Home জাতীয় সড়ক পরিবহন মালিক সমিতির ৫টি দাবিতে ১৫ দিনের আল্টিমেটাম

সড়ক পরিবহন মালিক সমিতির ৫টি দাবিতে ১৫ দিনের আল্টিমেটাম

34

খুলনাঞ্চল রিপোর্ট
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ৫টি দাবি বাস্তবায়নে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশোধন, বাণিজ্যিক মোটরযানের ইকোনোমিক লাইফ ২০ ও ২৫ বছর থেকে বৃদ্ধিকরণসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আগামী ১৫ দিনের মধ্যে এই দাবিগুলো না মানলে পরিবহন সেক্টরে ধর্মঘটের ঘোষণাও দিয়েছেন তারা।
রবিবার (২০ জুলাই) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে মালিক ও শ্রমিকদের যৌথ এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সারাদেশের পরিবহনের মালিক শ্রমিক নেতারা যোগদান করে তাদের সুবিধা-অসুবিধাগুলো তুলে ধরে সরকারের প্রতি দাবিগুলো প্রস্তাব করেন।
দাবিগুলো হলো- সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশোধন, বাণিজ্যিক মোটরযানের ইকোনোমিক লাইফ ২০ ও ২৫ বছর থেকে বৃদ্ধিকরণ, মেয়াদোত্তীর্ণ যানবাহন অপসারণের সহায়ক হিসেবে রিকন্ডিশন যানবাহনের আমদানির মেয়াদ ৫ বছর থেকে বৃদ্ধি করে ১২ বছর করতে হবে, বাজেটে বাণিজ্যিকভাবে চলাচলকারী যানবাহনের ওপর দ্বিগুণ অগ্রিম আয়কর কমাতে হবে, একই সঙ্গে আয়কর ট্যাক্স ফাইলে অ্যাসেসমেন্ট করার পর জমাকৃত অর্থ বেশি হলে ফেরত দেওয়ার নিয়ম চালু করা এবং ইন্সুরেন্স বা বিমা প্রথায় পূর্বের নিয়মে বাতিল করা।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. কফিল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. শিমুল বিশ্বাস দাবিগুলোর যৌক্তিকতা তুলে ধরে বলেন, ২০১৮ সালের সড়ক পরিবহন যে আইন সে আইনটি একটি প্রতিশোধপরায়ণ, নিপীড়নমূলক এবং ক্ষতিকর। যে আইনে মালিক এবং শ্রমিকের উপরে প্রতিশোধ নেওয়া হয়েছে। এ আইনটি যাতে সংশোধন হয় এজন্য বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের ৫ জন উপদেষ্টা পবিহন সেক্টরের সাথে মিটিংয়ে আমাদের দাবির বিষয়ে একমত হয়েছেন। কিন্তু ওই ফাইলটা পরিবর্তন না হবার কারণে পুলিশ, ট্রাফিক, বিআরটিএ, শ্রমদপ্তরসহ সরকারের বিভিন্ন সংস্থা আমাদের পরিবহন সেক্টরের মালিক, শ্রমিককে নানাভাবে হয়রানি করছে। দ্বিতীয়টা হলো, বিগত সরকারের আইনে বাণিজ্যিক মোটরযানের মধ্যে বাসের ইকোনোমিক লাইফ ২০ এবং ট্রাকের লাইফ ২৫ বছর করা হয়েছে। এ আইনটি বাস্তবায়ন করতে গিয়ে পরিবহন সেক্টরে অচলাবস্থার সৃষ্টি হবে। এতে করে ৭০ ভাগ গাড়ি বন্ধ হয়ে যাবে। এত গাড়ি ডাম্পিং করার জায়গাও বাংলাদেশে নেই।