Home জাতীয় র‌্যাব পরিচয়ে ইসলামী ব্যাংকের ৮ লাখ টাকা লুট

র‌্যাব পরিচয়ে ইসলামী ব্যাংকের ৮ লাখ টাকা লুট

31


খুলনাঞ্চল রিপোর্ট
ফেনীতে র‌্যাব পরিচয়ে ইসলামী ব্যাংকের আট লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলার দাগনভূঞা উপজেলার মাতুভুঞা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।
ব্যাংক সূত্র জানায়, আজ সকালে বেকের বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকের জন্য দাগনভূঞা শাখা থেকে আট লাখ টাকা উত্তোলন করেন ব্যাংকের স্টাফ মকবুল আহমদ (৫৬) ও ওয়াসিম উদ্দিন (২৫)। তারা টাকা উত্তোলন করে সকাল সাড়ে ১১টায় ফেনী-নোয়াখালী সড়কের মাতুভুঞা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে আগে থেকে সড়কে প্রাইভেট কারে দাড়িয়ে থাকা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পোশাক পরিহিত চার ব্যক্তি তাদের হাতে হাতকড়া পরিয়ে মুখে কালো কাপড় বেঁধে টাকাসহ প্রাইভেট কারে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে মকবুল আহমদ জানান, তারা আমাদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে হাতকড়া পরিয়ে মুখে কালো কাপড় বেঁধে প্রাইভেট কারে ৮ লাখ ১৭ হাজার টাকাসহ তুলে নেয়। আমরা চিৎকার করলে তারা আমাদের মারধর করে। পরে অজানা একটা জায়গায় আমাদের নামিয়ে দেয়। স্থানীয় এক লোক আমাদের বাঁধন খুলে দিলে তারা আমাদের বলে এটি নোয়াখালীর সেনবাগ এলাকা। পরে স্থানীয়দের সহযোগিতায় আমরা এলাকায় পৌঁছেছি।
ব্যাংকের এজেন্ট মহি উদ্দিন ট্রেডার্সের স্বত্বাধিকারী মহি উদ্দিন জানান, আমার দুজন স্টাফ প্রতিদিনের মতো টাকা উত্তোলন করে নিয়ে আসার পথে র‌্যাব পরিচয় দিয়ে ব্যাংকের টাকাগুলো লুট করে নিয়ে যায়। আমি এ বিষয়ে দাগনভূঞা থানায় অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান জানান, এটি প্রতারক চক্রের কাজ। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সুনাম ক্ষুণ্নের জন্য এসব করছে। এ বিষয়ে ফেনী র‌্যাব কাজ করছে। কোনো অপরাধী অপরাধ করে পার পাবে না।
এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাটি জানার পর পুলিশ কাজ শুরু করে দিয়েছে। আশা করছি অপরাধী দ্রুত আইনের আওতায় আসবে।