স্টাফ রিপোর্টার।।
খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া এলাকায় ঢাকী নদীর প্রবল স্রোতে ভেঙে যাওয়া বেড়িবাঁধটি তিনদিনের টানা প্রচেষ্টায় অবশেষে মেরামত করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতভর কাজ করে শুক্রবার (১০ অক্টোবর) ভোরে জোয়ারের আগে বাঁধটির মেরামত সম্পন্ন হয়।
ফলে নতুন করে নদীর পানি আর প্রবেশ করছে না, তবে এখনো অন্তত তিনটি গ্রাম পানির নিচে রয়েছে। ভাঙনের কারণে প্লাবিত এলাকাগুলোতে পানিবন্দি মানুষের দুর্ভোগ অব্যাহত রয়েছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া এলাকায় ঢাকী নদীর পানির তোড়ে প্রায় ২০০ ফুট এলাকা জুড়ে বাঁধটি ভেঙে যায়। এতে উত্তর কামিনীবাসিয়া, নিশানখালী, আড়াখালী, দক্ষিণ কামিনীবাসিয়া, ভাদলা বুনিয়া, মশামারী, গড়খালী ও কাকড়া বুনিয়াসহ নয়টি গ্রাম প্লাবিত হয়। ঘরবাড়ি, মাছের ঘের, সবজির খেত ও ফসলি জমি তলিয়ে যায়।
স্থানীয় কৃষক আবদুল হালিম বলেন, আমার তিন বিঘা জমির আমন ধান পানিতে নষ্ট হয়ে গেছে। ঘেরের সব মাছও ভেসে গেছে। এখন পানি নামবে কবে, সেই চিন্তায় দিন কাটছে।
আরেক বাসিন্দা মমতাজ বেগম বলেন, তিনদিন ধরে আমরা নিজেরাই বাঁধে বালির বস্তা ফেলেছি। এখন নতুন করে পানি ঢোকা বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু ঘরে পানি ওঠে আছে। রান্না করতে পারছি না, ছোট বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ছে।
পানি উন্নয়ন বোর্ডের খুলনার নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, স্থানীয় মানুষের সহযোগিতায় আমাদের কর্মকর্তারা রাতদিন কাজ করে বাঁধটি মেরামত সম্পন্ন করেছেন। আমরা এলাকাবাসীর সহায়তার জন্য কৃতজ্ঞ। দ্রুত সময়ের মধ্যেই এখানে একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা নেয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে এমন ভাঙন আর না ঘটে।
এ ঘটনায় প্রায় তিন হাজার বিঘা জমির আমন ধান, শত শত মাছের ঘের ও সবজির খেত পানির নিচে তলিয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ শত কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১৬০ পরিবারের মাঝে শুকনো খাবার ও ১২০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হবে।
স্থানীয়রা জানিয়েছেন, ঢাকী নদীর পানি বাড়লেই প্রায় একই জায়গায় বাঁধ ভাঙে, কিন্তু স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়া হয় না। তারা দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন।











































