Home আঞ্চলিক উঁচু স্থানে আশ্রয়কেন্দ্র নির্মাণের নির্দেশ উপদেষ্টা ফারুক ই আজমের

উঁচু স্থানে আশ্রয়কেন্দ্র নির্মাণের নির্দেশ উপদেষ্টা ফারুক ই আজমের

7

স্টাফ রিপোর্টার।।


দুর্যোগকালে মানুষের দুর্ভোগ কমাতে সরকার নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।


তিনি বলেন, অতীতে অনেক আশ্রয়কেন্দ্র নিচু ও বন্যাপ্রবণ এলাকায় নির্মাণ হওয়ায় সেগুলো দুর্যোগের সময় কার্যকর ভূমিকা রাখতে পারেনি। তাই এবার প্রকৃত প্রয়োজন বিবেচনা করে উঁচু স্থানে ও উপযোগী স্থানে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর এবং চটচটিয়া শিবনগর খেয়াঘাট এলাকায় নির্মাণাধীন আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা ফারুক ই আজম বলেন, ‘জনগণের জন্য সুবিধাজনক স্থানে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে হবে। যেসব স্থানে সঠিকভাবে স্থান নির্ধারণ হয়নি, সেসব প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হবে। নির্মাণাধীন আশ্রয়কেন্দ্রগুলোর উপযোগিতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও জানান, এখন থেকে তিনতলা বিশিষ্ট আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হচ্ছে—যেখানে দুর্যোগকালে দ্বিতীয় তলায় নারী ও শিশু এবং তৃতীয় তলায় পুরুষরা অবস্থান করবেন। পাশাপাশি, দুর্যোগের সময় ছাড়া এই ভবনগুলো জনস্বার্থে ব্যবহার করা যাবে বলেও উল্লেখ করেন তিনি।

২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সব নির্মাণাধীন আশ্রয়কেন্দ্রের কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা ফারুক ই আজম। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় নির্মাণাধীন আশ্রয়কেন্দ্রের কাজও পরিদর্শন করেন।