Home খেলাধুলা সাবেক ক্রিকেটার মীর বেলায়েত হোসেনের মৃত্যু

সাবেক ক্রিকেটার মীর বেলায়েত হোসেনের মৃত্যু

37


স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার-ব্যাটার মীর বেলায়েত হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সন্ধ্যায় ময়মনসিংহে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তার মৃত্যু নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৯৭৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন বেলায়েত হোসেন। ১৯৭৯ সালের আইসিসি ট্রফিতে অংশ নেওয়া দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। দেশের ক্রিকেটে উইকেটকিপার-ব্যাটার হিসেবে ছিলেন সম্মানিত এক নাম।

ক্লাব পর্যায়ে আবাহনী, কালাবাগান, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং ধানমণ্ডি ক্লাবের হয়ে খেলেছেন তিনি। জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে খেলেছেন নিজের জেলা ময়মনসিংহের হয়ে।

খেলোয়াড়ি জীবন শেষে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি বেলায়েত হোসেন। দীর্ঘ সময় ধরে বিসিবির পক্ষ থেকে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন। তার পরিচালিত ম্যাচের তালিকায় রয়েছে ৭৯টি প্রথম শ্রেণির, ৮১টি লিস্ট ‘এ’ ও একটি লিস্ট ‘এ’ টি-টোয়েন্টি ম্যাচ। পাশাপাশি বিসিবির আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বেলায়েত হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। এক শোকবার্তায় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের ক্রিকেটে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মতাও জানিয়েছে বোর্ড।