সৈয়দ রানা কবীর
খুুলনায় বেড়েছে মাদকের বেচা-কেনা। এতে মাদকসেবীদের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। মাদকের নেশায় বুদ হয়ে থাকা কিশোর ও যুবকরা জড়িয়ে পড়ছে নানা রকম অপরাধের সাথে। আর তাতে বাড়ছে চুরি, ছিনতাই, খুনসহ নানা অপরাধ প্রবণতা। আইনশৃঙ্খলা বাহিনী এ সকল অপরাধ নিয়ন্ত্রনে ব্যর্থ হচ্ছে। মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়তে খুলনা মহানগর বিএনপি এবার জিহাদ ঘোষণা করেছে। ইতিমধ্যে সচেতনতা গড়তে শোভাযাত্রা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি শুরু করেছে।
অভিযোগ রয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনীর একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারী ও মাদক কারবারীদের পৃষ্ঠপোষকতায় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মরণঘাতি এ কারবার।
খোঁজ নিয়ে জানাগেছে, খুলনার কিশোর ও যুবকরা এখন মাদকের করাল গ্রাস ভাসছে। অথচ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে নিরব। এলাকায় এলাকায় কিশোর ও যুবকদের সমন্বয়ে গঠিত হয়েছে কিশোর গ্যাং। একেক একেক এলাকায় ভিন্ন ভিন্ন নামে আবির্ভূত এই সকল কিশোর ও যুবকদের গ্যাং। অনেক থানার কর্মকর্তারা তাদের অবস্থান ও আবির্ভাব সম্মন্ধে জানলেও কোন কার্যকরি ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিভাবকদের অভিযোগ। তারা বলেছে, তাই এই গ্যাংয়ের ভয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দিতেও পারেন না। কয়েকটি থানা এলাকার অনেকে অভিযোগ করেন, কিছু মাদক ব্যবসায়ী পুলিশের ছত্রছায়ায় এই ব্যাবসা করছে।
নগরীর সদর থানা, সোনাডাঙ্গা, খালিশপুর, দৌলতপুর, হরিণটানা, লবনচরা ও আড়ংঘাটা থানা এলাকায় মাদকের প্রায় অর্ধশত স্পট রয়েছে বলে একাধিক স্থানীয় ও নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা জানিয়েছে।
তারা জানান, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ম্যানেজ করেই চলছে এই মাদক ব্যাবসা। অথচ সংশ্লিষ্ট এলাকার আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা তা অস্বীকার করছেন। তারা কখনো কখনো মাদকদ্রব্য অধিদপ্তরের উপরও দোষ চাপাচ্ছন।
মাদকদ্রব্য অধিদপ্তরের খুলনার কর্মকর্তারা বলেন, তাদের জনবল সংকট থাকা সত্বেও তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। মাঝে মাঝে পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে যতো সামান্য কিছু গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িতদের কয়েকজনকে তারা ইতিমধ্যে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
গত ৮ মাসে শুধুমাত্র এই মাদককে কেন্দ্র করে নগরীর ৮ থানা এলাকায় চুরি, ছিনতাই, হত্যাসহ নানা রকমের অপরাধ প্রবণতা বাড়ছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার (মিডিয়া) আহসান হাবীব বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও সরকারের অন্যতম প্রতিষ্ঠান। মাদক বন্ধে সকলের সচেতনতা প্রয়োজন।
এদিকে বিএনপি সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, ‘প্রতিনিয়ত মাদক ব্যবসার ভাগাভাগি নিয়ে হামলা, মামলা ও হত্যাকাণ্ড ঘটছে। এর ফলে শিল্প ও বন্দর নগরী খুলনা আবারও অশান্ত হয়ে উঠেছে।
তিনি বলেন, ‘মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষার জন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের অবাধ বাণিজ্য বন্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’
বিএনপি নেতারা বলেন, ‘খুলনা নগরীতে অভিনব পন্থায় রাঘব বোয়ালদের ছত্রচ্ছাত্রায় ক্রমেই ছড়িয়ে পড়ছে মাদক নামক ব্যাধি। যুবসমাজকে মাদকের ভয়াবহ করাল গ্রাস থেকে বিরত রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
বিএনপির প্রথম দফায় চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে মহানগর বিএনপি। শুক্রবার সকালে নগরীর কে ডি ঘোষ রোড এলাকায় বিএনপি কার্যালয়ে ‘মাদকের বিরুদ্ধে জনসচেতনতা, মাদক ব্যবহারে প্রতিরোধ গড়ে তোলা ও মাদকমুক্ত খুলনা বিনির্মাণে’ মহানগর বিএনপির সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে গতকাল শনিবার বিকেল ৪টায় খালিশপুর থানার ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী শোভাযাত্রা। আজ রবিবার থানার ৯, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে শোভাযাত্রা। আগামী সোমবার থানার ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডে শোভাযাত্রা। এ ছাড়া আগামী মঙ্গলবার দৌলতপুর থানার ১ ও ৩ নম্বর ওয়ার্ডে মাদক বিরোধী শোভাযাত্রা।











































