স্টাফ রিপোর্টার।।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রী ঊষা রানি চন্দ্রের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। সোমবার (৩ মার্চ) দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম ও সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে খুলনা কার্যালয়ে মামলা দুটি করেন।
রকিবুল ইসলামের করা মামলায় আসামি করা হয়েছে নারায়ণ চন্দ্রকে। এ মামলায় তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। তার সম্পদ অনুসন্ধানকালে এই অবৈধ সম্পদের সন্ধান পাওয়া যায়।
মাহমুদুল হাসান শুভ্রর করা মামলায় নারায়ণ চন্দ্র এবং তার স্ত্রী ঊষা রানি চন্দ্রকে আসামি করা হয়েছে। এ মামলায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।











































