Home আঞ্চলিক আত্মীয়দের জন্য হরিণের মাংস প্যাকেট করছিলেন সেলিম, অতঃপর…

আত্মীয়দের জন্য হরিণের মাংস প্যাকেট করছিলেন সেলিম, অতঃপর…

43


কয়রা প্রতিনিধি।।
খুলনার কয়রায় ৪৪ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করেছে নৌবাহিনী ও পুলিশ।  বৃহস্পতিবার (৯ অক্টোবর) গভীর রাতে কয়রা উপজেলার ৬ নম্বর কয়রা গ্রামে এ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে দুটি প্লাস্টিকের ঝুড়িতে হরিণের মাংস পলিথিনে মুড়িয়ে রাখছিলেন সেলিম হাওলাদার। আত্মীয়দের কাছে ভোরের আগেই মাংস পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় নৌবাহিনী ও পুলিশের যৌথ দল সেখানে উপস্থিত হয়।হাতেনাতে ধরা পড়েন সেলিম। তার বাড়ি থেকে ৪৪ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

 
কয়রায় নিয়োজিত নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ সেলিমকে গ্রেপ্তার করা হয়। অভিযানে কয়রা থানার পুলিশও অংশ নেয়। পরে জব্দ করা মাংস ও আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

কয়রা থানার উপপরিদর্শক (এসআই) তারেক মাহমুদ বলেন, এলাকাটি সুন্দরবন–সংলগ্ন হওয়ায় বন্য প্রাণী শিকার প্রায়ই ঘটে। গোপন তথ্য পেয়ে রাতে অভিযান চালানো হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম হাওলাদার জানান, তার কয়েকজন আত্মীয় হরিণের মাংস খেতে চেয়েছিলেন। তাই স্থানীয় শিকারিদের কাছ থেকে মাংসটি কেনেন তিনি।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বলেন, আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশ অনুযায়ী উদ্ধার করা মাংস বিনষ্ট করা হবে। অপরাধ দমনে অভিযান চলবে।