আন্তর্জাতিক ডেস্ক।।
ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে চলছে আফটারশকের প্রকোপ। শক্তিশালী ভূমিকম্পের পর ৯টি আফটার শক অনুভূত হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, আগামী দুইদিন পর্যন্ত এই আফটারশক অনুভূত হতে পারে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন অনুভূত হয়। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে কমপক্ষে ৮০০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৮০০ জনেরও বেশি। ভূকম্পনের কারণে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে একাধিক গ্রাম।
ভূমিকম্পে হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাকিস্তানের ভূকম্পন কেন্দ্রের পরিচালক নাজিব আহমেদ বলেছেন, রবিবারের ভূমিকম্পের পর তারা অন্তত ৯টি আফটারশক রেকর্ড করেছেন। আগামী দুইদিন এই কম্পন চলতে পারে।











































