স্টাফ রিপোর্টার।।
মেধা আছে, স্বপ্ন আছে শুধু নেই সামান্য অর্থ। মাত্র ১১ হাজার টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে খুলনার রূপসা উপজেলার মেধাবী শিক্ষার্থী সুরাইয়া আক্তারের।
সুরাইয়া চলতি বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো ফলাফলসহ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। গুচ্ছে ভালো ফলাফল থাকা সত্ত্বেও বিষয়ের জন্য আবেদন করেননি গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে।
কারণ প্রতি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে লাগবে ৫০০ টাকা। তাই সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। পেয়েছেন ইতিহাস বিভাগ। যদিও তার ইচ্ছা ছিল আইন নিয়ে পড়াশোনা করে বিচারক হওয়া।
আপাতত ইতিহাস নিয়েই শুরু করতে চান, ভবিষ্যতে সুযোগ হলে মাইগ্রেশনের মাধ্যমে কাঙ্ক্ষিত বিষয়ে পড়ার ইচ্ছা। না হলে ইতিহাস নিয়েই পড়াশোনা শেষে শিক্ষকতা করার ইচ্ছা রয়েছে তার।
তবে এই স্বপ্নের পথে একমাত্র বাধা এখন অর্থনৈতিক সংকট। ভর্তি ফি, যাতায়াত খরচ, প্রাথমিক থাকার ব্যবস্থা মিলিয়ে প্রয়োজন প্রায় ১১ হাজার টাকা যা জোগাড় করা একা তার মায়ের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে।
সুরাইয়ার মা রাবেয়া বেগম খুলনার রূপসার আইচগাতী ইউনিয়নের একটি ছোট গ্রামে মেয়েকে নিয়ে থাকেন। কাগজের ঠোঙা বানিয়ে যা আয় হয়, তা দিয়েই চলে মা-মেয়ের দিন। মেয়েকে পড়িয়েছেন এইচএসসি পর্যন্ত। এখন চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে ভবিষ্যতের স্বপ্ন নিয়েই।
সুরাইয়ার বাবা মো. মোহাম্মদ আলী সাতক্ষীরায় কখনো মাদুর বিক্রি, কখনো দিনমজুরি করে সংসার চালানোর চেষ্টা করেন।
পরিবারে আর্থিক নিরাপত্তা নেই বললেই চলে। বড় মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর ছোট মেয়ে সুরাইয়াই এখন মায়ের ভরসা।
সুরাইয়ার মা রাবেয়া বেগম বলেন, ‘আমি চাই, মেয়েকে নিয়ে রাজশাহীতে থাকব। বাসা ভাড়া নিয়ে খাবার তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করব। মেয়েও আমাকে সাহায্য করবে। কিন্তু সেখান পর্যন্ত পৌঁছাতে খরচের যে পাহাড়, তা একা আমার পক্ষে সম্ভব নয়।’











































