যশোর অফিস।।
অনেক আগে থেকেই জনপ্রিয় হয়ে উঠেছে বাড়ির ছাদে চাষাবাদ। এবার ‘শেকড় প্রযুক্তি’তে ছাদে সবজি চাষে বাজিমাত করেছেন যশোরের কৃষিবিদ ইবাদ আলী। প্রায় চার বছরের গবেষণায় সফল হয়েছেন তিনি। কম মাটির ব্যবহারে ছাদ কৃষিতে অধিক ফলনে লাভবান হয়েছেন।
শেকড় প্রযুক্তির মাধ্যমে ছাদে বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ লাভজনক বলে দাবি করেছেন তিনি। ইবাদ আলীর বাড়ির ছাদ যেন দিগন্তজোড়া সবজির খেতে পরিণত হয়েছে। নিজের উদ্ভাবিত শেকড় প্রযুক্তিতে ২২ ধরনের সবজি ও ফল চাষ করেছেন তিনি। তার ছাদ কৃষিতে উৎপাদিত সবজি পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রি করছেন। এই শেকড় প্রযুক্তিতে শুধু ছাদে নয়, জলাবদ্ধ এলাকায় চাষ করেও লাভবান হওয়া সম্ভব বলে দাবি তার।
ইবাদ আলীর শেকড় প্রযুক্তি কী : যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের বাসিন্দা কৃষিবিদ ইবাদ আলী পেশায় সরকারি চাকরিজীবী। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফুড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কৃষি প্রযুক্তির সঙ্গে তার নিবিড় সম্পর্ক দীর্ঘদিনের। তার মতে, শেকড়ের গঠন ও বিন্যাস অনুযায়ী মাটি, পানি, বায়ু, আলো ও খাবারের (সার) সঠিক ব্যবহারের নামই হলো শেকড় প্রযুক্তি।
গাছ মাটির অগভীর অঞ্চল থেকে খাবার গ্রহণ করে। গাছ সাধারণত শেয়ার সিমস্টেম বা সমবায় পদ্ধতিতে খাবার গ্রহণ করে। কিছু গাছের শেকড় মাটির অগভীর অঞ্চল থেকে মূল রোমের মাধ্যমে খাবার নেয়। সাধারণত মূল রোমের সংখ্যা উৎপাদনের সমানুপাতিক। মূল রোমের সংখ্যা যত বেশি হবে, ফসল উৎপাদন তত বেড়ে যাবে। মূল রোমের সংখ্যা বৃদ্ধি করার উপায় হলো পাশে স্পেস বা জায়গা বাড়ানো এবং পরিমিত খাবার, পানি সরবরাহ।
শেকড় প্রযুক্তির মূল কথা হলো-সবজি বীজ বা চারা বেডে রোপণ করতে হবে। ফলের চারা চ্যানেল সিস্টেমে রোপণ করতে হবে। ড্রামে বা টবে রোপণ করা যাবে না। সবজির জন্য মাটির গভীরতা ৪ ইঞ্চি হতে হবে (৬ ফুট বাই ৩ ফুট মাটির গভীরতা ৪ ইঞ্চি) এবং ফলের জন্য মাটির গভীরতা ১০ ইঞ্চি। ফলের টবের ব্যাস কমপক্ষে ৩ ফুট। ফর্মুলা অনুযায়ী মাটিতে সব ধরনের খাদ্যপ্রাণ মেশাতে হবে। পরিমিত সেচ নিয়মিত দিতে হবে। ফলের গাছে চ্যানেল আকারে রোপণ করতে হবে। যে গাছের শেকড়ের জন্য যতটুকু মাটি প্রয়োজন, সেই পরিমাণ মাটি ব্যবহার করতে হবে। একটুও কম বা বেশি নয়। এই পদ্ধতিতে প্রতি বর্গফুট জায়গায় ১২ কেজি মাটি লাগে।
১৮ বর্গফুটের বেডে ৩ দশমিক ৫ বস্তা মাটি লাগে। যার ওজন ১৫৪ কেজি। একটি সাধারণ ড্রামের মাটির সমান। একই মাটি ব্যবহার করে ছাদে ১০ গুণ বেশি ফসল ফলানো সম্ভব। বেডগুলো সুন্দর করে সাজাতে পারলেই ছাদের সৌন্দর্য বেড়ে যায়। হাঁটার জন্য অনেক ফাঁকা জায়গা থাকে। পুষ্টির প্রায় ৯৫ শতাংশ আসে সবজি ও মসলা থেকে, যা ড্রামে বা টবে সম্ভব নয়। ড্রাম বা টব পদ্ধতিতে খরচ বেশি। সেই অনুযায়ী উৎপাদন কম। শেকড় প্রযুক্তিতে ফল বা সবজি রোপণ করলে ফলন দ্বিগুণ হয়।
বাড়ির ছাদ যেন ফসলের মাঠ : যশোর-নড়াইল মহাসড়কের হামিদপুর বাজারের চাঁদপাড়া রোডে ইবাদ আলীর বাড়ির তৃতীয় তলার ছাদে গড়ে তুলেছেন ছাদ কৃষি। বর্তমানে তার ছাদে লাউ, মিষ্টিকুমড়া, বাঁধাকপি, বরবটি, পেঁয়াজ, রসুন, আমড়া, শিম, লেবু, ড্রাগন, কাঁচা মরিচ রয়েছে। পরিবারের সবজি ও মসলার চাহিদা পূরণ করে বিক্রি করছেন। তার এই কাজে সহযোগিতা করেন স্ত্রী ও সন্তান।
ইবাদ আলী বলেন, গতানুগতিক ছাদ কৃষিতে লাভ কম, খরচ বেশি। আমার উদ্ভাবিত শেকড় প্রযুক্তিতে সাশ্রয়ী খরচে কম জায়গায় বেশি উৎপাদন হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক ড. মোশাররফ হোসেন বলেন, ইবাদ আলী শেকড় প্রযুক্তিতে পরিকল্পিতভাবে বাড়ির ছাদে সবজি চাষ করেছেন। তার নতুন চাষ প্রযুক্তির মধ্য দিয়ে কৃষিতে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। শেকড় প্রযুক্তির ওপর তিনি একটি বইও লিখেছেন। যারা শেকড় পদ্ধতিতে ছাদ কৃষি করতে চান, তারা বই পড়ে উপকৃত হবেন।











































