স্টাফ রিপোর্টার।।
খুলনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুব ও ছাত্রলীগের নেতাকর্মীরা মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে দুটি স্থানে ঝটিকা মিছিল করেছে। নগরীর লবনচরা থানার সন্নিকটে সাচিবুনিয়া পাম্মের পাশে বাইপাস সড়কে এবং পাওয়ার হাউজ মোড়ে এ দুটি মিছিলের ঘটনা ঘটে। দ্রুত অভিযানে গিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে লবনচরার সাচিবুনিয়া টেক্সটাইল মিলের পাশে বাইপাস সড়কে প্রায় ৪০-৫০ জন মশাল হাতে ঝটিকা মিছিল বের করে। প্রাথমিকভাবে জানা গেছে, এটি খুলনা জেলা যুবলীগের উদ্যোগে সংগঠিত হয়। খবর পেয়ে লবনচরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন।
এদিকে একই সময় নগরীর পাওয়ার হাউজ মোড়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীও আকস্মিকভাবে ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে সদর থানা ও সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় বলেন, “নিষিদ্ধ সংগঠন আ.লীগের ৮-১০ জন ফেরিঘাট মোড় থেকে মিছিল বের করার চেষ্টা করে। স্থানীয় জনতার সহযোগিতায় খুলনা ও সোনাডাঙ্গা থানা পুলিশ সেখান থেকে তিনজনকে আটক করেছে। আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে নগরীতে পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে। ওই দিন নগরজুড়ে সাদা পোশাকের ডিবি পুলিশ ও মোবাইল টিম মোতায়েন থাকবে।”
কেএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) তাজুল ইসলাম বলেন, “নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইউনিফর্ম পরিহিত পুলিশ, সিটিএসবি সদস্য ও সাদা পোশাকের পুলিশ মাঠে থাকবে। মোবাইল টিম ও চেকপোস্ট সংখ্যা বাড়ানো হয়েছে যাতে কোনো নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন প্রস্তুতির মধ্য দিয়ে ১৩ নভেম্বরকে ঘিরে খুলনা নগরীতে চরম সতর্কতা জারি করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশপথ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশি নজরদারি আরও জোরদার করা হয়েছে।











































