Home খেলাধুলা অস্ট্রেলিয়ার সামনে কঠিন লক্ষ্য রাখল আফগানিস্তান

অস্ট্রেলিয়ার সামনে কঠিন লক্ষ্য রাখল আফগানিস্তান

9


স্পোর্টস ডেস্ক।।

চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে এখন আলোচনায় আফগানিস্তান। আজ অস্ট্রেলিয়াকে হারালেই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে পৌঁছে যাবে দলটি। এমন মহাগুরত্বপূর্ণ ম্যাচে সেদিকুল্লাহ আতাল ও আজমাতুল্লাহ ওমারজাইয়ের ফিফটির ওপর ভর করে অস্ট্রেলিয়ার সামনে ২৭৪ রানের কঠিন লক্ষ্য দিয়েছে আফগানরা।


ইংল্যান্ড ম্যাচের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষেও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। আগের ম্যাচের মতো এই ম্যাচেও রান পাননি রাহমানুল্লাহ গুরবাজ। সেট হয়েও ইনিংস খুব বেশি বড় করতে পারেননি আগের ম্যাচে ১৭৭ রানের ইব্রাহিম জাদরান (২২)। একই ভাগ্য বরণ করেছেন রহমত শাহ (১২)। ৯১ রানের মধ্যেই ৩ উইকেট হারায় আফগানরা।

চতুর্থ উইকেটে ৬৮ রান যোগ করেন তিনে নামা সেদিকুল্লাহ আতাল ও অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। ১৫৯ রানের মাথায় আতাল ফিরলে ভাঙে এই জুটি। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান (৯৫ বলে) আসে তার ব্যাটেই। এরপর দুই শ রান করতেই ৭ উইকেট হারায় আফগানিস্তান। তবে ইনিংসের শেষের ভাগে একাই ইনিংস টেনে নেন আজমাতুল্লাহ ওমারজাই। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন রশিদ খান (১৭ বলে ১৯)। শেষ ওভারে আউট হওয়ার আগে ৬৩ বলে ৬৭ রান করেন ওমারজাই। মাত্র ১টি চার হাঁকালেও ৫টি ছক্কা মেরেছেন এই অলরাউন্ডার। তাতে ২৭৪ রানে থামে আফগানরা।

অস্ট্রেলিয়ানদের হয়ে বল হাতে সবচেয়ে সফল পেসার বেন ডোয়ারসুইস। ৯ ওভারে ৪৭ রানের বিনিময়ে ৩ উইকেট নেন তিনি। দুইটি করে উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা ও স্পেনসার জনসন।