Home আন্তর্জাতিক রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২২৩ সেনা, পাল্টা অভিযোগ পাকিস্তান-আফগানিস্তানের

রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২২৩ সেনা, পাল্টা অভিযোগ পাকিস্তান-আফগানিস্তানের

11

অনলাইন ডেস্ক।।

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে শনিবার (১১ অক্টোবর) রাতে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই দেশের ২২৩ জনের বেশি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ২৩ পাকিস্তানি সেনা বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। সংঘর্ষে আরও ২৯ সেনা আহত হয়েছেন।

অন্যদিকে, পাকিস্তানি সামরিক বাহিনীর দাবি, এই অভিযানে দুই শতাধিক তালেবান ও অন্যান্য সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বস্ত গোয়েন্দা তথ্য ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন অনুযায়ী, দুই শতাধিক তালেবান ও তাদের সহযোগী যোদ্ধা নিহত হয়েছেন, আহতের সংখ্যা আরও অনেক বেশি।’ খবর আল জাজিরার।

বিবৃতিতে আরও বলা হয়, ‘তালেবানদের পোস্ট, ক্যাম্প, সদর দপ্তর ও সহায়তা নেটওয়ার্কে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সীমান্তের বিভিন্ন স্থানে এই ধ্বংসযজ্ঞ কৌশলগত থেকে কার্যকরী গভীরতা পর্যন্ত বিস্তৃত।’

আফগান কর্তৃপক্ষ এর আগে দাবি করেছিল, রাতভর চলা সংঘর্ষে ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তবে পাকিস্তান এই দাবি নাকচ করেছে এবং পাল্টা জানায়, তাদের সেনারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে সফল অভিযান চালিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে আফগান সীমান্তে তালেবান ও পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ বাড়ছে। পাকিস্তান অভিযোগ করছে, আফগান ভূখণ্ড থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও অন্যান্য জঙ্গি গোষ্ঠী নিয়মিতভাবে হামলা চালাচ্ছে। অন্যদিকে, আফগানিস্তান বলছে, পাকিস্তান সীমান্তের অভ্যন্তরে বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করছে।

এই নতুন সংঘর্ষে উভয় দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।