Home স্বাস্থ্য লাল চাল নাকি সাদা চাল, কোনটি বেশি পুষ্টিকর?

লাল চাল নাকি সাদা চাল, কোনটি বেশি পুষ্টিকর?

25

মিলি রহমান।।

বিশ্বজুড়ে স্বাস্থ্য সচেতন মানুষের খাদ্য তালিকায় চাল একটি অপরিহার্য উপাদান। তবে সাম্প্রতিক বছরগুলোতে লাল চালের জনপ্রিয়তা অনেক বেড়েছে। প্রশ্ন হচ্ছে—লাল চাল আর সাদা চালের মধ্যে পার্থক্য কোথায়? পুষ্টিগুণ ও স্বাস্থ্যের দিক থেকে কোনটি শ্রেষ্ঠ? চলুন জেনে নেয়া যাক লাল ও সাদা চালের পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা ও রান্নার পার্থক্য সম্পর্কে।

চালের ধরনগুলো কী কী?

চালের প্রকারভেদ মূলত এর প্রক্রিয়াজাতকরণ ও স্তর অপসারণের ওপর নির্ভর করে। সবচেয়ে প্রচলিত কয়েকটি ধরন হলো।

সাদা চাল: এটি সবচেয়ে বেশি খাওয়া চাল। এর বাইরের খোসা, ব্রান ও জার্ম অপসারণ করা হয়, ফলে এটি নরম ও সাদা দেখায়, কিন্তু এতে পুষ্টি উপাদান তুলনামূলকভাবে কম থাকে।

বাদামি চাল: শুধু বাইরের খোসা সরানো হয়, ফলে ব্রান ও জার্ম স্তর অক্ষত থাকে। এতে ফাইবার, ভিটামিন ও খনিজ বেশি থাকে।

কালো চাল: এর গাঢ় রং আসে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ‘অ্যান্থোসায়ানিন’ থেকে। এতে প্রচুর পুষ্টি থাকে।

লাল চাল: লালচে-বাদামি রঙের এই চালও অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং নানা স্বাস্থ্য উপকারিতা দেয়।

পুষ্টিগত পার্থক্য

লাল চাল ও সাদা চালের পুষ্টিগুণে বেশ পার্থক্য রয়েছে। পুষ্টিবিদ দীপ্তি খাতুজা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রতি ১০০ গ্রাম রান্না করা সাদা চালে প্রায় ১৩০ ক্যালরি, ২৮ গ্রাম কার্বোহাইড্রেট, ২.৭ গ্রাম প্রোটিন, ০.৫ গ্রাম এর কম চর্বি থাকে।

অন্যদিকে প্রতি ১০০ গ্রাম রান্না করা লাল চালে ১১০ থেকে ১৫০ ক্যালরি, ২২ থেকে ২৫ গ্রাম কার্বোহাইড্রেট, ৩ থেকে ৪ গ্রাম প্রোটিন ও ১ থেকে ২ গ্রাম চর্বি। স্পষ্টতই দেখা যায়, লাল চালে প্রোটিন ও পুষ্টিগুণ তুলনামূলক বেশি।

ভিটামিন ও খনিজ উপাদান

লাল চাল: এতে থাকে প্রচুর ফাইবার, লোহা, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। লালচে রঙের উৎস ‘অ্যান্থোসায়ানিন’ নামের যৌগটি হৃদরোগ, ডায়াবেটিস ও প্রদাহ প্রতিরোধে সহায়ক।

সাদা চাল: ব্রান ও জার্ম অপসারণের ফলে এর ফাইবার ও খনিজ কমে যায়। তবে অনেক সময় এতে ফোলিক অ্যাসিড বা বি-ভিটামিন যুক্ত করে বাজারজাত করা হয়।

ফাইবার ও গ্লাইসেমিক সূচক

লাল চালে উচ্চ ফাইবার থাকায় এটি হজমে সহায়তা করে, দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

সাদা চালে কম ফাইবার থাকার কারণে এটি দ্রুত হজম হয় এবং রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় যা ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ নয়।

লাল চালের স্বাস্থ্য উপকারিতা

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়: অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ উপাদান ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক: নিম্ন গ্লাইসেমিক সূচক রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে।
হজমে সহায়তা করে: উচ্চ ফাইবার কোষ্ঠকাঠিন্য রোধ করে এবং অন্ত্রের কার্যকারিতা উন্নত করে।
ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে: বেশি সময় পেট ভর্তি রাখায় অতিরিক্ত খাবার গ্রহণ কমে।
হৃদরোগ প্রতিরোধে সহায়ক: এতে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
হাড় মজবুত রাখে: এতে থাকা ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্য ভালো রাখে।

সাদা চালের উপকারিতা

যদিও লাল চাল বেশি পুষ্টিকর, সাদা চালেরও কিছু ইতিবাচক দিক আছে

দ্রুত শক্তি সরবরাহ করে: উচ্চ কার্বোহাইড্রেটের কারণে এটি তাৎক্ষণিক শক্তির উৎস, যা খেলোয়াড়দের জন্য উপকারী।
সহজে হজমযোগ্য: অসুস্থতা থেকে সেরে ওঠা বা সংবেদনশীল পাচনতন্ত্রের মানুষের জন্য এটি ভালো বিকল্প।

লাল চাল রান্নার সহজ উপায়

চাল এক ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। ১ কাপ চালের জন্য ৪ কাপ পানি নিন। পানি ফুটে উঠলে চাল দিন এবং কম আঁচে প্রায় ২০ মিনিট সিদ্ধ করুন। পানি ঝরিয়ে কাঁটাচামচ দিয়ে নেড়ে দিন। এটি ভাত, সালাদ, স্টির-ফ্রাই বা হেলদি বোলের অংশ হিসেবে পরিবেশন করা যায়।