Home খেলাধুলা বাংলাদেশের সামনে বড় লক্ষ্য রাখল পাকিস্তান

বাংলাদেশের সামনে বড় লক্ষ্য রাখল পাকিস্তান

8


স্পোর্টস ডেস্ক।।
প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ ঘরে তোলার পর আজ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার জন্য মাঠে নেমেছে বাংলাদেশ। তবে কাজটা সহজ হবে না টাইগারদের জন্য। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে ১৭৯ রানের বড় লক্ষ্য দিয়েছে পাকিস্তান।

টসে জিতে আজ পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান লিটন দাস। আগের দুই ম্যাচে শুরুতে বিপর্যয় দেখলেও আজ ঝোড়ো সূচনা এনে দেন ফখর জামানের বদলে একাদশে সুযোগ পাওয়া সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। পাওয়ার প্লেতেই ৫৭ রান তোলা এই দুই ওপেনার গড়েন ৮২ রানের জুটি। অষ্টম ওভারের পঞ্চম বলে সাইমকে ফিরিয়ে সাফল্য এনে দেন নাসুম আহমেদ। দীর্ঘ প্রায় ২ বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা এই তারকা পরে আরও একটি উইকেট পান। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে এই দুই উইকেট পান তিনি।

পাকিস্তান দলের সর্বোচ্চ রান সংগ্রাহক সাহিবজাদা দ্বিতীয় ব্যাটার হিসেবে ফেরেন দলীয় ৯৩ রানে। ৪১ বলে ৬টি চার ও ৫ ছক্কায় ৬৩ রান করেন তিনি। এদিন টানা তৃতীয় ইনিংসে ব্যর্থ হলেন পাকিস্তানের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজসেরা মোহাম্মদ হারিস। তবে ১৭ বলে ৩৩ রানের কার্যকরী ইনিংস খেলেন হাসান নওয়াজ।

হুসাইন তালাত, ফাহিম আশরাফরা ব্যর্থ হলেও মোহাম্মদ নওয়াজের ১৬ বলে ২৭ রানের ইনিংসে ৭ উইকেটে ১৭৮ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। নাসুম সবচেয়ে কম রান দিলেও ৪ ওভারে ৩ উইকেট দিয়ে বাংলাদেশের সেরা বোলিং ফিগার পেসার তাসকিন আহমেদের। বোলিং কোটা পূর্ণ করে ৩৮ রান দেন তিনি। একটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

আজকের ম্যাচ পাকিস্তানের জন্য সম্মান বাঁচানোর লড়াই। হারলে হোয়াইটওয়াশের লজ্জা নিয়েই ফিরতে হবে দেশটিতে। ম্যাচটি শুধু সিরিজের শেষ নয়, বরং বাংলাদেশের জন্য ইতিহাস গড়ার মঞ্চ—প্রথমবার পাকিস্তানকে টি-টোয়েন্টিতে ধবলধোলাই করার হাতছানি।