আন্তর্জাতিক ডেস্ক।।
আবারও মুখোমুখি অবস্থানে এসেছে জাতিসংঘ ও ইসরায়েল।গাজায় চলমান দুর্ভিক্ষ নিয়ে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহার করতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছে ইসরায়েল। তাদের দাবি, এই প্রতিবেদন অসত্য ও পক্ষপাতদুষ্ট। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গাজায় দুর্ভিক্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। ইসরায়েলের অবরোধ ও হামলায় মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি হওয়ায় আরও ১০ জন ক্ষুধায় মারা গেছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধাজনিত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১৩ জনে, যাদের মধ্যে ১১৯ শিশু।
জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে পাঁচ লাখেরও বেশি মানুষ অনাহার, দারিদ্র্য ও মৃত্যুর মুখে রয়েছে। সেপ্টেম্বরের শেষে এ সংখ্যা ৬ লাখ ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে। গাজায় কার্যত কেউ ক্ষুধার প্রভাবের বাইরে নেই।’
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আন্ডারসেক্রেটারি জেনারেল টম ফ্লেচার বলেন, ‘গাজায় দুর্ভিক্ষে আমরা সবাই উদ্বিগ্ন। ’ তিনি বলেন, জাতিসংঘকে কৌশলে গাজা থেকে বের করে না দিলে এই দুর্ভিক্ষ এড়নো সম্ভব হতো।
ফ্লেচার বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে। সীমান্তে প্রচুর ত্রাণ অপেক্ষা করছে। কিন্তু গাজায় তা পৌঁছাচ্ছে না। এটা সবার জন্যই লজ্জার।











































