Home খেলাধুলা যে অভিযোগে জাপান সফর বাতিল করল বার্সা

যে অভিযোগে জাপান সফর বাতিল করল বার্সা

20


স্পোর্টস ডেস্ক।।

জাপানে প্রাক-মৌসুমের নির্ধারিত প্রীতি ম্যাচ প্রচারকারী প্রতিষ্ঠানের চুক্তিভঙ্গের কারণে বাতিল করেছে বার্সেলোনা। পাশাপাশি, একই কোম্পানির সঙ্গে চুক্তি থাকায় অনিশ্চয়তায় পড়েছে কাতালান ক্লাবটির দক্ষিণ কোরিয়া সফরও।

আগামী রবিবার জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বার্সেলোনার। পাশাপাশি সূচি অনুযায়ী, ৩১ জুলাই দক্ষিণ কোরিয়ার সিউল এফসি ও ৪ আগস্ট দেগু এফসির বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল স্প্যানিশ চ্যাম্পিয়নদের।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, গুরুতর চুক্তিভঙ্গের ঘটনায় তারা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

‘প্রচারকারী প্রতিষ্ঠানের চুক্তিভঙ্গের ফলে আগামী রোববার জাপানে ভিসেল কোবের বিপক্ষে প্রীতি ম্যাচটি বাতিল করতে বাধ্য হয়েছে ক্লাব। তবে, দক্ষিণ কোরিয়ার দুটি ম্যাচ এখনও আলোচনার আওতায় রয়েছে। যদি কোম্পানিটি চুক্তির নির্দিষ্ট শর্ত পূরণ করে, তাহলে সফরের সেই অংশটি এগিয়ে নেওয়া হতে পারে।’

বার্সেলোনা আরও জানায়, ‘এই সিদ্ধান্তের ফলে জাপানের অসংখ্য সমর্থকের মনে যে কষ্টের সৃষ্টি হবে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

অন্যদিকে, ম্যাচ আয়োজক জাপানি ক্লাব ভিসেল কোবও তাদের অবস্থান ব্যাখ্যা করে বিবৃতি দিয়েছে, ‘ম্যাচটি বাতিল হওয়ায় আমরা দুঃখিত ও লজ্জিত। যারা এই ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।’

এখন দেখা যাক, প্রচারকারী প্রতিষ্ঠান চুক্তির শর্ত পূরণ করতে পারে কিনা, আর সেই সঙ্গে বার্সেলোনা দক্ষিণ কোরিয়া সফরে যেতে পারে কি না—তা নির্ধারিত হবে আগামী কয়েকদিনের মধ্যেই।