Home খেলাধুলা শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশা

শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশা

13

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে মিরপুরে অনুশীলন সারছে বাংলাদেশ। তবে এই সফর নিয়ে এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে টাইগাররা। কারণ সফরকারীদের জন্য জৈব নিরাপত্তা পরিকল্পনা এবং আয়োজকদের সরকারি ভ্রমণ সরবরাহে অক্ষমতা এখন আশঙ্কা হয়ে দাঁড়িয়েছে এই সিরিজের জন্য।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে গত জুলাই-আগস্টে হওয়ার কথা ছিল দু’দলের এই সিরিজ। কিন্তু বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে তা স্থগিত করা হয়। তবে বাংলাদেশ এখন পরিকল্পনা করছে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাওয়ার। ২৪ অক্টোবর থেকে দু’দলের তিন টেস্ট সিরিজ শুরুর কথা। মূল সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কার জাতীয় স্বাস্থ্য এবং নিরাপত্তা অ্যাজেন্সি দেশটির ক্রিকেট বোর্ডকে জানায়, যাতে সফরকারীরা বাধ্যতামূলকভাবে ১৪ দিনে কোয়ারেন্টিন সম্পূর্ণ করে। দ্বীপ রাষ্ট্রটিতে পৌঁছানোর পর এই টাইম-ফ্রেমের মধ্যে কোনো প্রকার অনুশীলন ছাড়াই টাইগারদের নিরবিচ্ছিন্ন হয়ে থাকতে হবে হোটেলে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) অনানুষ্ঠানিকভাবে তা বাংলাদেশকে জানিয়েছে। কিন্তু এখনও কেন্ডিতে শুরু হতে যাওয়া সিরিজে কোনো প্রকার জৈব নিরাপত্তা পরিকল্পনা এবং আনুষ্ঠানিক সূচি নিয়ে কোনোকিছু জানাতে পারেনি।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি, অক্টোবরে টেস্ট সিরিজ শুরুর আগে টাইগারদের অনুশীলন, আন্ত-স্কোয়াড ম্যাচ খেলার সুবিধা দেওয়ার কথা জানিয়েছিল লঙ্কানরা। যাইহোক, কোয়ারেন্টিন সম্পূর্ণ না করার আগ পযর্ন্ত স্থানীয় দলের সঙ্গে কোনো ম্যাচ খেলার অনুমতি পাবে না বাংলাদেশ। বিসিবি ২৭ সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বড় বহরের হাই পারফর্ম্যান্স স্কোয়াড নিয়ে। পরে স্থানীয় দলের সঙ্গে এবং আন্ত-স্কোয়াড ম্যাচ খেলার পরে মূল দল ঘোষণা দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শ্রীলঙ্কার জাতীয় নিরাপত্তা অ্যাজেন্সি জেদ ধরেছে, সফরকারীদের অবশ্যই কোয়ারেন্টিনে থাকতে হবে এবং এই সময়ে তাদের হোটেল চত্বরেই চলাফেরা সীমাবদ্ধ রাখতে হবে। যার কারণে সন্দেহ তৈরি হয়েছে এই সিরিজ নিয়ে।

জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক
শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৮ রান। মারতে হতো চারটি ছক্কা ও একটি চার। কিংবা তিনটি ছক্কা, দুটি চার ও একটি ডাবল। পাঁচটি ছক্কা মারতে পারলে কথাই ছিল না। স্যাম বিলিংস পারেননি। মিচেল মার্শের করা ওভারটি থেকে এলো ৮ রান।
একটি চার মারতে পেরেছিলেন বিলিংস। শেষ বলে ডেভিড ওয়ার্নারকে ক্যাচ দিয়ে বিদায় নেন ইংল্যান্ডের পরাজয় লিখে। হ্যাঁ, সেঞ্চুরি করেছেন, নিজের ১৯তম ওয়ানডেতে এসে প্রথম তিন অঙ্কের দেখা। যদিও এমন সেঞ্চুরি ইংল্যান্ডের সাবেকি দিনের সঙ্গে যায়, যাতে থাকে নিজের প্রাপ্তি, দলের নয়। তাই হারই মানতে হয়েছে ইংল্যান্ডকে, ১৯ রানে।
ওল্ড ট্রাফোর্ডের নরম ও ধীরগতির উইকেটে গ্লেন ম্যাক্সওয়েলের ৭৭, মিচেল মার্শের ৭৩ ও মার্কাস স্টয়নিসের ৪৩ রানের যোগফলে দাঁড়ানো ২৯৫ রানের লক্ষ্য যে সহজ নয়, সেই আভাস পাওয়া গেছিল আগেই। বোলিং করতে এসেই সেটি ভালোই বুঝিয়ে দেন অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজলউড ও লেগস্পিনার অ্যাডাম জাম্পা। প্রথম পাওয়ার প্লেতেই ওপেনার জেসন রয় ও জো রুটকে তুলে নেন ম্যান অব দ্য ম্যাচ হ্যাজলউড। রয়কে (৩) নিজের বোলিংয়ে ক্যাচ বানান ৭ রানে, রুটকে(১) ১৩ রানে উইকেটকিপারের হাতে। ৫৫ রানে অধিনায়ক ইয়ন মরগান (২৩) ফিরে যান জাম্পার লেগস্পিনে। ১৭তম ওভারের প্রথম বলেই আবার জাম্পার অঘাত, এবার টি-টোয়েন্টি সিরিজের নায়ক বাটলার (১) আউট। ইংল্যান্ডের কোমর ভেঙে গেছে ওখানেই। পুরস্কার বিতরণীতে এসে মরগান সত্যটা স্বীকার করে নিয়েছেন, ‘ব্যাট হাতে ম্যাচটি সম্ভবত আমাদের জন্য শেষ হয়ে গেছিল ১০-১২ ওভারের মধ্যেই।’ তবে এখান থেকেও ম্যাচ যে বেরোয় না, তা নয়। সেজন্য অতিমানবীয় ইনিংস খেলা লাগতো জনি বেয়ারেস্টা ও স্যাম বিলিংসকে। তারা চেষ্টা করেছেন, পঞ্চম উইকেটে ১১৩ রানের জুটি গড়েছেন। তবে এটাও যথেষ্ট ছিল না। জাম্পার লেগস্পিনেই ৮৪ রানে ক্যাচ তুলে যখন বিদায় নিলেন বেয়ারস্টো, ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। বিলিংস নিজের প্রথম সেঞ্চুরি করে অনেকটা কাছাকাছি নিয়ে শেষ করেছেন। এই ‘অনেকটা’ আসলে অ-নে-ক ব্যবধানের। ১০১ বলে সেঞ্চুরি করেছেন বিলিংস, ১৪টি চারের সঙ্গে ২টি ছক্কায় ১১৮ রান করে আউট হয়েছেন ১১০ বল খেলে। এটা যদি আরও ১০ বল কম খেলে করতে পারতেন তাহলে অন্যরকম কিছু হতে পারতো। পারেননি বলেই অস্ট্রেলিয়ার জয়ে শুরু হলো তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
২০১৯ সালের ১১ জুলাই এর আগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সে ম্যাচে মরগানের দলের কাছে ধুলোর মতো উড়ে যেতে হয়েছিল অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়াকে। এজবাস্টনে সেটি ছিল বিশ্বকাপের সেমিফাইনাল এবং তাতে ১০৭ বল হাতে রেখে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। আবার ইংল্যান্ডে ফিরে সেই ‘লজ্জা’ থেকে একটু মুখ বাঁচাতে পারলো ফিঞ্চের দল। ধ্বংসাবশেষের মধ্যেও সেই ম্যাচে যিনি দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেছিলেন, সেই স্টিভ স্মিথকে ছাড়াই জয়। সেই বিশ্বকাপের সেমিফাইনাল প্রসঙ্গক্রমে আসছে আরেকটি কারণে, সেই ম্যাচের ৯ জন খেলেছেন ইংল্যান্ড দলে, অস্ট্রেলিয়া দলে ৭জন।
টি-টোয়েন্টি সিরিজ হার দিয়ে শুরু করে তা খুইয়েছে অস্ট্রেলিয়া, ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ শুরু হলো জয়ে। তার ওপর ক্রিকেটের সবচেয়ে পুরোনো দুই প্রতিযোগীর ১৫০তম ম্যাচ ছিল এটি। সেই মাইলফলকের ম্যাচটি জিতে ভীষণ খুশি ফিঞ্চ। আজ রবিবারের ম্যাচটি জিততে পারলেই বদলা নেওয়া হবে টি-টোয়েন্টি সিরিজের।

ইতিবাচক সাড়া পেলো বিসিবি


ক্রীড়া প্রতিবেদক

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য মিরপুরে হোম অব ক্রিকেটে ব্যক্তিগত অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে তাদের অনুশীলনে কোচিং স্টাফরা নেই। বিদেশি কোচিং স্টাফরা দেশে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টিনে রয়েছেন।
করোনা নেগেটিভ কোচিং স্টাফরা যাতে অনুশীলনে যোগ দিতে পারেন সেজন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বিসিবি। গতকাল শনিবার মিরপুরে হোম অব ক্রিকেটে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানিয়েছেন, মৌখিকভাবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সম্মতি পেয়েছে বিসিবি। তবে কিছু কাগজপত্র চেয়েছে অধিদপ্তর।

লড়াই থেকে সরে গেলেন বাদল রায়

ক্রীড়া প্রতিবেদক
মাস ছয়েক আগে যখন তরফদার মো. রুহুল আমিন বাফুফে সভাপতি পদে নির্বাচন করবেন না বলে জানিয়ে দেন কাজী মো. সালাউদ্দিনকে, তখন বর্তমান কমিটির সহ-সভাপতি বাদল রায় ঘোষণা দিয়েছিলেন তিনি নির্বাচন করবেন। সংবাদ সম্মেলন করে তিনি বলেছিলেন, ‘কাজী সালাউদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হতে দেয়া যাবে না। কেউ না দাঁড়ালে আমি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করব।’
ঘোষণামতে বাফুফে নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করে জমাও দিয়েছিলেন তিনি। বলেছিলেন, শেষ পর্যন্ত লড়াই করবেন। কিন্তু গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নিজের জমা দেয়া ফরম তুলে নেন সাবেক এ তারকা ফুটবলার। বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় থাকলেও এক ঘণ্টা পর বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি দিয়ে যান বাদল রায়ের স্ত্রী। নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র প্রত্যাহার করায় তার সেই আবেদন গ্রহণ করা হবে কি না, সেটি নিয়ে সিদ্ধান্ত হবে বাফুফের নির্বাচন কমিশনে।

একাডেমি প্রকল্প চালু করতে যাচ্ছে বাফুফে

ক্রীড়া প্রতিবেদক
বিশ্বখ্যাত একাডেমি প্রকল্প চালু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ ফুটবলে অনেকগুলো ব্যক্তিগত একাডেমি ও বাণিজ্যিক কার্যক্রম চালু আছে বলে ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে যেসব একাডেমি মানসম্পন্ন ফুটবলার তৈরি করবে তাদের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের পুরস্কার প্রদানের মাধ্যমে পরিচিতি ও স্বীকৃতি প্রদানের জন্য একাডেমি প্রকল্প চালু করবে বাফুফে। যেসব একাডেমি বাফুফে, এএফসি ও ফিফা স্বীকৃত মানদ- পূরণ করবে তাদের দ্বৈত প্রক্রিয়ার মাধ্যমে পুরস্কার দিবে বাফুফে। মানদ- বিচারে দেয়া হবে এক, দুই বা তিন তারকার স্বীকৃতি। এ বিষয়ে একাডেমি প্রতিনিধিদের নিয়ে একটি জুম সভার আয়োজন করে বাফুফের টেকনিক্যাল বিভাগ। সেখানে পুরস্কারের জন্য প্রকল্প, নির্দিষ্ট তথ্য অনুসন্ধান প্রক্রিয়া এবং মূল্যায়ন প্রক্রিয়া ইত্যাদি উপস্থাপন করা হয়।

দাপুটে জয়ে লিগ শুরু আর্সেনালের

ক্রীড়া প্রতিবেদক
ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নিল আর্সেনাল। গতকাল শনিবার ক্রাভেন কটেজে ফুলহ্যামকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শুরু করেছে গানাররা।
ম্যাচে দারুণ খেলেছেন চেলসির সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করে আর্সেনালে আসা উইলিয়ান। ব্রাজিলিয়ান উইঙ্গার শুধু গোলটাই পাননি, খেলেছেন মাঠময়। দলের তিন গোলের দুটিতেই অবদান ছিল তার। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। অবামেয়াংয়ের বাড়ানো বল পেয়ে যান উইলিয়ান। গোলমুখ থেকে তার প্রচেষ্টা রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি ফুলহ্যাম গোলরক্ষক। আর সেই সুযোগে কাছেই থাকা ফরাসি ফরোয়ার্ড লাকাজেতে বাঁ পায়ের শটে গোল করে দেন। ২৭ মিনিটে গোল পেয়ে যেতে পারতেন উইলিয়ানও। দুর্ভাগ্যজনকভাবে তার ফ্রি-কিক লেগে যায় পোস্টে। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গারের কর্নার থেকেই দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল।
এর আট মিনিটের মাথায় আরও এক গোল আর্সেনালের। ৫৭তম মিনিটে অধিনায়ক পিয়েরে-এমেরিক অবামেয়াং বাঁ দিক থেকে আক্রমণে ওঠে ডান পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দেন। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল।

করোনায় ৩ হাজার কোটি টাকা ক্ষতি হলো বার্সার

ক্রীড়া প্রতিবেদক
করোনার কারণে কতভাবে যে কত মানুষ কিংবা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। ইউরোপে করোনার ব্যাপকতা চলেছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে মাসে। ওই সময় পুরো ইউরোপ অবরূদ্ধ হয়ে পড়েছিল বিশ্ব থেকে। এ সময় বন্ধ হয়ে পড়েছিল ইউরোপিয়ান ফুটবল।
ইউরোপের জনপ্রিয় লিগগুলো বন্ধ ছিল তিন মাসেরও বেশি সময়। লম্বা এই সময়টাতে সব কিছু বন্ধ থাকার কারণে আর্থিক ক্ষতিরও সম্মুখিন হতে হয়েছিল প্রায় সবাইকে। তবে, এককভাবে নিজেদের ক্ষতির কথা এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলো লিওনেল মেসিদের কাব বার্সেলোনা। বার্সেলোনা নিশ্চিত করেছে, করোনাভাইরাসের কারণে মোট ৩০০ মিলিয়ন ইউরো (প্রায় তিন হাজার কোটি টাকা) ক্ষতির সম্মুখিন হয়েছে তারা। আগামী বাজেটেই এ ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছে বার্সার বোর্ড অব ডিরেক্টরস।

ইন্টার মায়ামিতে হিগুয়েইন

ক্রীড়া প্রতিবেদক
সাবেক জুভেন্টাস সতীর্থ, ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ব্লেইস মাতুইদি ইন্টার মায়ামিতে নাম লিখিয়েই জল্পনাটা জোরালো করেছিলেন গঞ্জালো হিগুয়েইন। অবশেষে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে সাইন করতেই আর্জেন্টাইন স্ট্রাইকার শুক্রবার ফোরিডা পৌঁছে গেছেন বলে খবর দিয়েছে সংবাদ সংস্থা এপি
ইন্টার মায়ামির অন্যতম মালিক সাবেক ইংলিশ ফুটবল তারকা ডেভিড বেকহাম। শুক্রবার ৩২ বছর বয়সী হিগুয়েইনের পাশে দাঁড়িয়ে তোলা ছবি টুইটারে পোস্ট করে খবরটি নিশ্চিত করেছেন আরেক মালিক হোর্হে মাস। ‘হৃদয়ের উষ্ণতায় স্বাগত গঞ্জালো হিগুয়েইন, বিশ্বমানের এক স্ট্রাইকার ও চ্যাম্পিয়ন’-মাস ছবির ওপর লিখেছেন ক্যাপশনে। ইন্টার মায়ামি আনুষ্ঠানিকভাবে হিগুয়েইনের ট্রান্সফার নিশ্চিত করেনি, কারণ তার মেডিকেল এখনও সম্পন্ন হয়নি বলে জানিয়েছে এএফপি। এই প্রথম এমএলএসে এসে ইন্টার মায়ামিকে সংগ্রাম করতে হচ্ছে। ১০ ম্যাচে মাত্র দুটি জয় তাদের। হিগুয়েইনের জন্য অপেক্ষা করছে চ্যালেঞ্জ। এখানে কি উপভোগ করবেন ফুটবল? অবশ্য বড় ভাই ফেদেরিকোও খেলেন এমএলএসে, তার দল ডি.সি ইউনাইটেড। এটা যদি তাকে সাহায্য করে কিছুটা।

আবারও বার্সা অধিনায়ক নির্বাচিত হলেন মেসি

ক্রীড়া প্রতিবেদক
নতুন মৌসুম শুরুর আগে ক্যাম্প ন্যু ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে চমকে দিয়েছিলেন লিওনেল মেসি। বহু নাটকীয়তার পর সেই সিদ্ধান্ত বদলে থেকে যাচ্ছেন তিনি।
শুধু কি তাই, ফের একবার কাতালান জায়ান্টদের অধিনায়কত্বের বাহুবন্ধনি বাঁধতেও দেখা যাবে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে।
গতকাল শনিবার সতীর্থদের ভোটে নতুন মৌসুমের জন্য অধিনায়ক নির্বাচিত হয়েছেন মেসি। মেসির অবর্তমানে নেতৃত্বের দায়িত্ব থাকবে জেরার্ড পিকে, সার্জিও বুসকেতস এবং সার্জি রবের্তোর কাঁধে। ২০১৮ সালে কাবের কিংবদন্তি স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার বিদায়ের পর থেকেই বার্সার নেতৃত্ব দিচ্ছেন মেসি।

নাইকি ছেড়ে পুমায় নেইমার

ক্রীড়া প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড নাইকি ছেড়ে পুমার সঙ্গে যুক্ত হলেন ব্রাজিলের সুপারস্টার নেইমার। প্যারিস সেইন্ট জার্মেইয়ের এ ফরোয়ার্ড শনিবার আনুষ্ঠানিকভাবে পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন।
১৫ বছর নাইকির সঙ্গে যুক্ত ছিলেন নেইমার। দুই সপ্তাহ আগে ক্রীড়া জগতের শীর্ষ প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি শেষ হয় নেইমারের। এবার নতুন করে চুক্তি করেননি। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার দাবি, পুমার সঙ্গে ‘বাম্পার ডিল’ হয়েছে নেইমারের। এজন্য নাইকির সঙ্গে নতুন করে চুক্তি করেননি। এর আগে পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত ছিলেন পেলে, জোহান ক্রুফ, ইউসিবিও এবং দিয়াগো ম্যারাডোনো।

ইউএস ওপেনে মহিলাদের ডাবলস সিয়েগমুন্ড-জোনারেভার দখলে

ক্রীড়া প্রতিবেদক
প্রথমবার জুটি বেঁধে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে নজির গড়লেন লরা সিয়েগমুন্ড এবং ভেরা জোনারেভা জুটি। অন্যান্য পার্টনারের জুটি বেঁধে এর আগে গ্র্যান্ড স্ল্যাম জয়ের অভিজ্ঞতা থাকলেও চলতি ইউএস ওপেনে একেবারে আনকোরা হিসেবেই জুটি বেঁধেছিলেন জার্মান-রাশিয়ান প্লেয়ারদ্বয়। আর জুটি বেঁধেই মহিলাদের ডাবলস খেতাব ছিনিয়ে নিলেন সিয়েগমুন্ড-জোনারেভা।
অবাছাই এই জার্মান-রাশিয়ান জুটি ফাইনালে হারালেন চিনের জু ইফান এবং যুক্তরাষ্ট্রের নিকোল মেলিকার জুটিকে। শুক্রবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রতিপক্ষকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে রূপকথার জয় ছিনিয়ে নিলেন টুর্নামেন্টের অবাছাই এই জুটি। ফাইনালে টুর্নামেন্টের তৃতীয় বাছাই চিনা-আমেরিকা জুটির বিরুদ্ধে তাঁদের পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৬-৪। বছর ছত্রিশের জোনারেভার এটি তৃতীয় মেজর ডাবলস জয়। এর আগে ২০০৬ ফ্রান্সের নাথালি ডেচির সঙ্গে জুটি বেঁধে এবং ২০১২ অস্ট্রেলিয়ান ওপেনে স্বদেশী সেতলানা কুজনেৎসোভার সঙ্গে জুটি বেঁধে খেতাব জিতেছিলেন এই রাশিয়ান।
এদিকে পুরুষদের ডাবলসে খেতাব জিতলেন ক্রোয়েশিয়ার মেট প্যাভিচ এবং ব্রাজিলের ব্রুনো সোয়ারেস জুটি। অবাছাই এই জুটি ফাইনালে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন টুর্নামেন্টের অষ্টম বাছাই নেদারল্যান্ডসের ওয়েসলি কুলহফ এবং ক্রোয়েশিয়ার নিকোলা মেকটিচ জুটিকে। মেগা ফাইনালে প্যাভিচ-সোয়ারেজ জুটি ৭-৫, ৬-৩ ব্যবধানে পরাস্ত করে প্রতিপক্ষকে।

ফাইনালে থিয়েম-জভেরেভ লড়াই

ক্রীড়া প্রতিবেদক
ইউএস ওপেনের ফাইনালে উঠে গেছেন ডোমিনিক থিয়েম। শেষ চারের লড়াইয়ে আর্থার অ্যাশে স্টেডিয়ামে অস্ট্রিয়ার এ তারকা হারিয়েছেন রুশ প্রতিপক্ষ দানিল মেদভেদেভকে।
মেদভেদেভকে ৬-২, ৭-৬ (৯-৭) ও ৭-৬ (৭-৫) গেমে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছেন থিয়েম। রোববারের ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যে থিয়েম লড়বেন জার্মানির আলেকজান্ডার জভেরেভের বিপক্ষে। আরেক সেমিফাইনালে আলেকজান্ডার জভেরেভ হারিয়েছেন স্পেনের পাবলো ক্যারেনো বাস্তাকে। জার্মান তারকা ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল নিশ্চিত করেন ৩-৬, ২-৬, ৬-৩, ৬-৪ ও ৬-৩ গেমে জিতে। ২০১৪ সালের চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়ার মারিন চিলিচের পর এই প্রথম নতুন রাজা পেতে যাচ্ছে ইউএস ওপেন। বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও সুইস মহাতারকা রজার ফেদেরার এবারের আসরে না খেলায় নতুনদের সামনে এসেছে সুযোগটা। থিয়েম ও জভেরেভ দুজনেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ন্যাম জয়ের স্বপ্ন বুনে চলেছেন।

পিএসজিতে ধারে ফোরেন্সি

ক্রীড়া প্রতিবেদক
রক্ষণের শক্তি বাড়াতে রোমা থেকে এক মৌসুমের জন্য ধারে আলেস্সান্দ্রো ফোরেন্সিকে এনেছে পিএসজি। মৌসুম শেষে ইতালিয়ান রাইট ব্যাককে কিনে নেওয়ার সুযোগ রয়েছে ফরাসি চ্যাম্পিয়নদের।
গণমাধ্যমের খবর, ১০ লাখ ইউরোতে ফোরেন্সিকে এনেছে পিএসজি। স্থায়ীভাবে পেতে হলে টমাস টুখেলের দলকে দিতে হবে আরও ৯০ লাখ ইউরো। গত মৌসুমের দ্বিতীয় ভাগে ভালেন্সিয়ার হয়ে ধারে খেলেন ফোরেন্সি। লা লিগার কাবটির হয়ে ১৪ ম্যাচে মাঠে নামেন তিনি। রোমার হয়ে ২৮০ ম্যাচ খেলা ফোরেন্সি দেশের হয়ে মাঠে নামেন ৩৬ ম্যাচে।

আইপিএলে যুক্তরাষ্ট্রের প্রথম ক্রিকেটার আলি খান

ক্রীড়া প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের জন্য আইপিএলে দল পাওয়া অনেকটা স্বপ্নের মতো। সেই স্বপ্ন সত্যি হতে চলছে আলি খানের। দেশটির প্রথম খেলোয়াড় হিসেবে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে যোগ দিতে যাচ্ছেন এই পেসার।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, চোটের কারণে আইপিএল থেকে নাম সরিয়ে নেওয়া ইংলিশ পেসার হ্যারি গার্নির জায়গায় আলিকে দলে নিতে চায় কলকাতা নাইট রাইডার্স। আইপিএল কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় আছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে একই মালিকানাধীন ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলছেন আলি। দলটির হয়ে সিপিএলে দারুণ বোলিং পারফরম্যান্স বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে তার খেলার দরজা খুলে দিয়েছে। ২০১৮ সালে সিপিএল অভিষেকে ১২ ম্যাচে ১৬ উইকেট নিয়ে পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। পরে খেলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ ও আফগানিস্তান প্রিমিয়ার লিগে।