স্পোর্টস ডেস্ক
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চার দল অংশ নেওয়ায় প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হচ্ছে দুইবার করে। সে অনুযায়ী, ছয়টি ম্যাচ খেলবে প্রত্যেক দল। আজ শনিবার দ্বিতীয় লেগে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়, তার আগে বিকেল ৩টায় মুখোমুখি হবে নেপাল ও ভুটান। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে কিংস অ্যারেনার অনুশীলন মাঠে। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে দুর্বল দল হিসেবে পরিচিত শ্রীলংকা। প্রতিপক্ষের আক্রমণের সামনে তারা কার্যত অসহায়। চার ম্যাচে হজম করেছে ২৮টি গোল, এর মধ্যে ১৪টি এসেছে নেপালের বিপক্ষে। তবে এক ম্যাচে সর্বোচ্চ গোল হজম করেছে বাংলাদেশের বিপক্ষে—প্রথম লেগে ৯-১ গোলে হারতে হয়েছিল লাল-সবুজদের কাছে। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ বড় জয়ের লক্ষ্যে মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা।
টানা এক দিন পর পর ম্যাচ খেলার ধকল সামলাতে গতকাল (শুক্রবার) অনুশীলনের পরিবর্তে খেলোয়াড়দের জন্য রাখা হয় রিকভারি সেশন। দিনটি খেলোয়াড়রা জিম ও সুইমিং পুলে কাটিয়েছেন শরীর চাঙ্গা করার উদ্দেশ্যে।
এই ফাঁকে জাতীয় দলের হয়ে অধিনায়কত্বের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন নবিরন খাতুন, যিনি ভুটানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন। তিনি বলেন, ‘জীবনে প্রথমবার অধিনায়ক হিসেবে মাঠে নামা আমার জন্য স্মরণীয়। ম্যাচটি আমরা জিতেছি, এটা আমার, আমার পরিবার ও গ্রামের সবার জন্য অনেক আনন্দের। বাবা-মা খেলা দেখে ফোন করেছিলেন। গ্রামে সবাই দোকানে বসে খেলা দেখেছে—এটা আমার কাছে বিশাল পাওয়া।’
সামনের ম্যাচগুলো নিয়ে নবিরনের প্রত্যাশা, ‘শ্রীলংকার বিপক্ষে ম্যাচ নিয়ে কোচ ভিডিও অ্যানালাইসিস করিয়েছেন। কে কীভাবে খেলবে, সেটা বুঝিয়ে দিয়েছেন। আমরা সেভাবেই প্রস্তুত হচ্ছি। ইনশাআল্লাহ, ভালো জয় নিয়েই মাঠ ছাড়ব।’
বাংলাদেশের বাকি দুই ম্যাচ নির্ধারণী হতে পারে শিরোপা লড়াইয়ে। তাই প্রতিটি গোল, প্রতিটি জয় এখন গুরুত্বপূর্ণ।











































