স্পোর্টস রিপোর্টার
আর্মি স্টেডিয়ামে রোমাঞ্চকর সকালটা আক্ষেপেই কাটলো। এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের আশা জাগিয়েও ভারতের সঙ্গে পারেনি বাংলাদেশ। গতকাল কম্পাউন্ড মিশ্র দ্বৈত ইভেন্টে প্রতিবেশী আরচারদের কাছে ১৫১-১৫৩ ব্যবধানে হেরে স্বাগতিকদের স্বপ্নভঙ্গ হয়। হিমু বাছাড় ও বন্যা আক্তার জুটিকে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। বিকালে কম্পাউন্ড নারী এককে বোঞ্জ জেতেন কুলসুম আক্তার। এবারই প্রথম আরচারির কম্পাউন্ড ইভেন্টে পদক পেল বাংলাদেশ। আরচারির বৈশ্বিক আসরে রিকার্ভে সাফল্য থাকলেও এবার এই ইভেন্টে হতাশ করেছেন স্বাগতিক আরচাররা।
ভারতের পৃথিকা প্রদীপের কাছে সেমিফাইনালে ১৪৫-১৪৪ পয়েন্টে হেরে যান কুলসুম। ব্রোঞ্জের লড়াইয়ে চায়নিজ তাইপের চেন সিকে একই ব্যবধানে হারিয়ে পদক নিশ্চিত করেন তিনি। যদিও লড়াইয়ের শুরুতে পিছিয়ে পড়েন কুলসুম। ২৯-৩০ পয়েন্টে প্রথম সেট জিতে নেন চেন সি। দ্বিতীয় ও তৃতীয় সেটে দুজনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। সমান ২৯ পয়েন্ট পান তারা। পরের সেটে ফের এক পয়েন্টে পিছিয়ে পড়েন কুলসুম। শেষ সেটে তিন পয়েন্টের ব্যবধান গড়ে বোঞ্জ জিতে নেন তিনি।
এর আগে কম্পাউন্ড মিশ্র দ্বৈতের সোনার লড়াইয়ে ভারতের আরচারদের মুখোমুখি হয় বাংলাদেশ। তবে প্রথম সেটে ভারতকে (৩৯/৩৫) ৪ পয়েন্টে এগিয়ে নেন দ্বীপশিখা-অভিষেক ভার্মা জুটি। দ্বিতীয় ও তৃতীয় সেটে বাংলাদেশের পক্ষে এক পয়েন্ট করে (৩৯-৩৮, ৩৯-৩৮) ব্যবধান কমান বন্যা-বাছাড় জুটি। শেষ সেট ৩৮-৩৮ পয়েন্টে সমতা হলে প্রথম সেটের আক্ষেপ নিয়ে রুপা পান। ভারতের পক্ষে মোট পয়েন্ট দাঁড়ায় ১৫১-১৫৩। এশিয়ান আরচারিতে রিকার্ভ ও কম্পাউন্ড মিলে দুটি রুপা জিতেছে বাংলাদেশ। এর আগে ২০২১ সালে রিকার্ভ মিশ্র দ্বৈত থেকে বাংলাদেশ রুপা জিতেছিল। এছাড়া এশিয়ান আর্চারির সব প্রতিযোগিতা মিলে বাংলাদেশের পদক হলো ৫টি। ২০২১ সালে জেতা তিন পদকের বাকি দুটি ছিল রিকার্ভ পুরুষ ও মহিলা বিভাগের ব্রোঞ্জ।
পোডিয়ামে উঠে পদক গলায় জড়ানোর পর কম্পাউন্ড মিশ্র দ্বৈতে রুপা জেতা বন্যা আক্তার বলেন, ‘এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড ইভেন্ট থেকে দেশকে প্রথম পদক এনে দিতে পেরেছি, ভালো লাগছে। স্বর্ণপদক জিততে আমরা চেষ্টা করেছি। এখানে ভাগ্যেরও ব্যাপার থাকে। ভাগ্য আমাদের পাশে ছিল না।’ বন্যার ইভেন্টের সতীর্থ হিমু বাছাড় বলেন, ‘প্রথমবার এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে খেললাম। নার্ভাস ছিলাম না। আমার অভিজ্ঞতা একটু কম। শুরুতেই তাই একটু খারাপ হয়ে গেছে। এই ইভেন্টে প্রথম দেশকে পদক এনে দিতে পারলাম, এটা সামনের পথচলায় আত্মবিশ্বাস যোগাবে।’ চার বছর আগে আরচারি বিশ্বকাপে রিকার্ভে রুপা জিতেছিলেন বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি আরচার রোমান সানা। এই ইভেন্টে অলিম্পিকে সরাসরি খেলেছেন তিনি। এই তালিকায় অন্য নাম সাগর ইসলাম এবারের রিকার্ভ দলে ছিলেন। শুধু তাই নয়, এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী দল মিলে এবার মোট আটজন আরচার রিকার্ভ ইভেন্টে বাংলাদেশের হয়ে খেলেছেন। তবে কেউই পদকের দেখা পাননি। অথচ টুর্নামেন্ট শুরুর আগে রিকার্ভ ইভেন্টকে ঘিরে বড় আশা দেখেছিল বাংলাদেশ। শিষ্যদের এমন পারফরম্যান্সে হতাশ খোদ দেশের আরচারি কোচ মার্টিন ফ্রেডরিক বলেন, ‘সত্যি বলতে রিকার্ভের ফলাফলে আমি অসন্তুষ্ট। ঘরের মাঠে এই ইভেন্টের ভালো ফল হতে পারতো।’ তবে ব্যর্থতার মাঝেই নতুন আলো খুঁজছেন এ জার্মান কোচ। তিনি বলেন, ‘কম্পাউন্ড ইভেন্টে টুর্নামেন্ট শুরুর আগেই সাফল্যের আশা করেছিলাম। তারা সেটি করে দেখিয়েছি। আশা করি, এই ধারা অব্যাহত থাকবে।’
এবারের এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ হচ্ছে দুই মাঠে। জাতীয় স্টেডিয়ামে বাছাইপর্ব এবং পদকের মূল লড়াই হয়েছে আর্মি স্টেডিয়ামে। ভেন্যু বদল হওয়ায় পারফরম্যান্সে ভাটা পড়েছে কিনা এমন প্রশ্নে ফ্রেডরিক বলে, ‘আরচারিতে ভেন্যু বদল হলে খুব বড় সমস্যা হওয়ার কথা না। ভেন্যুর কারণে ফল খারাপ হয়েছে আমি এমনটা বলবো না।’











































