হুসাইন ইমাম সবুজ, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশ কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এখনো গোটা জেলার সর্বত্র বিরাজ করছে থমথমে অবস্থা, জনমনে রয়েছে আতঙ্ক। আবারো বাড়ানো হয়েছে কারফিউ এর সময়।
বুধবার রক্তক্ষয়ী এই সংঘর্ষের পরে বিকালে গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক) মুহাম্মদ কামরুজ্জামান গোটা জেলায় ১৫৪ ধারা জারি করেন পরবর্তীতে সেটা কারফিউতে রূপ নেয়। বুধবার থেকে দফায় দফায় বাড়ানো হয় কারফিউ এর সময়। সর্বশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় জেলা ম্যাজিস্ট্রেট কারফিউ এর সময়ের পরিবর্তন আনেন। এ সময় তিনি বলেন, শুক্রবার বেলা ১১ টা থেকে দুইটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকলেও পরিস্থিতি বিবেচনা করে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বহাল থাকে। আজ শনিবার বিকাল পাঁচটায় তিনি জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শনিবার রাত ৮ থেকে সকাল ৬ পর্যন্ত কারফিউ এর সময় বাড়ানো হয়েছে। উক্ত সময়ে শুধু মাত্র জাতীয় জরুরি সেবায় নিয়োজিত লোকজন এবং যানবাহন এর আওতা মুক্ত থাকবে। আগামীকাল রবিবার পুনরায় বিবেচনা করে কারফিউ শিথিল অথবা সময় বাড়ানো হতে পারে।
এদিকে টানা তিন দিন পরে আজ শনিবার সকাল ছয়টা থেকে কারফিউ শিথিল থাকায় সাধারণ লোকজন এর সমাগম বেড়েছে কাঁচা বাজার এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দোকানে। অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল করার অনুমতি থাকলেও কোন রুটেই যান চলাচল করতে দেখা যায়নি। তবে শহরে ব্যাটারি চালিত রিক্সা ভ্যান ইজিবাইক এবং থ্রি হুইলার এর চলাচল ছিল চোখে পড়ার মত। তবে যাত্রীর অভাবে সেগুলো রাস্তার পাশেই অপেক্ষারত অবস্থায় দেখা যায়। গোপালগঞ্জ থেকে বিভিন্ন জেলায় দূরপাল্লার পরিবহন হাতে গনা কয়েকটি ছেড়ে গেলেও বেশিরভাগ পরিবহন কাউন্টারে তালা ঝুলছে।
এ বিষয়ে রিকশাচালক নজরুল ইসলাম বলেন, সারাদিন রিকশা চালিয়ে ৮০ টাকা ইনকাম হয়েছে, এই টাকা দিয়ে চাল কিনব না তরকারি কিনব সেটা বুঝতে পারতেছি না। বাড়ির সবাই আমার দিকে তাকিয়ে আছে এভাবে চললে আমাদের না খেয়ে মরতে হবে।
ইজিবাইক চালক তমাল গাজী বলেন, সকালে বের হয়েছি রাস্তায় যাত্রী নেই বললেই চলে। এখনো গাড়ি ভাড়ার টাকা ওঠেনি। বাজারের অধিকাংশ দোকান এবং মার্কেট বন্ধ থাকায় বাইরে থেকে লোক শহরে আসছে না তাই যাত্রীর চাপ অনেক কম।
অন্যদিকে, আজও গোপালগঞ্জের বিভিন্ন ব্যাংকের শাখা এবং বুথ বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়ছে গ্রাহকরা। বিকাশ, নগদসহ অন্যান্য অনলাইন ব্যাংকিং সেবা চালু থাকায় দোকানগুলিতে ছিল ভিড়।
ব্যাংকিং সেবা নিতে আসা সোহেল ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী সোহেল খান বলেন, আমাদের ইন্টারনেটের এবং ইলেকট্রনিক্সের ব্যবসা প্রতিনিয়তই আমাদের অনলাইন ব্যাংকিং সেবা গ্রহণ করতে হয়। বুথ বন্ধ থাকায় সিআরএম এর মাধ্যমে টাকা পাঠানো যাচ্ছে না ফলে আমাদের অর্ডারকৃত মাল আটকে আছে। এতে আমাদের প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হবে।
অন্য এক ব্যক্তি বলেন, আমার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ালেখা করে বিশেষ প্রয়োজনে তাকে টাকা পাঠানো দরকার কিন্তু ব্যাংকিং সেবা বন্ধ থাকায় সেটা পাঠাতে পারিনি। বিকাশে কিছু টাকা পাঠাতে পেরেছি বেশিরভাগ দোকানের এজেন্টের ব্যালেন্স নেই বলে জানান তিনি।
তবে সকালে কাঁচা বাজারে লোকজনের সমাগম দেখা গেছে চোখে পড়ার মত। প্রত্যেকটি পণ্যের দাম ছিল উর্ধ্বমুখী। অনেকেই কাঙ্খিত সবজি কিনতে না পেরে বাজার ছেড়েছেন। দাম বাড়ার কারণ হিসাবে দোকানিরা বলছে বাইরে থেকে মাল আসছে না তাই সব পণ্যের দাম বেশি। প্রতিটি সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
এ ব্যাপারে ফল ব্যবসায়ী নিতাই চন্দ্র বলেন, আমি মঙ্গলবার রাতে এক রাত আম নামিয়েছি। কিন্তু বুধবারের ঘটনার পর থেকে বাজার বন্ধ থাকায় অর্ধেকেরও বেশি আম নষ্ট হয়ে গেছে। এভাবে চলতে থাকলে আমাদের পথে বসতে হবে।
সবজির আড়ৎ ব্যবসায়ী কালিদাস সাহা বলেন, গত বুধবারের পর থেকে কোন তরকারি এবং সবজির গাড়ি আড়ৎ এ আসেনি। ঘরে থাকা অনেক তরকারি পচে নষ্ট হয়ে গেছে। বিশেষ করে কাঁচা মরিচ সহ কাঁচা তরকারি বেশি নষ্ট হয়েছে। আজ বেচাকেনা কিছুটা স্বাভাবিক ছিল। কারফিউ চলতে থাকলে আমাদের ব্যবসা চালানো অসম্ভব হয়ে দাঁড়াবে।
ঘটনার পরদিন সকাল থেকেই দেখা যায়, জেলা শহরের প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা। রিক্সা ভ্যান ব্যাটারি চালিত ইজিবাইক, থ্রি হুইলার ছাড়া আর কিছুই চোখে পড়েনি। তবে আজ ১৯ জুলাই শনিবার রাত ৮ টা পয’ন্ত কারফিউ শিথিল থাকায় জনমনে কিছুটা স্বস্তি ফিরলেও কাটেনি আতংক।
আজ শনিবার বিকাল পাঁচটায় জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক) মুহাম্মদ কামরুজ্জামান জানান, আজ রাত আটটা থেকে কারফিউ আগামীকাল সকাল ছয়টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আগামীকাল পুনরায় বিবেচনা করে কারফিউ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বুধবার সন্ধা থেকে মাঝেমধ্যে শিথিল রেখে কয়েক দিন ধরে চলছে কারফিউ আর এ কারনে জনজীবনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বিশেষ করে খেটে খাওয়া, দিনমজুর মানুষের কষ্টের সীমা নেই। অনেকেই অনাহারে এবং অর্ধ হারে জীবন যাপন করছে।
আজ শনিবার গোপালগঞ্জ ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজ এর বহির্বিভাগে চিকিৎসা সেবা চালু থাকলেও অন্যান্য দিনের তুলনায় রোগীর চাপ ছিল না বললেই চলে। অনেকটা অলস সময় পার করেছে হাসপাতালে বহির্বিভাগে কর্মরত চিকিৎসক এবং কর্মচারীবৃন্দ।
গোপালগঞ্জ ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা আমেনা খানম নামে এক গর্ভবতী নারীর সাথে কথা হলে তিনি বলেন, এই মুহূর্তে আমার ডাক্তারের সাথে পরামর্শ এবং চেকআপ করা খুবই গুরুত্বপূর্ণ। বিগত কয়েকদিন বাসা থেকে বের হতে পারিনি। আজ অনেক কষ্ট করে ডাক্তার দেখাতে এসেছি। যদি গোপালগঞ্জের অবস্থা এরকম থাকে তাহলে যে কোন সময় আমাদের মত রোগীর জীবনের শঙ্কা থেকে যায়। কারফিউ না থাকুক গোপালগঞ্জে শান্তি ফিরে আসুক আমরা তাই চাই।
সরকারি এবং বেসরকারি চাকরিজীবীরা পড়েছেন চরম বিপদে। বিশেষ করে বেসরকারি চাকরিজীবী এবং প্রতিষ্ঠানের কর্মচারীগণ কাজের জন্য বের হলে তাদের পড়তে হচ্ছে বাধার মুখে। এর মধ্য থেকে অনেকেই গ্রেফতার করে নেয়া হয়েছে। কোন ধরনের কথা বলার সুযোগ না দিয়েই আটক করা হচ্ছে বাইরে বের হওয়া এই সমস্ত চাকরিজীবীদের। গোপালগঞ্জ সোনালী ব্যাংকের অফিস সহকারি লিটন মুন্সি বলেন, আমার ভাই সোনালী ব্যাংক মহিলা শাখায় পিয়ন পদে কর্মরত। গতকাল সে বাসায় ফেরার পথে যৌথ বাহিনী তাকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে। আজ ব্যাংকের ম্যানেজার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা গেলেও তাকে ছাড়ানো যায়নি। তবে থানা পুলিশ তাকে ছেড়ে দেওয়ার আশ্বাস প্রদান করেছে। এছাড়াও বিভিন্ন এনজিও, ইন্টারনেট ব্যবসায়ী, ঠিকাদার এবং বিভিন্ন ধরনের ব্যবসায়ীগণ প্রতিনিয়তই গ্রেপ্তার আতঙ্কে চলাফেরা করছে।
বুধবারের সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় পুলিশের কাজে বাধা ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটনায় পৃথক ৪ টি মামালা হয়েছে বলে পুলিশ সূত্রে জানাগেছে।
চারটি মামলায় প্রায় তিন হাজারের অধীক লোককে আসামী করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে এ পর্যন্ত ৩০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। নাম প্রকাশ না করা শর্তে এক ভুক্তভোগী বলেন, গতকাল শুক্রবার আমার ভাইকে যৌথ বাহিনী গ্রেফতার করে নিয়ে যায়। তাকে ছাড়ানোর জন্য আমরা থানায় বিভিন্নভাবে চেষ্টা করি কিন্তু তারা রাজি হয় না। পরবর্তীতে দুই লক্ষ টাকা দাবি করে আমরা অনেক কষ্ট করে এক লক্ষ টাকা দিয়ে আমার ভাইকে ছাড়িয়ে এনেছি। তিনি আরো বলেন গোপালগঞ্জে এখন গ্রেপ্তার বাণিজ্য চড়মে উঠেছে।
এ বিষয়ে খোঁজ নিতে গোপালগঞ্জ সদর থানায় গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুর রহমান কোন বিষয়ে কোন ধরনের কথা বলতে রাজি হয়নি। এমনকি প্রশাসনের কেউ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি।
এদিকে গত বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ সময় তারা বলেন, পুলিশ ঘটনার সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে। অনেক আসামি এখনো গোপালগঞ্জে লুকিয়ে আছে তাই তাদের খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
তাদের এই হুশিয়ারী এবং কার্যক্রম জনমনে গ্রেপ্তার আতঙ্ক সৃষ্টি করেছে। বিগত কয়েকদিন যৌথ বাহিনীর টহল এবং গ্রেপ্তার গোপালগঞ্জবাসীকে আরো চিন্তার ভেতর ফেলে দিয়েছে।
নাম প্রকাশ না করা শর্তে এক অভিভাবক বলেন, আমার দুই ছেলে বঙ্গবন্ধু কলেজে পড়ালেখা করে আমি তাদের গ্রেফতারের ভয়ে তাদের মামাবাড়ি অন্য জেলায় পাঠিয়ে দিয়েছি। এমন চিত্র গোপালগঞ্জের অধিকাংশ গ্রামে। গ্রেপ্তার আতঙ্ক এড়ানোর জন্য যে যার মত পারছেন সে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে। এর ফলে পরিবারের একমাত্র উপার্জন ক্ষমব্যক্তি দূরে থাকায় সমস্যায় পড়েছে পরিবারের অন্য সদস্যরা।
আজও সকাল থেকে বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ করা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের তৎপরতা বাড়তে থাকে আইনশৃঙ্খলা বাহীনির টহল দেখা যায় গুরুত্বপূর্ণ এলাকা সমুহে। সর্বশেষ এই রিপোর্ট লেখা পর্যন্ত কারফিউম টাইম শুরু হয়ে যাওয়ায় বিভিন্ন বাহিনীর সদস্যগণ টহলে বের হয়েছে। গোপালগঞ্জ যেহেতু নিম্ন এলাকা তাই অধিকাংশ এলাকায় জলবদ্ধ এসমস্ত এলাকায় অভিযান চালাতে যৌথ বাহিনীর সাথে নতুন করে যোগ দিয়েছে কোস্টগার্ড ও নৌ বাহিনীর সদস্যগণ।
উল্লেখ্য, সারা দেশে মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে তারা এটিকে ‘লং মার্চ টু গোপালগঞ্জ’ হিসেবে নামকরণ করেন। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোপালগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা এটি প্রতিহতের ঘোষণা দেন। এরপরেও সমাবেশ করে এনসিপি এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার কারণে হামলার শিকার হয়েছে বলে মনে করেন সাধারণ লোকজন।
গোপালগঞ্জের পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে বুধবার সমাবেশ শেষে এনসিপির নেতাদের উপর হামলা ও সংঘসে’র ঘটনা ঘটে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত সেনা বাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্যগণ গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে টহল দেওয়ার জন্য পোশাক পড়ে সুসজ্জিত হয়ে মাঠে নেমেছে। এই অভিযান চলবে আগামীকাল সকাল পর্যন্ত। ইতিমধ্যে গোপালগঞ্জ এর সকল দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি শহরের বিভিন্ন এলাকার রোড লাইট বন্ধ রাখা হয়েছে। সর্বোপরি বলতে গেলে গোপালগঞ্জ জেলা জুড়ে একটা থমথমে ভাব বিরাজ করছে। জনমনে আতঙ্ক আরো বেশি ছড়াচ্ছে। যারা গ্রেফতার হয়েছে তাদের পরিবার দিনরাত দাঁড়িয়ে আছে থানার সামনে।











































