স্টাফ রিপোর্টার।।
শারীরিকভাবে তেমন একটা ভালো নেই অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তিনি অ্যামেলোব্লাস্টোমা-তে আক্রান্ত। যার ফলে চোয়াল ও ঘাড়ের কাছে টিউমার আকৃতি দেখা যায়। এই রোগ থেকে আরোগ্য লাভের জন্য শরীরে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্ট দিয়ে অস্ত্রোপচারের কথা জানিয়ে দোয়া চেয়েছেন ‘কাঠবিড়ালী’খ্যাত এই অভিনেত্রী। স্পর্শিয়া লেখেন, আমার অ্যামেলোব্লাস্টোমা ধরা পড়েছে এবং গত কয়েকদিন ধরে অস্ত্রোপচারের আগের চিকিৎসা চলছিল।
গত মঙ্গলবার নির্ধারিত সময় অনুযায়ী অস্ত্রোপচার করা হয়েছে। এই মুহূর্তে আমি যোগাযোগ করতে বা আমার ফোন ধরতে পারছি না। স্পর্শিয়া বলেন, কাজের সঙ্গে সম্পর্কিত যেকোনো সমস্যার জন্য, দয়া করে হোয়াটসঅ্যাপে একটি বার্তা দিন। জ্ঞান ফিরে পাওয়ার পর আমি রেসপন্স করবো। সফল অস্ত্রোপচার এবং দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে আমাকে প্রার্থনায় রাখার জন্য বিনীত অনুরোধ করছি। এদিকে জানা গেছে, স্পর্শিয়ার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে, কয়েকদিন বিশ্রামে থাকতে হবে তাকে। এরপর থেকে ধীরে ধীরে কাজে ব্যস্ত হবেন তিনি।











































