Home খেলাধুলা বিসিবি নির্বাচন অক্টোবরে

বিসিবি নির্বাচন অক্টোবরে

10


স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে। সুনির্দিষ্ট তারিখ চূড়ান্ত করবে নির্বাচন কমিশন, যা গঠনের দায়িত্ব পেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আজ সোমবার সিলেটে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম এ তথ্য জানান। তিনি বলেন, `নির্বাচন কমিশনের সদস্যদের নাম এখনও নির্ধারিত হয়নি। সভাপতি সেই দায়িত্ব পেয়েছেন। গঠনতন্ত্র অনুযায়ী, তিন সদস্যের একটি কমিশন গঠিত হবে। দু-এক দিনের মধ্যেই হয়তো আমরা নামগুলো জেনে যাব।‘

তিনি আরও জানান, নির্বাচন কমিশনে কারা থাকবেন, কোন পটভূমি থেকে নির্বাচিত হবেন—সে সম্পর্কেও নির্দিষ্ট গাইডলাইন রয়েছে।

বিসিবির পরিচালনা পর্ষদে মোট সদস্য ২৫ জন। এর মধ্যে ২৩ জন নির্বাচিত হন কাউন্সিলরদের ভোটে। ২ জন মনোনীত হন জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে। এই ২৫ জন পরিচালক ভোটের মাধ্যমে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করেন।

এক সময় বিসিবি সভাপতির দায়িত্ব আসত সরাসরি সরকারি মনোনয়নে। ২০১২ সালে আ হ ম মুস্তফা কামাল আইসিসি প্রেসিডেন্ট হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন নাজমুল হাসান পাপন, যিনি ছিলেন সরকারের মনোনীত প্রতিনিধি।

২০১৩ সালে গঠনতন্ত্র সংশোধনের পর অনুষ্ঠিত হয় বিসিবির প্রথম নির্বাচন—সেই নির্বাচনে সভাপতি নির্বাচিত হন পাপনই। এরপর ২০১৭ ও ২০২১ সালেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি।