ডা. মো. তালহা চৌধুরী।।
বর্তমান সময়ে বাংলাদেশে ডায়াবেটিস একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত। পরিসংখ্যান অনুযায়ী দেশে এক কোটিরও বেশি মানুষ এ রোগে আক্রান্ত। ডায়াবেটিকদের মধ্যে প্রতি ছয়জনে অন্তত একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে পায়ে ক্ষতের সমস্যায় ভোগেন। দুঃখজনক হলেও সত্য, অনেকে এ ক্ষত গুরুত্ব দিতে চান না। ফলে সামান্য সমস্যা থেকে গুরুতর সংক্রমণ ঘটে। অথচ একটু সচেতনতা এবং প্রতিদিন পায়ের যত্ন নিলে এ ভয়াবহ জটিলতা প্রতিরোধ করা সম্ভব।
ডায়াবেটিসজনিত পায়ের সমস্যার পেছনে কয়েকটি কারণ দায়ী। প্রথমত, নিউরোপ্যাথি। পা ব্যথা, ফোস্কা বা কাটা লাগার বিষয়টি অনেক সময় রোগীর বোধগম্য হয় না। এতে করে ক্ষত গভীর হয়, তার অজান্তে সংক্রমণ ছড়িয়ে পড়ে। দ্বিতীয়ত, ডায়াবেটিস রক্তনালির কার্যকারিতা ব্যাহত করে। ফলে রক্ত সঞ্চালন কমে যায়। যেকোনো ক্ষত বা কাটা শুকাতে দীর্ঘ সময় লাগে, কখনও কখনও শুকায় না। তৃতীয়ত, ডায়াবেটিস রোগীর শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় সামান্য আঘাত বা ছত্রাকজনিত সংক্রমণও ভয়াবহ রূপ নেয়। দীর্ঘমেয়াদে এসব অবহেলা অঙ্গহানির ঝুঁকি বহুগুণে বাড়িয়ে তোলে। আশার কথা হলো, প্রতিদিনের কিছু নিয়মিত যত্ন ও কিছু সাধারণ সচেতনতা অনুসরণ করলেই ডায়াবেটিক ফুটের জটিলতা থেকে নিজেকে রক্ষা করা যায়। এজন্য ডায়াবেটিস রোগীকে প্রতিদিন তার পা, বিশেষ করে কোনো ফোস্কা, কাটা, দাগ বা ফোলাভাব রয়েছে কি না, তা খেয়াল করতে হবে। বয়স বা স্থূলতার কারণে নিজে দেখে ওঠা সম্ভব না হলে আয়নার সাহায্য নিন। প্রতিদিন হালকা গরম পানি ও হালকা সাবান দিয়ে পা ধুয়ে ফেলতে হবে। ধোয়ার পর আঙুলের ফাঁকসহ পুরো পা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। কারণ আর্দ্রতা ফাঙ্গাল ইনফেকশনের বড় কারণ হতে পারে। ত্বক শুষ্ক হয়ে গেলে সেখানে ফাটার আশঙ্কা থাকে। তাই পা নরম রাখতে নিয়মিত ময়েশ্চারাইজার বা ভ্যাসলিন ব্যবহার করা যেতে পারে। তবে তা আঙুলের ফাঁকে দেবেন না। নখ কাটা নিয়েও সতর্ক থাকা প্রয়োজন। নখ সোজা করে কাটা উচিত। নইলে নখ গেঁথে গিয়ে ইনফেকশন হতে পারে। পাশাপাশি রোগীর এমন জুতা পরা উচিত, যা পায়ের গঠন অনুযায়ী আরামদায়ক, নরম ও যথাযথ মাপের হয়। তুলার মোজা পরতে পারেন। বাড়ির ভেতর বা বাইরে হোক, খালি পায়ে হাঁটা যাবে না। পায়ের রক্ত চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করতে হবে। এছাড়া অতিরিক্ত গরম পানিতে পা ডুবিয়ে রাখা, ব্লেড বা ধারালো যন্ত্র দিয়ে নখ বা শক্ত চামড়া কাটা যাবে না। যদি পায়ের ক্ষত দুদিনের বেশি সময়েও না শুকায় কিংবা পা ফুলে যায়, লালচে দাগ দেখা দেয়, আঙুল কালচে হয়ে যায় বা ঠান্ডা অনুভূত হয়, হাঁটার সময় ব্যথা বা জ্বালাপোড়া করে কিংবা ক্ষত থেকে দুর্গন্ধ বা পুঁজ বের হয়, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ডায়াবেটিসজনিত জটিলতা প্রতিরোধে চিকিৎসকের পরামর্শ সর্বদা মনে রাখা জরুরি। যেমনÑ বছরে অন্তত একবার পায়ের পূর্ণাঙ্গ পরীক্ষা করানো, রক্তে শর্করার মাত্রা নিয়মিত পরীক্ষা ও নিয়ন্ত্রণে রাখা, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা, ধূমপান পরিহার করা উচিত। ধূমপান রক্তনালির সংকোচন ঘটিয়ে পায়ের রক্ত চলাচল বাধাগ্রস্ত করে। সব মিলিয়ে বলা যায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণযোগ্য রোগ হলেও অবহেলা করলে এর জটিলতা ভয়ানক হতে পারে। তাই সচেতন হোন।
লেখক : কনসালট্যান্ট, ফ্যামিলি মেডিসিন
চেম্বার : আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা
হটলাইন : ১০৬৭২, ০৯৬৭৮৮২২৮২২











































