Home আঞ্চলিক খুলনা-চুকনগর মহাসড়ক: ১৬০ কোটি টাকার প্রকল্প এখন গলার কাঁটা

খুলনা-চুকনগর মহাসড়ক: ১৬০ কোটি টাকার প্রকল্প এখন গলার কাঁটা

32


স্টাফ রিপোর্টার।।

খুলনা-চুকনগর মহাসড়কটি এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। সড়কটি নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় হয় প্রায় ৫ কোটি টাকা। মাত্র সাড়ে চার বছরে নষ্ট হওয়া ১৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মহাসড়কটির নির্মাণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। খুলনা থেকে চুকনগর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটারজুড়ে পিচ উঠে গেছে, কোথাও উঁচু-নিচু, আবার কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে হেলেদুলে চলছে ভারি যান, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী গাড়ির চালকরা। বিপুল অর্থ ব্যয়ে নিম্নমানের এই কাজের সঠিক তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক নেতারা।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, নিম্নমানের উপকরণ ব্যবহার এবং ঠিকাদারের চরম গাফিলতির কারণে যে সড়কটি দক্ষিণের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল, সেটি এখন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট থেকে ডুমুরিয়ার চুকনগর-আঠারোমাইল বাজার পর্যন্ত প্রায় ৩৩ কিলোমিটারের অবস্থা সবচেয়ে করুণ।

বৃহত্তর আমরা খুলনাবাসির সভাপতি ডা. নাসির উদ্দিন বলেন, সড়কটি যখন নির্মাণ করা হয় তখন এ অঞ্চলের মানুষ খুশি হয়েছিল। মংলা বন্দর ও ভোমরা বন্দর দিয়ে আমদানি রপ্তানির কাজ সহজ হওয়ার কথা ছিল। তবে কয়েক বছর যেতে না যেতেই সেই খুশি দুর্ভোগে পরিণত হয়েছে।

খুলনা সড়ক বিভাগের তথ্য অনুযায়ী, খুলনা-চুকনগর-সাতক্ষীরা মহাসড়কের মোট দৈর্ঘ্য ৬৪ কিলোমিটার। এর মধ্যে ৩৩ কিলোমিটার খুলনার অংশ ও বাকি পথ সাতক্ষীরা জেলায় পড়েছে। ভোমরা স্থলবন্দর থেকে এই সড়ক দিয়ে ঢাকাতে পণ্য সরবরাহ করেন ট্রাকচালক মোদাচ্ছের আলী। তিনি বলেন, দিনে কমপক্ষে ১০০টির বেশি পাথরবোঝাই ডাম্প ট্রাক এখান দিয়ে চলাচল করে। বর্তমানে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, স্বাভাবিক চলাচল দায় হয়ে পড়েছে।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৮ সালে এই ৩৩ কিলোমিটার সড়কের প্রশস্তকরণ ও উন্নয়নের জন্য ১৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। বিতর্কিত মোজাহার এন্টারপ্রাইজকে এই কাজের ঠিকাদার প্রতিষ্ঠান হিসাবে নিয়োগ দেওয়া হয়। ২০২০ সালের জুনে নির্মাণ কাজ শেষ হয় এবং একই বছরের ২১ ডিসেম্বর সড়কের উদ্বোধন করা হয়। নির্মাণের পরের বছর থেকেই সড়কে খানাখন্দ সৃষ্টি হয়। তবে বর্তমানে সেটি ভয়াবহ আকার ধারণ করেছে।

সওজের কর্মকর্তাদের মতে, নতুন সড়ক নির্মাণের পর সেখানে যান চলাচল স্বাভাবিকভাবেই বেড়েছ। এছাড়াও পদ্মা সেতু চালু হওয়ার পর এই সড়ক দিয়ে ভোমরা স্থলবন্দর থেকে ঢাকাতে পণ্য পরিবহণের পরিমাণও বেড়েছে। তাই অতিরিক্ত ভার বহন করতে না পারাই সড়কের এই বেহাল অবস্থার মূল কারণ। তবে সওজ খুলনার নির্বাহী প্রকৌশলী তানিমুল হক বলেন, বিগত সময়ে সড়কের ফাউন্ডেশন ভালো না হওয়ায় দ্রুত ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব জায়গায় বেশি ক্ষতি হয়েছে, সেখানে ইট দিয়ে সংস্কার কাজ চলছে।