Home স্বাস্থ্য জরায়ুর টিউমার থেকে সুরক্ষা

জরায়ুর টিউমার থেকে সুরক্ষা

10


ডা. পবিনা আফরোজ পারভীন।।

জরায়ুর টিউমার একটি অ-ক্যানসারজনিত বৃদ্ধি, যা সাধারণত জরায়ুর পেশির মোটা প্রাচীর থেকে সৃষ্টি হয়। এটিকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলে ফাইব্রয়েড টিউমার বা মায়োমা। এটি একাধিক বা একটিমাত্র হতে পারে। যেহেতু এটি ক্যানসার নয়, তাই অনেক ক্ষেত্রে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। তবে উপসর্গ থাকলে তা অবহেলা করা উচিত নয়। জরায়ুর টিউমার সাধারণত প্রজননক্ষম নারীর মধ্যে বেশি দেখা যায়। পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ নারী জীবনের কোনো না কোনো পর্যায়ে এ টিউমারে আক্রান্ত হতে পারেন।

অনেক সময় এই টিউমার কোনও উপসর্গ ছাড়াই শরীরে থেকে যায় এবং অন্য কারণে পেটের আল্ট্রাসনোগ্রাম করানোর সময় ঘটনাক্রমে ধরা পড়ে, যাকে বলা হয় ‘ইনসিডেন্টাল ডায়াগনোসিস’। তবে অনেক সময় এটি বিভিন্ন লক্ষণের মাধ্যমে প্রকাশ পায়। যেমনÑ মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত, রক্তক্ষরণের ফলে রক্তশূন্যতা ও দুর্বলতা, তলপেটে চাকা অনুভব হওয়া, নিচের পেটে ব্যথা, গর্ভপাত বা এমনকি বন্ধ্যত্ব। এই টিউমারের সুনির্দিষ্ট কোনও কারণ জানা না গেলেও গবেষণায় দেখা গেছে, নারীদেহে ইস্ট্রোজেন হরমোনের আধিক্য এর একটি প্রধান কারণ হতে পারে। এছাড়া বংশগত কারণ, অতিরিক্ত ওজন, হাইপোথাইরয়ডিজম (অর্থাৎ থাইরয়েড হরমোনের ঘাটতি) এ রোগের ঝুঁকি বাড়াতে পারে। জরায়ুর টিউমার সাধারণত এর অবস্থান অনুযায়ী তিন ধরনের হয়ে থাকে। যেমনÑ ইন্ট্রাম্যাসকুলার, যা জরায়ুর পেশির ভেতরে থাকে; সাবসেরাস, যা জরায়ুর বাইরের পৃষ্ঠে গজায় এবং সাবমিউকোসাল, যা জরায়ুর ভেতরের আস্তরণের নিচে গঠিত হয়। রোগ নির্ণয়ের জন্য সাধারণত তলপেটের আল্ট্রাসনোগ্রাম করানো হয়। তবে প্রয়োজনে আরও উন্নত পদ্ধতি, যেমনÑ এমআরআই (চৌম্বক রেজোন্যান্স ইমেজিং) বা হিস্টেরোস্কোপি (জরায়ুর ভেতর দেখার প্রক্রিয়া) ব্যবহার করা হয়। চিকিৎসা নির্ভর করে টিউমারের আকার, সংখ্যা, অবস্থান এবং রোগীর বয়স ও সন্তান নেওয়ার পরিকল্পনার ওপর। প্রাথমিক পর্যায়ে ওষুধের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়, যার মধ্যে গনাডোট্রপিন রিলিজিং হরমোন (এহজঐ) থেরাপি অন্যতম। ব্যথা থাকলে ব্যথানাশক ওষুধ (যেমনÑ এনএসএআইডি) ব্যবহার করা হয়। টিউমার যদি বড় হয় বা উপসর্গ বেশি হয়, তাহলে ছোটখাটো অস্ত্রোপচার করা যেতে পারে। যেমনÑ জরায়ুর ধমনী এম্বোলাইজেশন, এমআরআই-গাইডেড ফোকাসড আল্ট্রাসাউন্ড সার্জারি (যা অপ্রচলিত পদ্ধতিতে করা যায়) বা এন্ডোমেট্রিয়াল অ্যাব্লেশন।

তবে কখনও কখনও বড় সার্জারির প্রয়োজন হয়। দুই ধরনের বড় সার্জারি রয়েছেÑ প্রথমটি হলো, মায়োমেকটমি, যেখানে কেবল টিউমারটি ফেলে দিয়ে জরায়ু অক্ষত রাখা হয়, যাতে রোগী ভবিষ্যতে সন্তান ধারণ করতে পারেন। দ্বিতীয়টি হলো, হিস্টেরেকটমি, যেখানে সম্পূর্ণ জরায়ু অপসারণ করা হয়। ফলে সন্তান ধারণের সম্ভাবনা থাকে না। এই টিউমার কিছু জটিলতা তৈরি করতে পারে। যেমনÑ গর্ভপাত বা বন্ধ্যত্বের ঝুঁকি, তীব্র তলপেট ব্যথা, ঘন ঘন প্রস্রাবের চাপ, অতিরিক্ত রক্তপাতের কারণে রক্তশূন্যতা ও হার্টের কার্যক্ষমতা হ্রাস, এবং দীর্ঘ সময় (আগে যেটা ছিল) থাকায় টিউমারে কোষের অবক্ষয় (ডিজেনারেশন) ঘটতে পারে এবং বিরল ক্ষেত্রে তা ইউটারাইন সারকোমা ক্যানসারে রূপ নিতে পারে। জরায়ুর টিউমার প্রতিরোধে ওজন নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত ব্যায়াম করা, সুষম খাদ্য গ্রহণ, দুশ্চিন্তামুক্ত থাকা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত।

লেখক : স্ত্রীরোগ, প্রসূতি ও স্ত্রীরোগ ক্যান্সার এবং ল্যাপারোস্কোপিক সার্জন

চেম্বার : আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা। হটলাইন : ১০৬৭২