Home আঞ্চলিক জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া ভাগ্য পরিবর্তন হবে না: রকিবুল ইসলাম বকুল

জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া ভাগ্য পরিবর্তন হবে না: রকিবুল ইসলাম বকুল

39


।। খবর বিজ্ঞপ্তি।।
“গত ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে শুধু সরকারের আশ্রয়ে থাকা লুটেরা বাহিনীর”-এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হলে দেশের মানুষের দুঃখ-দুর্দশা লাঘব হবে না।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে খুলনা মহানগরীর ১৫নং ওয়ার্ডের আলমনগর ও মক্কী মাদানি ইউনিটের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বকুল বলেন, “একসময় খুলনার শিল্পাঞ্চল ছিল দেশের অর্থনীতির হৃদপিণ্ড। মিলগুলো সচল ছিল, শ্রমিকরা কাজ পেতেন। কিন্তু বিগত সরকারের আমলে সেই মিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। লুটপাট করে যন্ত্রপাতি বিক্রি করে দেওয়া হয়েছে—যার প্রমাণ নিউজপ্রিন্ট মিল।” তিনি অভিযোগ করে বলেন, এই লুটপাটের মাধ্যমে কেবল সরকারের দখলদার গোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন হয়েছে, সাধারণ মানুষ আরও দারিদ্র্েযর দিকে ঠেলে দেওয়া হয়েছে। বেকারত্ব ও সামাজিক অবক্ষয়ের প্রসঙ্গ টেনে বকুল বলেন, “যেসব বাবা-মা সন্তানদের লেখাপড়া করিয়ে চাকরির স্বপ্ন দেখেছিলেন, সেই তরুণরা আজ বেকার হয়ে মাদকের দিকে ঝুঁকছে। যে পরিবারে মাদক প্রবেশ করেছে, সেই পরিবার ধ্বংস হয়ে গেছে।” তিনি আরও বলেন, “হাজার হাজার শ্রমিক এখন সিএনজি বা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন, অথচ সিটি কর্পোরেশন সেই অটোরিকশাগুলো আটক করে তাদের শেষ সম্বলটুকুও কেড়ে নিচ্ছে। যতদিন মিল-কারখানা চালু না হবে, বেকারদের কর্মসংস্থান না হবে—ততদিন কোনো শ্রমিকের যান আটক করা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।” বর্তমান সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন বকুল। তিনি বলেন, “যে সরকার ভোটের মাধ্যমে আসে না, সে জনগণের সুখ-দুঃখ বোঝে না। জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে।”


বিএনপি ক্ষমতায় এলে খুলনার উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ক্ষমতায় এলে খুলনার সকল বন্ধ মিল-কারখানা পুনরায় চালু করব, বেকার যুবকদের চাকরির সুযোগ তৈরি করব, ঘরে ঘরে মা-বোনদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং সমাজকে মাদকমুক্ত করব।” সভায় সভাপতিত্ব করেন আলমনগর ও মক্কী মাদানি ইউনিটের সভাপতি মো. সাইফ শরীফ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তহুরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন মো. রুহুল কুদ্দুস খান। পরে রকিবুল ইসলাম বকুল খুলনার ৭১-এর রণাঙ্গনের খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন। মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর কমান্ডের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে. এম. আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, শেখ আনসার আলী, মো. নজরুল ইসলাম, মো. আজাদ শেখ, শাহজাহান কমান্ডার, মো. ওয়াহিদুর রহমান ও এস. এম. মজিবর রহমান।