Home আঞ্চলিক বিশেষায়িত হাসপাতালের সিসিইউতে মশারি টাঙিয়ে চিকিৎসা

বিশেষায়িত হাসপাতালের সিসিইউতে মশারি টাঙিয়ে চিকিৎসা

24

স্টাফ রিপোর্টার।।


দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান খুলনা বিশেষায়িত হাসপাতাল। হৃদ্‌রোগসহ নানা জটিল রোগে আক্রান্ত রোগীদের জন্য নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবেই পরিচিত এ হাসপাতাল। কিন্তু সম্প্রতি হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। বিশেষ করে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ও পোস্ট করোনারি কেয়ার ইউনিট (পিসিসিইউ)-এ মশার উপদ্রব রোগী ও স্বজনদের চরম বিপাকে ফেলেছে।


মশার উৎপাত এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক রোগীর স্বজন বাধ্য হয়ে সিসিইউর বেডের চারপাশে মশারি টানিয়ে দিচ্ছেন। এমন একটি স্পর্শকাতর ইউনিটে মশার উপদ্রব শুধু রোগীদের কষ্টই বাড়াচ্ছে না, মশাবাহিত রোগের ঝুঁকিও বহুগুণে বাড়িয়ে দিচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, হাসপাতালের নিচতলা থেকে জরুরি বিভাগে যাওয়ার পথে দুর্গন্ধ ছড়ানো পানির ড্রাম, স্তূপ করে রাখা ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন সিঁড়ি রোগীদের মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে। মশা, মাছি ও দুর্গন্ধ একসাথে যেন সংক্রমণের হুমকি তৈরি করছে।

রোববার (৪ মে) রাতে সিসিইউতে ভর্তি এক রোগীর স্বজন কমলেশ (ছদ্মনাম) বলেন, ‘দিনে কোনোভাবে মেনে নেওয়া গেলেও রাতে মশার অত্যাচারে ঘুমানো যায় না। তাই বাধ্য হয়েই মশারি টানাতে হয়েছে। এত বড় হাসপাতালে যদি মশার সমস্যা না কাটে, তাহলে এর ‘বিশেষায়িত’ তকমা কী কাজে লাগছে?’

তিনি আরও জানান, এই হাসপাতালে এনজিওগ্রাম, হার্টে রিং পরানো, বাইপাস সার্জারিসহ গুরুত্বপূর্ণ অনেক সেবা বর্তমানে বন্ধ রয়েছে। যার ফলে রোগীদের ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, ‘নামে বিশেষায়িত হলেও সরকারি সুযোগ-সুবিধা নামমাত্র। তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?’

আবদুর রহিম নামে আরেক রোগীর স্বজন বলেন, বাংলাদেশে প্রতিবছর ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগে হাজার হাজার মানুষ আক্রান্ত হন। স্বাস্থ্যসেবা পাওয়ার শেষ আশ্রয়স্থল হাসপাতাল যদি নিজেই রোগ বিস্তারের উৎস হয়ে ওঠে, তাহলে সাধারণ মানুষের জীবন রক্ষার দায়িত্ব কে নেবে?

সামিনা আক্তার নামে আরেক রোগীর স্বজন বলেন, হাসপাতালে প্রচুর মশা। আর যদি সিসিইউতে এই অবস্থা হয়, তাহলে স্বাস্থ্যব্যবস্থার দূরবস্থা আরও কত গভীর তা সহজেই বোঝা যায়। এটি কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়।

তবে এ নিয়ে হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন বলেন, মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনকে জানিয়েছি। তারা একবার ফগার মেশিন দিয়ে ধোঁয়া দিয়েছে, তবে পরে আবার বেড়েছে। নিয়মিত স্প্রে করলে কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। লোকবলেরও ঘাটতি রয়েছে, চেষ্টা করছি তা বাড়াতে।

তিনি আরও বলেন, হাসপাতালের সাধারণ বর্জ্য সিটি করপোরেশন এবং মেডিকেল বর্জ্য একটি বেসরকারি প্রতিষ্ঠান সংগ্রহ করে। বাহিরের ড্রেন পরিষ্কার করা হয় হাসপাতাল, পিডাব্লিউডি ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে।

এ বিষয়ে খুলনা সিটি করপোরেশনের কনজারভেন্সি অফিসার আনিসুর রহমান বলেন, বর্তমানে মশা নিয়ন্ত্রণে আছে। তবে অভিযোগ পেয়েছি, আজই লোক পাঠানো হবে।

আমিনুল ইসলাম নামে এক সামাজিক সংগঠক বলেন, করোনারি কেয়ার ইউনিট একটি হাসপাতালের সবচেয়ে সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ ইউনিট। এখানে ইনফেকশন কন্ট্রোল, হাইজিন এবং পরিবেশগত নিরাপত্তা সর্বোচ্চ মাত্রায় নিশ্চিত করার কথা। অথচ খুলনার এই প্রতিষ্ঠানে রোগীরা চিকিৎসার চেয়ে বেশি সময় মশা তাড়াতেই ব্যস্ত।

তিনি আরও বলেন, সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের এখনই জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। শুধু লোক দেখানো ফগার মেশিন নয়, প্রয়োজন নিয়মিত স্প্রে, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা এবং কার্যকর তদারকি।