Home আঞ্চলিক চার বন্ধু, এক অনির্বাণ

চার বন্ধু, এক অনির্বাণ

14

খুলনাঞ্চল রিপোর্ট।।


রাজধানী থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে কপোতাক্ষ নদের তীরঘেঁষা এক গ্রাম ‘মাহমুদকাটি’। নব্বই দশকের দিকে সেই গ্রামে ছিল না বিদ্যুতের আলো, শিক্ষার প্রসার। বাপ-দাদার কৃষিতেই ছিল সবার জীবন-জীবিকা।

নদের তীরে আড্ডা দেওয়া চার বন্ধুর এক ভাবনায় হঠাৎ বদলে যায় গ্রামটি। সেখানকার শিক্ষার্থীদের জন্য দাঁড় করানো হয় ছোট একটি পাঠাগার ‘অনির্বাণ’। সেই অনির্বাণ লাইব্রেরি সময়ের হাত ধরে গ্রাম ছাড়িয়ে দেশ-বিদেশে অর্জন করবে স্বীকৃতি ও সম্মান– কে জানত! দেশের অনেক গুণীজন এসে দেখে গেছেন তারুণ্যের এই কীর্তি। পাঠাগারটি এখন শুধু বই পড়ার তীর্থস্থানের মধ্যে বন্দি নেই; হয়ে উঠেছে দক্ষিণবঙ্গের বাতিঘর। পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড দিয়ে অনির্বাণ রূপ নেয় এক সামাজিক আন্দোলনে। আছে নান্দনিক ভবন, বইপ্রেমীর জন্য অতিথিশালা। যুগের সঙ্গে তাল মিলিয়ে অনলাইন-অফলাইনে সদস্য যুক্ত করছে অনির্বাণ।

মামুদকাটির অনির্বাণ:
খুলনা নগর থেকে যেতে হবে ৭০ কিলোমিটার। পাইকগাছা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে পশ্চিমে কপোতাক্ষ নদঘেঁষা এবড়োখেবড়ো ইটের সরু সড়ক। দুপাশজুড়ে ঝোপঝাড় আর বাগান। ফাঁকা ফাঁকা বাড়িঘর। সড়কের পাশে ছোট ছোট দোকান। সাত হাজার মানুষের এ গ্রামের যোগাযোগ ব্যবস্থায় এখনও উন্নয়নের ছোঁয়া লাগেনি। হাতেগোনা কয়েকটি পাকা বাড়ি বাদে টিনের ছাউনি এবং আধাপাকা বাড়িই বেশি। এখন বিদ্যুৎ সুবিধার সঙ্গে বিশুদ্ধ পানির সংকট কেটে গেছে।

শুরুর গল্প:
১৯৯০ সাল। গ্রামটিতে শিক্ষার হার ছিল কম। অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে মাদকের দিকে ঝুঁকছিল উঠতি কিশোররা। ছিল বাল্যবিয়ের হিড়িক। পড়ালেখা ও খেলাধুলার বয়সে গ্রামের নাবালিকা মেয়েরা একান্নবর্তী সংসারের গিন্নি হয়ে উঠত।
চার বন্ধু– জয়দেব কুমার ভদ্র, মানিক ভদ্র, বিশ্বকর্মা ঘোষ ও মৃণাল কান্তি ঘোষের প্রায়ই আড্ডা জমত নদের তীরে। তাদের সবার বয়স তখন সবে ১৮। এর মধ্যে জয়দেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাকি তিন বন্ধু থাকতেন গ্রামেই। গল্পের ছলে জয়দেব গ্রামে পাঠাগার গড়ার কথা বলেন। এতে রাজি তিন বন্ধুও। তবে পাঠাগারের জন্য লাগবে বই, লাগবে ঘর।

গ্রামবাসীর বাড়ি বাড়ি গিয়ে জানাতে শুরু করেন তাদের ভাবনার কথা; চান সহযোগিতা। অনেকেই সাহস দিলেন। এবার পাঠাগারের জন্য মামুদপুর হরিসভা মন্দির কমিটির সম্মতিতে দোচালা একটি কক্ষের ব্যবস্থাও হলো। প্রতিষ্ঠা হলো ‘অনির্বাণ’। ঘর মিললেও বই নেই। আবার গ্রামবাসীর দ্বারে দ্বারে ছুটে যাওয়া। যার কাছে যা বই আছে, দিতে শুরু করলেন। এভাবেই অনির্বাণের শুভ সূচনা।

পাশে দাঁড়ায় গ্রামবাসী:
সময়ের সঙ্গে অনির্বাণ পাঠাগারের কাজের পরিধি বাড়তে থাকে। খরচ মেটাতে এগিয়ে আসেন গ্রামবাসী। গ্রামের প্রত্যেকে ২৫ টাকা দিয়ে পাঠাগারের সদস্য হন। মাসিক চাঁদা দুই টাকা। এদিকে উদ্যোক্তা চার বন্ধুর সামান্য আয়ের প্রায় পুরোটাই দিতেন অনির্বাণে। আবার বাইরে থেকে কেউ মন্দিরে এলে তাদের এই পাঠাগার ঘুরিয়ে দেখিয়ে সামান্য কিছু অর্থ সংগ্রহ করা হতো।

চোখের দৃষ্টিতে অনির্বাণ:
মামুদকাটি গ্রামে গোবিন্দ মন্দিরের পাশে সবুজ গালিচায় ১৪ কাঠা নিজস্ব জমির ছয় কাঠার ওপর চারতলা অনির্বাণ পাঠাগার ভবন। ফাঁকা মাঠে সবুজ গাছ। ভবনে ঢুকতেই বাঁয়ে অফিস কক্ষ। সামনে বড় মিলনায়তন। সিঁড়ি বেয়ে উঠেই দোতলায় বিশাল হলরুমে আলমারির পর আলমারি। তাকে তাকে গল্প, কবিতা, উপন্যাস, ধর্মীয়, নানা ভাষার দেশি-বিদেশি লেখকের বই। পাশে রয়েছে মুক্তিযুদ্ধ, শিশু কর্নার ও আইটি সেন্টার। এর পাশে দুটি কক্ষে অতিথির থাকার ব্যবস্থা। আর তৃতীয় তলায় অতিথিশালা। চতুর্থ তলার কাজ এখনও শেষ হয়নি।
পাঠাগারের উপদেষ্টা কমিটির সদস্য ও সাংবাদিক নিখিল ভদ্র জানান, ২০১৬ সালে নিজস্ব জমি কেনার উদ্যোগ নেওয়া হয়। মূলত ২০১৫ সালে ২৫ বছর পূর্তিতে অনির্বাণ সামাজিক কাজে যুক্ত হতে শুরু করে। বইপ্রেমী গুণীজন সহযোগিতার হাত বাড়ান। এভাবে একতলা, দোতলা থেকে আস্তে আস্তে চারতলা ভবন। পাঠাগারে এলো কম্পিউটার। শুরু হলো গ্রামের ছেলেমেয়েদের বিনামূল্যে কম্পিউটার শেখানোর কাজ। বই পড়ার পাশাপাশি সংস্কৃতিমনা করে তুলতে পহেলা বৈশাখ কিংবা রবীন্দ্র-নজরুলজয়ন্তীতে অনুষ্ঠানও হয়।

সামাজিক কাজেও অবদান:
করোনাকালে অনির্বাণ পাঠাগারের ছাত্র সংসদ এগিয়ে আসে মানবসেবায়। অক্সিজেন সিলিন্ডার বিতরণ থেকে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া, এলাকায় করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিকে দাফন– সবই করেছেন অনির্বাণ পাঠাগারের সদস্যরা। গ্রামের অবহেলিত জনগোষ্ঠীর সাহায্যেও এগিয়ে আসে অনির্বাণ। কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ, ঝড়ের পর পুনর্বাসনে অনির্বাণ পাঠাগার লোকবল ও অর্থ দিয়ে গ্রামবাসীকে সাহায্য করেছে। সহায়তা দেওয়া হয় ২০২০ সালের আম্পান ঝড়-পরবর্তী সময়ে। দেশের বিভিন্ন দুর্যোগেও সহযোগিতার হাত বাড়ায় তারা। এ ছাড়া দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে তাদের মাধ্যমিকের ফলের ওপর ভিত্তি করে এককালীন ১০ হাজার টাকা বৃত্তি দেয় অনির্বাণ। প্রতিবছর শিক্ষক সম্মাননাও দেওয়া হয়।

নিখিল ভদ্র বলেন, মানুষের প্রয়োজনে নিজেদের শুধু পাঠাগারের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারিনি। গ্রামবাসীর প্রয়োজনে, যেমন একজন কৃষক এসে তাঁর ক্ষেতের ফসল কিংবা তাঁর শরীরিক রোগের কথা বলেন ও সহযোগিতা চান। এ ছাড়া যুগের সঙ্গে তাল মেলাতে গ্রামের শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ জরুরি ছিল। এভাবেই ধীরে ধীরে আমরা সামাজিক কাজে জড়িয়ে পড়ি।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, অনির্বাণ পাঠাগার সামাজিক কাজে ব্যাপক অবদান রেখে চলেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। মামুদকাটি গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও উদ্যোগ নেওয়া হবে।

সদস্য ও পরিচালনা:
এখন অনির্বাণের সদস্য সংখ্যা এক হাজার ৫০০। এর মধ্যে রয়েছে সাধারণ সদস্য, দাতা সদস্য ও আজীবন সদস্য। এসব সদস্যের চাঁদার টাকা দিয়েই প্রতিষ্ঠানটি চলছে। সাধারণ সদস্য বছরে এক হাজার টাকা। আজীবন সদস্য ৫০ হাজার টাকা এবং দাতা সদস্য ৫০ হাজার টাকার ঊর্ধ্বে বিভিন্ন সময় অনুদান দেন। গেল তিন বছর অনলাইনে সদস্য হতে পারছেন বইপ্রেমীরা। বর্তমানে ফেসবুক পেজের সদস্য ২৭ হাজার ৫০০। অনলাইনে সদস্যদের বছরে ১০০ টাকা ফি দিতে হয়। বর্তমানে প্রায় ৬২ দেশে থাকা বাংলাদেশিরা অনির্বাণের সদস্য হিসেবে রয়েছেন।
পাঠাগারের সদস্যদের ত্রিবার্ষিক ভোটে নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হয় অনির্বাণ। সদস্যদের ভোটে নির্বাচিত হয় ২১ সদস্যের কমিটি। সেই কমিটিই পাঠাগারের দায়িত্ব পালন করে। এ ছাড়া রয়েছে ১৭ সদস্যের উপদেষ্টা কমিটি। আরও আছে ২০০ সদস্যের ছাত্র সংসদ কমিটি। সব কমিটিই স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছে।

পাঠাগার প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। এ সময় কম্পিউটার সেবা নেওয়া যায়। প্রতিদিন ২৫ থেকে ৩০ জন পাঠক আসেন পাঠাগারে। শুক্র ও শনিবার এ সংখ্যা দ্বিগুণ হয়। সদস্যদের এক সপ্তাহের জন্য বই বাড়িতে নেওয়ার সুযোগ রয়েছে।
রয়েছে অনির্বাণের অতিথিশালায় থাকার ব্যবস্থা। সদস্যদের জন্য নামমাত্র খরচে রাত্রিযাপন করা যায়। তবে সদস্যের বাইরেও থাকার সুযোগ রয়েছে। প্রতি রাতের জন্য এক হাজার টাকা ফি। তবে অবশ্যই কোনো সদস্যের সুপারিশ থাকতে হবে।
পাঠাগারের সভাপতি ও স্কুলশিক্ষক রহিমা আক্তার শম্পা বলেন, প্রতিষ্ঠানে এখন পাঁচ কর্মকর্তা-কর্মচারী। তাদের বেতন, বিদ্যুৎ ও ইন্টারনেট বিল বাবদ প্রতি মাসে ২৫ হাজার টাকা খরচ হচ্ছে। খরচ মেটাতে বিত্তবান ও সরকারের সহযোগিতা প্রয়োজন।

গ্রামবাসীর পাশে:
মামুদকাটি গ্রামের অসহায়, দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসার কথাও ভেবেছে অনির্বাণ পাঠাগার। গ্রামে চালু হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একজন চিকিৎসক বসেন অনির্বাণ পাঠাগারের একটি কক্ষে। ৬০ থেকে ৭০ জনকে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। এ ছাড়া নির্দিষ্ট কিছু ওষুধও দেওয়া হয় বিনামূল্যে।

নিখিল ভদ্র বলেন, এই সেবা শুধু মামুদকাটির মধ্যেই সীমাবদ্ধ নেই। আশপাশের কয়েকটি উপজেলার মানুষও এই সেবা নিচ্ছেন। অনির্বাণের জ্যেষ্ঠ সহসভাপতি বাসু দেব রায় বলেন, পাঠাগারের শুরু থেকে আমি যুক্ত। আমি আনন্দিত ও গর্বিত মানবসেবায় কাজ করতে পেরে।

তারুণ্যের চোখে:
নবম শ্রেণির ছাত্র শুভজিৎ দত্ত জানায়, অনির্বাণ পাঠাগারে নিয়মিত বই পড়ার পাশাপাশি প্রয়োজনীয় বই বাড়িতে নিয়ে আবার ফেরত দিয়ে যায়। এ ছাড়া এলাকার বহু স্কুল-কলেজের দরিদ্র শিক্ষার্থীরা এখানে এসে বই পড়ার সুযোগ পাচ্ছে।
অনির্বাণ পাঠাগারে নাচ-গান ও আর্ট শিখছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ঊষা দেবনাথ। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় সে।
গ্রামের অনিতা রানী জানান, এখানে তারা সেলাই মেশিনে কাজ শিখেছেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরসহ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন ফলদ-বনজ চারাও পেয়ে থাকেন তারা।
পাঠাগারের দপ্তর সম্পাদক পরিতোষ কুমার পাল বলেন, এখন পাঠাগারে আছে প্রায় ২০ হাজার বই। নিয়মিত শিক্ষার্থীরা এখানে বই পড়েন ও নেন।

গুণীজনের পদচারণা:
অনির্বাণের উদ্যোগ দেখতে ২০১৯ সালে এসেছিলেন স্কয়ার গ্রুপের অন্যতম কর্ণধার তপন চৌধুরী। এ ছাড়া কণ্ঠশিল্পী তিমির নন্দী এবং মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, কবি-সাহিত্যিক, মন্ত্রী, সচিব, সাংবাদিক ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাও এসেছেন অনির্বাণে।

চার বন্ধুর অনির্বাণ:
চার বন্ধুর সবার বয়স এখন ৫৫ পেরিয়েছে। জয়দেব ভদ্র চাকরির সুবাদে ঢাকায় বাস করলেও মানিক ভদ্র, মৃণাল ঘোষ ও বিশ্বকর্মা ঘোষ গ্রামেই থাকছেন। মানিক ভদ্র পেশায় কৃষক। তিনি অনির্বাণের সহসভাপতি। কাজের বাইরের পুরো সময়টা কাটে অনির্বাণ ঘিরে। মৃণাল ঘোষের সময় কাটে ওষুধের দোকানে। তবে অনুষ্ঠান বা বিশেষ দিনগুলোয় ঠিকই হাজির থাকেন অনির্বাণে। আরেকজন বিশ্বকর্মা ঘোষ পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যস্ততা থাকলেও নিয়মিত সময় দেন। তারা চারজনই অনির্বাণ পাঠাগারের আজীবন প্রতিষ্ঠাতা সদস্য। ব্যস্ততার মাঝেও চার বন্ধু সময় পেলে ছুটে আসেন অনির্বাণে।

পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য মানিক ভদ্র বলেন, তরুণদের মধ্যে মাদকের প্রভাব ও বাল্যবিয়ের প্রচলন ছিল। এ দুই ভাবনা থেকেই পাঠাগারের বিষয়টি মাথায় আসে। যা স্বপ্ন ছিল, পেয়েছি অনেক বেশি। নানা সামাজিক কাজসহ কৃষি ও পশুপালন বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। আমরা যা স্বপ্ন দেখেছিলাম, তা অনেকটাই পূরণ হয়েছে।-সমকাল