যশোর অফিস
যশোর-সাতক্ষীরা মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হরিহর নদীর উপর ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত ৫ মাসে যশোর-সাতক্ষীরা মহাসড়কে অন্তত শতাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। যার এক-তৃতীয়াংশই সংঘটিত হরিহর নদীর ওপর নির্মিত ওই ব্রিজ ও ব্রিজ সংলগ্ন এলাকায়। ব্রিজ ও ব্রিজ সংলগ্ন এলাকা এখন আতঙ্কিত এলাকায় পরিণত হয়েছে। সম্প্রতি কয়েকটি দুর্ঘটনা জনমনে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সর্বশেষ একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের ওপর উঠলে রেলিংটি ভেঙে যায় ও ব্রিজে অসংখ্য ফাঁটল ধরেছে। ফলে স্থানীয়দের কাছে এটি মরণ ফাঁদ হিসেবে দেখা দিয়েছে।
খোজঁ-খবর নিয়ে জানা যায়, অন্তত তিন যুগ আগে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম হরিহর নদীর ওপর ব্রিজটির উদ্বোধন করেছিলেন।
স্থানীয় বাসিন্দা শাহিন হোসেন বলেন, ‘আমার বাড়ির পাশেই ব্রিজটি। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সম্প্রতি র্দুঘটনায় ব্রিজটির রেলিং ভেঙে পড়েছে, দেখা দিয়েছে ফাঁটল। ব্রিজটি দেখলে মানুষ আতকে ওঠে।
কখন যে কি হয়!’ স্থানীয় আরেক বাসিন্দা নুরুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার কয়েকদিন পর সড়ক ও জনপদ বিভাগ (সওজ) কর্তৃপক্ষ একটি অস্থায়ী সমাধানের সাবধান নামক বিলবোর্ড লাগিয়ে দিয়েই দায়সারা কাজ সম্পন্ন করে রেখেছেন।’ ব্রিজ সংলগ্ন ব্যাপারী অটো রাইসমিলের স্বত্তাধিকারী আব্দুস সালাম বলেন, ‘ব্রিজ সংলগ্ন এলাকায় রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, শিক্ষা ও অনেক ব্যবসা প্রতিষ্ঠান। ফলে অত্যন্ত ব্যস্ততম সড়কের ব্রিজটি পুনর্র্নিমাণ এখন জরুরী হয়ে পড়েছে। তা না হলে এবার দুর্ঘটনায় অনেক প্রাণহানির ঘটনা ঘটবে।’
মনিরামপুর উপজেলা প্রকৌশলী ফয়সাল আহম্মদ বলেন, ‘এটা সড়ক ও জনপদের বিষয়, তাদের সঙ্গে যোগাযোগ করলে ভালো হয়।’
যশোর সড়ক ও জনপদ (সওজ)এর নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, ‘ব্রিজটি পরিদর্শন করে বাস্তব চিত্র দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’











































