংয়ের দোকানি আকাশ ঘোষ ও ইলেকট্রিশিয়ান আব্দুল্লাহ আল মাসুদ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার ৬ নম্বর ওয়ার্ডের বুলাইন্নের বাড়ি টেক এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন শ্রমিকদল নেতা আব্দুল মান্নান। স্থানীয় ক্ষেত্রবাজার এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ভিকটিম আবদুল মান্নান চন্দ্রঘোনায় থাকতেন। নিজ বাড়িতে তেমন আসেন না। গতকাল রাতে তার একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। সেখানে না গিয়ে কেন তিনি সরফভাটায় এলেন সেটা পরিবারের সদস্যরাও জানেন না। মান্নান বিদেশে ছিলেন। সরকার পতনের পর দেশে ফিরে আসেন। তবে তার মোবাইলটি পাওয়া যায়নি।
এদিকে পাওনা টাকা চাওয়ার জেরে চট্টগ্রাম মহানগরে ছুরিকাঘাতে খুন হয়েছেন মোবাইল সার্ভিসিংয়ের দোকানি আকাশ ঘোষ। গতকাল রাতে চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার কসাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, আকাশের কাছ থেকে মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করে টাকা বাকি রেখেছিল তার পূর্বপরিচিত সানি। রাতে সেই টাকা চাইতে গেলে আকাশ ও সানির মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সহযোগীদের নিয়ে আকাশকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় সানি।
পূর্বশত্রুতার জেরে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার উত্তর ধুরং এলাকায় খুন হন ইলেকট্রিশিয়ান আব্দুল্লাহ আল মাসুদ। বুধবার রাতে স্থানীয় কয়েকজন পূর্বশত্রুতার জেরে লোহার রড ও লাঠি দিয়ে তার ওপর হামলা চালায়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয়।











































