Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

74
পেঁয়াজ ফুল ফুটেছে। ফুলে মধু আহরণে এসেছে মৌমাছি

খাল-জলাশয়, আবাদি জমি ভরাটের মচ্ছব
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় ফসলি জমি, খাল ও জলাশয় ভরাট করে বসতবাড়ি, কলকারখানাসহ নানান স্থাপনা গড়ে তোলা হচ্ছে। এতে আবাদি জমি কমে যাওয়ায় ফসলের উৎপাদন কমছে। জীববৈচিত্র্য ও পরিবেশের ওপরও পড়ছে বিরূপ প্রভাব।
জানা গেছে, উপজেলা সদর, গুটুদিয়া, রংপুর ও ভান্ডারপাড়া– এ চারটি ইউনিয়নে কয়েক হাজার একর ফসলি জমি ও অর্ধশতাধিক খাল ও জলাশয় রয়েছে। কয়েক বছর ধরে জেলেডাঙ্গা, ভ্যালকামারী, শৈলমারী, তালতলা, বকুলতলা, জাবড়া, বিলপালার উত্তর, পশ্চিম ও দক্ষিণ, পঞ্চু, রংপুর, লতা, খামারবাটি, শলুয়া, ঘোনা, প্রভৃতি এলাকার ফসলি জমি ও খাল ভরাট করা হয়েছে।
উপজেলার বকুলতলা গ্রামের সবজিচাষি কমল কান্তি বলেন, ডুমুরিয়ার বিভিন্ন এলাকায় জমি ব্যবসায়ীরা ফসলি জমি ও সরকারি খাল বালু দিয়ে ভরাট করে ফেলছেন। পরে চড়া দামে তারা জমি বিক্রি করছেন। এসব বিষয় দেখার যেন কেউ নেই।
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রবীণ শিক্ষক বলেন, উপজেলার অধিকাংশ এলাকায় ব্যক্তি মালিকানার জমিঘেঁষে ছোট-বড় অনেক খালের শাখা-প্রশাখা বয়ে গেছে। জমি ব্যবসায়ীরা গ্রামবাসীর কাছ থেকে জমি কিনে পার্শ্ববর্তী সরকারি খাল দখলে নিচ্ছেন। পরে সরকারি খাল ভরাট করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। ব্যবসায়ীরা তাদের মূল জমির সঙ্গে সরকারি জমিও একই সঙ্গে বিক্রি করে দিচ্ছেন। এ কাজে সহযোগিতা করছেন উপজেলা ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা।
ডুমুরিয়ার কলেজছাত্র আরিফুল ইসলাম বলেন, সখুলনা-সাতক্ষীরা মহাসড়কের কৈয়া ব্রিজ থেকে ডুমুরিয়া বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কের দু’পাশ ক্রমশ দখল হয়ে যাচ্ছে। জমি ব্যবসায়ীরা রাস্তা ও স্থাপনা নির্মাণের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। প্রশাসন বিষয়টি দেখেও না দেখার ভান করছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলাজুড়ে বিভিন্ন গাছে ও খুঁটি পুঁতে বিভিন্ন নামে শত শত সাইনবোর্ড ঝুলিয়েছেন জমি ব্যবসায়ীরা।
উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমি বালু দিয়ে ভরাট কাজে জড়িত জেলেরডাঙ্গা এলাকায় প্রাইম প্রোপার্টিজের মালিক হাফিজ ইসমাইল বলেন, অনেকেই ফসলি জমি ভরাট করছেন। তাতে তো সমস্য হচ্ছে না। সরকারিভাবে তাদের কেউ নিষেধও করেনি। নিজস্ব জমি তারা বালু দিয়ে ভরাট করছেন।
খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ হোসেন বলেন, সরকারি খাল ভরাটে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা ইনছাদ ইবনে আমিন বলেন, ডুমুরিয়ার চারটি ইউনিয়নে প্রতি বছর প্রায় সাড়ে ২৫ বিঘা ফসলি জমি কমে যাচ্ছে। এতে কৃষিপণ্যের উৎপাদন কমছে।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, খাল ও জলাশয়গুলো রক্ষা না করলে স্থায়ী জলাবদ্ধতা তৈরির পাশাপাশি প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হারাবে দেশীয় প্রজাতির মাছ। এছাড়া জীববৈচিত্র্য ও পরিবেশ হুমকির মুখে পড়বে।
ডুমুরিয়ার ইউএনও মুহাম্মদ আল-আমিন বলেন, এ উপজেলায় ছোট-বড় ১২৫টি সরকারি খাল রয়েছে; যার মধ্যে ৫০০ কিলোমিটার খাল ভরাট হয়ে তা বেদখল হয়েছে। দীর্ঘদিন ধরে একটি চক্র ফসলি জমি ও খাল-জলাশয় ভরাট করে নানা স্থাপনা গড়ে তুলছে। বেআইনি এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।
খুলনা জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, খাল ও জলাশয় ভরাট করা দণ্ডনীয় অপরাধ। সরকার কৃষি ও অকৃষি শ্রেণির খাসজমি বরাদ্দ দিয়ে থাকে। কৃষিজমি বরাদ্দ নিয়ে কেউ বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না। এমনটি কেউ করলে তাঁর জমির দলিল বাতিলের ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় ভূমি অফিসের লোকজনসহ যারা সরকারি জমি দখলে সহায়তাকারী তাদের আইনের আওতায় আনা হবে।

ধর্ষণে অন্ত:সত্ত্বা, ভয় দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীর গর্ভপাত
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার পর ভয়ভীতি দেখিয়ে গর্ভপাত ঘটানোর অভিযোগ উঠেছে আবু তালেব (৬০) নামে বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্ত ধর্ষক একই এলাকার ঘরজামাই ও উপজেলার বসতপুর কলোনী গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
এ ঘটনায় সোমবার সকালে ওই প্রতিবন্ধীর মা বাদী হয়ে ধর্ষক আবু তালেবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার গোগা ইউনিয়নের হরিচন্দ্রপুর গ্রামের বাসিন্দা ওই কিশোরী জন্ম থেকে বাকপ্রতিবন্ধী। কিশোরী তাদের বাড়ির পাশের ঘর জামাই আবু তালেবের বাড়িতে প্রায় যাতায়াত করতো। এই সুযোগে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ওই বাকপ্রতিবন্ধী কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করতেন আবু তালেব। এক পর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার বাবা-মা বিষয়টি স্থানীয় ব্যক্তিবর্গকে জানান ও বিচার চান। স্থানীয় ব্যক্তিবর্গ বিচার না করে বিষয়টি ধামাচাপা দিতে ওই কিশোরীর বাবা-মাকে ভয়ভীতি দেখায়। পরে গোগা বাজারের পল্লী চিকিৎসক রেজার স্ত্রীর সহযোগিতায় ওই কিশোরীর গর্ভপাত করায়। এঘটনায় ওই কিশোরীর মা জেসমিন বাদী হয়ে (সোমবার) থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে ভুক্তভোগী কিশোরীর মা বলেন, কিছুদিন ধরে তার শারীরিক অবস্থার পরিবর্তন হওয়ায় তাদের সন্দেহ হলে তাকে স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করে রিপোর্টে দেখা যায় মেয়ে দুই মাসের অন্তঃসত্ত্বা। পরে বিষয়টি মেয়ের কাছে জানতে চাইলে সে ইশারা ইঙ্গিতে আবু তালেব দাদা নাম বলে কেঁদে ওঠে। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন তিনি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, আজ সকালে প্রতিবন্ধী কিশোরীর ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মামলায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

খুবিসহ বিশ্বের ৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গড়ে উঠছে গ্লোবাল এসডিজি ক্যাম্পাস নেটওয়ার্ক
খবর বিজ্ঞপ্তি
জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ড্রেসডেন (টিইউ) সাথে বনবিদ্যায় উচ্চ শিক্ষা ও গবেষণা এবং গ্লোবাল সাউথের অংশীদারদের শিক্ষাদান, গবেষণা ও স্থানান্তরের ক্ষেত্রে টেকসই বিষয়গুলোতে সহযোগিতার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের ৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গড়ে উঠেছে ‘গ্লোবাল-এসডিজি-ক্যাম্পাস’ নেটওয়ার্ক। বিশ্ববিদ্যালয়গুলো হলো- জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ড্রেসডেন (টিইউ), ক্যামেরুনের ইউনিভার্সিটি অব বামেন্ডা, থাইল্যান্ডের ক্যাসেটসার্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের খুলনা বিশ্ববিদ্যালয় এবং আর্জেন্টিনার ন্যাশনাল ইউনিভার্সিটি অব লা প্লাটা।
গ্লোবাল এসডিজি ক্যাম্পাস নেটওয়ার্ক প্রকল্পটি ৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি গতিশীল নেটওয়ার্ক গড়ে তুলেছে। যেখানে তাদের দেশের অভিজ্ঞতা ও জ্ঞান একে অন্যের সাথে আদান প্রদান করছে। এর ফলে ফরেস্ট্রি এডুকেশনের একটি অনলাইনভিত্তিক আন্তর্জাতিক মানসম্পন্ন পোস্ট গ্রাজুয়েশন কোর্স মডিউল তৈরি হচ্ছে, যা থেকে এ বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানসম্পন্ন জ্ঞান অর্জনে সক্ষম হবে। এছাড়া অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জ ও সহযোগিতামূলক গবেষণাকে উন্নত করতে একটি স্ট্যান্ডার্ড গ্লোবাল ক্যাম্পাস মোবিলিটি পদ্ধতি প্রতিষ্ঠিত হবে।
এরই ধারাবাহিকতায় সোমবার (০৩ ফেব্রুয়ারি) খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে বার্ষিক পার্টনার ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এছাড়া গতকাল রবিবার দিনব্যাপী ওয়ার্কশপ শেষে সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধিবৃন্দ।
এ সময় উপাচার্য বলেন, বনবিদ্যা সম্পর্কিত উচ্চ শিক্ষা ও গবেষণার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়সহ ৫টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে এমন একটি শক্তিশালী নেটওয়ার্ক ব্যবস্থা নতুন দিগন্ত উন্মোচন করবে। তাদের যৌথ ও সহযোগিতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ‘গ্লোবাল-এসডিজি-ক্যাম্পাস’ নেটওয়ার্ক বিশ্বে দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি এই নেটওয়ার্ক গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, গ্লোবাল-এসডিজি-ক্যাম্পাস নেটওয়ার্কের খুলনা বিশ্ববিদ্যালয় অংশের সমন্বয়কারী ও ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, প্রফেসর ড. মোঃ ইফতেখার শামস্, প্রফেসর ড. মোঃ নবিউল ইসলাম খান, প্রফেসর ড. আব্দুস সোবহান মল্লিক, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, আর্জেন্টিনার ন্যাশনাল ইউনিভার্সিটি অব লা প্লাটার ড. সারাহ বার্নস, ক্যামেরুনের ইউনিভার্সিটি অব বামেন্ডার ড. জুড কিমেংসি, জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ড্রেসডেন প্রফেসর ড. লুকাস গিসেন ও ড. সিমন বেনেডিকটার, থাইল্যান্ডের ক্যাসেটসার্ট ইউনিভার্সিটির ড. থানিয়াপর্ন বাংবাই ও ড. কোবসাক ওয়াংথনচাই, থাইল্যান্ডের পরিবেশ মন্ত্রণালয়ের মেরিন এন্ড কোস্টাল রিসোর্স বিভাগের ড. পুনশ্রী ওয়াংথনচাই এবং বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোঃ সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

কুয়েটে জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী সরস্বতী পূজা
খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৩ ফেব্রুয়ারি সোমবার সকালে জাঁকজমকপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে পূজা উদ্যাপন পরিষদের সার্বিক আয়োজনে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারীসহ অন্যান্যরা স্বতঃফূর্তভাবে শ্রী পঞ্চমী তিথিতে শ্বেতবসনা, বাগ্দেবী সরস্বতী দেবীর শুভ আরাধনার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয় কুয়েটের কেন্দ্রীয় মন্দির। পুজার আনুষ্ঠানিকতার সময়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পুজা উদ্যাপন পরিষদের সভাপতি সহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। শাস্ত্রমতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেত-শুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করে থাকেন। পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে সরস্বতী পূজা উপলক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে ০২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় মাতৃ বরণ সন্ধ্যা ও মঞ্চ-সজ্জা । খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদ ও সনাতনী ছাত্রকল্যাণ পরিষদ পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

জিয়ানগর নাম পুনর্বহালের জন্য জনসমীক্ষা
ইন্দুরকানী প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার নাম ‘জিয়ানগর’ পুনর্বহালের জন্য গন সমীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেমাবার স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক ও পিরোজপুরের অতিরিক্তি জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান সরেজমিনে উপস্থিত থেকে এই জনসমীক্ষা গ্রহন করেন। উপজেলার ৪টি স্থান বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ, উপজেলা পরিষদ সভাকক্ষ, উপজেলা ভূমি অফিস কার্যালয়ের সামনে এবং টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার মাঠে হাজার হাজার মানুষ অংশ নিয়ে এই জনসমীক্ষায় জিয়ানগর নামকরনের পক্ষে স্বাক্ষর প্রদান করেন। ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মাদ আলী, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন, সেক্রেটারী তৌহিদুর রহমান রাতুল, গণমাধ্যমকর্মী, স্থানীয় গন্যমান্য, ব্যবসায়ী, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এবং মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সকলেই উপজেলা ও থানার নাম ইন্দুরকানীর পরিবর্তে জিয়ানগর পুনর্ববহালের পক্ষে গণস্বাক্ষর করেন।
বিগত ৪দলীয় জোট ২০০১ সালের নির্বাচনের সময় খালেদা জিয়া নির্বাচনী জনসভায় পিরোজপুরে আসলে জোট প্রার্থী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট, পত্তাশী ও বালিপাড়া ইউনিয়ন নিয়ে জিয়ানগর নামে একটি নতুন উপজেলা করার দাবি করেন। এই দাবির প্রেক্ষিতে খালেদা জিয়া নির্বাচিত হলে ৬ মাসের মধ্যে নতুন উপজেলা করার প্রতিশ্রুতি দেন। ৪দলীয় জোট সরকার গঠন করার পর ২০০২ সালের ২৭ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রশাসনিক পুনর্গঠন ও সংস্কার জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ৮৭তম সভায় পিরোজপুর সদর উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে জিয়ানগর নামে নতুন উপজেলা গঠনের প্রস্তার আনেন। অতপর ১৭ এপ্রিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে জিয়ানগর উপজেলার গেজেট প্রকাশিত হয় এবং একই বছরের ২১ এপ্রিল খালেদা জিয়া এখানে সফরে এসে জিয়ানগর উপজেলা আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করেন।
এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জনগনের মতামত উপেক্ষা করে রাজনৈতিক প্রতিহিংসা বশত ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ‘ইন্দুরকানী’ নামে গেজেট প্রকাশ করে।
৫আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার নাম জিয়ানগর পুনর্বহালের দাবী উঠতে থাকলে পিরোজপুর জেলা বিএনপির আহবায়কের নেতৃত্বে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী গত বছরের ৫ সেপ্টেম্বর উপজেলার নাম পরিবর্তনের জন্য স্থাণীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্ঠার কাছে স্থানীয় জনগনের স্বাক্ষরযুক্ত একটি আবেদনও পেশ করেন।
জনসমীক্ষা অনুষ্ঠানে বক্তারা বলেন, সাবেক প্রেসিডেন্ট থাকাকালে ১৯৭৯ ও ৮০ সালে দুই বার এই উপজেলা ভ্রমন করে গাবগাছিয়া এলাকায় একটি খাল খনন এবং চন্ডিপুরের জনসভা করেছিলেন। অপরদিকে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী জিয়ানগর নামের প্রস্তাব করেছেন তাই জিয়ানগর নামের সাথে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এবং জিয়াউর রহমানের সম্মান জড়িত রয়েছে।

স্যার ইকবাল রোডস্থ ব্যবসায়ী, শ্রমিক ও এলাকাবাসীর উদ্যোগে মাহফিল
খবর বিজ্ঞপ্তি
আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার বাদ আছর স্যার ইকবাল রোডস্থ ব্যবসায়ী, শ্রমিক ও এলাকাবাসীর উদ্যোগে খুলনা সদর থানার মোড়ে ১১তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল এর আয়োজন করা হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোরআন রিসার্চ একাডেমী, ঢাকার মহাসচিব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট্য ইসলামী সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা ইমাম হাসান নাসেরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খুলনা তারের পুকুর জামে মসজিদের ইমাম ও খাতিব হযরত মাওঃ মুফতি রিয়াদুল ইসলাম শফিক ও দারুল উলুম মাদ্রাসার প্রধান মুফতি হযরত মাওঃ মুফতি হুসাইন আহমেদ (দাঃবাঃ)। মাহফিলে সভাপতিত্ব করবেন খুলনা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ। মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মো: আবুল কাশেম সরদার সকলকে মাহফিলে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন। মাহফিলে মহিলার ওয়াজ শোনার সু-ব্যবস্থা থাকবে।

জমে উঠেছে খুলনার একুশে বইমেলা
খবর বিজ্ঞপ্তি
জমে উঠেছে খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত “একুশে বইমেলা, খুলনা-২০২৫” । সোমবার ছিল বইমেলার তৃতীয় দিন । বইমেলার মঞ্চে আজকের সাংস্কৃতিক আয়োজনে ছিল আমাদের কথা সাহিত্য পরিষদের কবি, লেখক ও বাচিক শিল্পীদের সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পরবর্তীতে কলাকেন্দ্র ও অরুনোদয় সঙ্গীত একাডেমীর শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মেলায় আগত উল্লেখযোগ্য সংখ্যক দর্শক শ্রোতা মেলামঞ্চের সাংস্কৃতিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জি.এম. মাকসুদুল হাসান এবং স্বর্ণালী দাশ।

ঝিনাইদহে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে বাসচাপায় নাজিম উদ্দিন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোয়ালহুদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন সাড়াতলা গ্রামের মিনাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে খালিশপুর বাজারে যাচ্ছিলেন। পথে শাপলা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’

ঝিকরগাছায় নারীর মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৪
যশোর অফিস
যশোরের ঝিকরগাছায় মাথার চুল কেটে ও মুখে কালি মাখিয়ে এক নারীকে নির্যাতন করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) রাতের ওই ঘটনায় ভুক্তভোগী ঝিকরগাছা থানায় মামলা করেছেন। পরে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ বলে জানান ঝিকরগাছা থানার ওসি মো. বাবলুর রহমান খান।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিকরগাছার বনেয়ালি কলাবাগানপাড়ার আবদুল হামিদের ছেলে শিমুল হোসেন, পদ্মপুকুর গ্রামের ইব্রাহীম খলিলের স্ত্রী শারমিন আক্তার রুমি, বেনেয়ালি গ্রামের মফিজুর ড্রাইভারের স্ত্রী রনি বেগম ও পদ্মপুকুর গ্রামের মুকুল বিশ্বাসের স্ত্রী রহিমা।
ভুক্তভোগীর অভিযোগ, তার ছেলের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের একটি মেয়ের দুই বছর আগে বিয়ে হয়। বনিবনা না হওয়ায় সম্প্রতি তাদের মধ্যে পারিবারিকভাবে বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর মেয়েটি একই উপজেলার গদখালি ইউনিয়নের বেনেয়ালি গ্রামের আব্দুল হামিদের ছেলে শিমুলকে বিয়ে করেন। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে ছেলের সাবেক স্ত্রীকে দেখতে যান তিনি। এ সময় সাবেক পুত্রবধূর স্বামী শিমুল হোসেন, চাচি শারমিন আক্তার রুমি, চাচি শাশুড়ি রনি বেগম, মা রহিমা বেগমসহ ওই বাড়ির লোকজন মিলে ভুক্তভোগীর মাথার চুল কেটে দিয়ে মুখে কালি মাখিয়ে দেন। এ সময় তারা বাঁশের লাঠি দিয়েও তাকে মারধর করেন।

তিনি আরো জানান, শুধু মারধর করেই তারা থেমে থাকেননি। বিকেল থেকে রাত পর্যন্ত তাকে শিমুলের বাড়ির পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়। কোথাও অভিযোগ করলে বড় ধরনের ক্ষতি করার ভয় দেখান অভিযুক্তরা। সেখান থেকে ছাড়া পেয়ে তিনি থানায় অভিযোগ দেন। পরে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।
গদখালি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম বলেন, “শুনেছি, তাবিজ-কবজ (যাদু টোনা) সন্দেহে এক নারীকে আটকে রেখে নির্যাতন করেছে। এভাবে একজন মানুষকে নির্যাতন করা ঠিক হয়নি। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।”
ঝিকরগাছা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, “ভুক্তভোগী তার ডিভোর্সি পুত্রবধূকে দেখতে তার নতুন স্বামীর বাড়ি যান। মেয়েটির স্বামী ও বাবার বাড়ির লোকজন ভুক্তভোগীকে আটকে রেখে মাথার চুল কেটে দেন। এ সময় তাকে মারধর করা হয়। এ ঘটনায় ছয় জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে গ্রেনেড উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে একটি মেহগনি বাগানে দিনভর অভিযান শেষে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে যৌথবাহিনী।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় অভিযান শেষ হয়। অভিযান শেষে গ্রেনেডটি ধ্বংস করে যৌথবাহিনী।
এর আগে সকাল ৭টা থেকে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি মেহগনি বাগানে এ অভিযান চালানো হয়।
সূত্র জানায়, অভিযানে আরজেএস ৩৬ মডেলের একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে যৌথবাহিনীর টিম। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এটি নিষ্ক্রিয় করে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার চৌকস সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, যৌথবাহিনী গ্রেনেড উদ্ধার করে সেটি নিষ্ক্রিয় করেছে।

চিকিৎসককে মারধর করা যুবদল নেতা বহিষ্কার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইক্তার রহমানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজেও এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেকিকেল অফিসার ডা. জাহাঙ্গীর আলম বিশ্বাসের ওপর হামলার অভিযোগ ওঠে পৌর যুবদলের নেতা ইক্তার রহমানের বিরুদ্ধে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সাবেক জনপ্রশাসনমন্ত্রীর ওপর আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ
মেহেরপুর প্রতিনিধি
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এবং তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে তিনদিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
এছাড়া সাবেক মন্ত্রীর ভগ্নিপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এ আদেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাদের এই রিমান্ড দেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন।
এদিকে আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যানে তোলার সময় উৎসুক জনতা ফরহাদ হোসেন ও অন্য আসামিদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে আসামিদের আদালতে নেওয়া হয়। তখন থেকেই আদালত চত্বরে শুরু হয় উত্তেজনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে। রিমান্ড আবেদনের শুনানি দুপুর ১২টায় শেষ হলেও কারাগারে নেওয়া হয় দুপুর ২টার দিকে। কারণ এসময় শিক্ষার্থী, বিএনপি নেতাকর্মী ও উৎসুক জনতা প্রিজন ভ্যান ঘিরে রাখেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের চেষ্টায় কারাগারের পথে রওয়ানা দেয় প্রিজন ভ্যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম জাহাঙ্গীর জানান, ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় রাশেদুল ইসলাম নামে এক ব্যক্তির মামলায় বৃহস্পতিবার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে দুদিনে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত। জিজ্ঞাসাবাদ শেষ না হওয়ায় ওই মামলায় আবারও আসামিদের পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাসনাত জামানের করা আরেকটি মামলার সাবেক মন্ত্রীর ভগ্নিপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে দুদিনের রিমান্ড দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু সালেহ মোহাম্মদ নাসিম জানান, আদালতে দুটি মামলার শুনানি হয়। আমরা রিমান্ডের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরি।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন জানান, তদন্ত কর্মকর্তা মামলার বিষয়টি পুরো না বুঝেই রিমান্ড আবেদন করেছেন।

ফলে অতিরিক্ত শুল্ক, আমদানি বন্ধের আলটিমেটাম ব্যবসায়ীদের
বেনাপোল প্রতিনিধি
অতিরিক্ত শুল্ক আরোপ করায় বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানিতে ধস নেমেছে। অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না করলে আমদানি বন্ধের ঘোষণা দিয়েছেন আমদানিকারকরা।
বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি কমে অর্ধেকের নিচে নেমে এসেছে। এতে রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
প্রতিদিন এই বন্দর দিয়ে শুধু ফল আমদানি থেকে প্রতিদিন ২৫ কোটি টাকার রাজস্ব আয় হতো। সেটি বর্তমানে এসে দাঁড়িয়েছে পাঁচ কোটিতে।
বেনাপোল বন্দর দিয়ে রাজস্ব আয়ের একটি বড় অংশ আসে ফল আমদানির খাত থেকে। দেশে রমজান মাসে ফলের চাহিদা একটু বেশি।
রমজানের আগে ফলের ওপর অতিরিক্ত শুল্ক কর আরোপ করায় ব্যবসায়ীরা ফল আমদানি বন্ধের আলটিমেটাম দিয়েছেন। এই বন্দর দিয়ে প্রতিদিন ৫০-৭০ ট্রাক বিভিন্ন ধরনের ফল আমদানি হতো। সেটি বর্তমানে ২০-২২ ট্রাকে এসে দাড়িয়েছে।
৯ জানুয়ারি আমদানি করা তাজা ফলের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করে সরকার।
এর পরিপ্রেক্ষিতে বাজারে আমদানি করা ফলের সরবরাহ কমে গেছে। এতে বাজারে সব প্রকার ফলের দাম বেড়েছে। যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।
উচ্চ শুল্কের কারণে ব্যবসায়ীরা আগের মতো ফল আমদানি করতে পারছেন না। আসন্ন রমজানে ফল আমদানির ওপর অতিরিক্ত শুল্ককর প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন ক্রেতারা।
আমদানি ও রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ফল আমদানিতে সরকার হঠাৎ করে সম্পূরক শুল্ক বৃদ্ধি করেছে। যার প্রভাব বেনাপোলসহ দেশের বিভিন্ন স্থলবন্দরের ওপর পড়েছে। এতে আমদানি শূন্যের কোঠায় নেমে গেছে। ঢাকার বাদামতলীর ফল ব্যবসায়ী অ্যাসোসিয়েশন আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ফল আমদানি বন্ধের আলটিমেটাম দিয়েছে।
ফল ক্রেতা আতাউর রহমান বলেন, সরকার হঠাৎ করে ফল আমদানিতে অতিরিক্ত শুল্কারোপ করেছে। সেজন্য বাজারে ফলের দাম বেড়ে গেছে। আসছে রমজান মাসে ফলের দাম আরো বেড়ে যাবে। দাম এভাবে বাড়তে থাকলে গরিব মানুষরা ফল খেতে পারবে বলে মনে হয় না। ফলের বাজারে বড় ধরনের সংকট ও তৈরি হতে পারে।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সুশান্ত পাল জানান, কয়েক মাস ধরে ফলের আমদানি কমে গেছে। এর ওপর সরকার আবার অতিরিক্ত শুল্কারোপ করেছে। আগে প্রতিদিন এই বন্দর দিয়ে ৫০-৬০ ট্রাক ফল আমদানি হতো। মাত্র কয়েক দিনে তা অর্ধেকে নেমে এসেছে। এভাবে চললে আগামী দিনে দাম বাড়ার পাশাপাশি ফলের সংকট দেখা দিতে পারে।

ছাত্রলীগ নেতাসহ কুয়েটের ১০ শিক্ষার্থী বহিষ্কার
স্টাফ রিপোর্টার
২০২২ সালে সরকারবিরোধী চ্যাটিংয়ের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে রাতভর নির্মমভাবে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ের (কুয়েট) ১০ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে চারজনের বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদ বাতিল করা হয়েছে। এছাড়া দুই ছাত্রকে তিন বছর এবং একজনকে ৫ বছর পর্যন্ত সনদ প্রদান না করার সিদ্ধান্ত হয়েছে।
গত ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ সভায় সভাপতিত্ব করেন। সোমবার বিষয়টি প্রকাশ পায়। উপাচার্য সভার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
আজীবন বহিষ্কৃতরা হলেন কুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান, রায়হান আহমেদ, সাদ আহমেদ, সাজেদুল কবির, আদনান রাফি, রিজুয়ান ইসলাম রিজভী, ফায়াদুজ্জামান ফাহিম, মেহেদী হাসান মিঠু, সাফাত মোর্শেদ, ফখরুল ইসলাম। এর মধ্যে রায়হান, সাদ, সাজেদুল ও রাফির বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং সনদ বাতিল করা হয়েছে। তারা সবাই কুয়েট ছাত্রলীগের কর্মী ছিলেন।
এছাড়া মোস্তাক আহমেদকে ৫ বছরের জন্য এবং শুভেন্দু দাস ও ফারিয়ার জামিল নিহালকে ৩ বছরের জন্য কোনো ধরনের সনদ প্রদান না করা এবং কখনোই বিশ্ববিদ্যালয়ের প্রশংসাপত্র না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে, মোবাইল অ্যাপে সরকার বিরোধী ‘চ্যাটিং’ এর অভিযোগে ২০২২ সালের ১১ সেপ্টেম্বর কুয়েটের ড. এম এ রশিদ হলের শিক্ষার্থী জাহিদুর রহমানকে তুলে নিয়ে যায় ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে গেস্ট রুমে নিয়ে সারারাত মারধর করা হয়। ভোরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। বেশ কয়েকদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন জাহিদ।
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্যাতনের বিচার চেয়ে উপাচার্য বরাবর আবেদন করেন ওই শিক্ষার্থী। গতবছর ১৭ সেপ্টেম্বর বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করা হয়।
কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সুলতান মাহমুদ বলেন, তদন্ত কমিটির সুপারিশ ছাত্র শৃংখলা কমিটির সভায় উত্থাপন করা হলে তাদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে কুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান দাবি করেন, তারা কেউই জাহিদুরকে মারধর করেননি। জাহিদুর হিজবুত তাহরিরের সদস্য-এ অভিযোগে কুয়েট কর্তৃপক্ষ তাকে পুলিশে দিয়েছিল। তার দাবি, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। রাজনৈতিক উদ্দেশ্যে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

চোরাই ইজিবাইকসহ আটক ৩
স্টাফ রিপোর্টার
নগরীর হরিণটানা থানা পুলিশের একটি টিম ৩ ফেব্রুয়ারি সকালে গোপন সংবাদের ভিত্তিতে ১ টি চোরাই ইজিবাইকসহ তিন চোরকে আটক করেছে।
কেএমপির হরিণটানা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি টিম সদর থানার খুলনা সদর থানাধীন আলী হাফেজ সড়কে অভিযান চালায়। এ সময় সিফাত অটো পার্টস এন্ড সার্ভিসিং সেন্টার দোকানের সামনে থেকে কবির হোসেন শেখ (৪৩), আব্দুল মান্নান হাওলাদার (৪৪) ও নুর ইসলাম (২৮)কে আটক করে ।
পুলিশ তাদের হেফাজত থেকে চুরি হওয়া সবুজ রংয়ের ১ টি ব্যাটারী চালিত ইজিবাইক উদ্ধার করা হয়। এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে হরিণটানা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলা বিএনপির ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। উক্ত কমিটিতে আহবায়ক রহমতউল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ন আহবায়ক যথাক্রমে আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতী, ড. মনিরুজ্জামান, মোঃ আখতারুল ইসলামকে করে ৬ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। একই সাথে বিগত সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড.সৈয়দ ইফতেখার আলী এবং সদস্য সচিব মোঃ আব্দুল আলিম চেয়ারম্যান এর নেতৃত্বাধীন বিদ্যমান আহবায়ক কমিটিকে বাতিল ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের সভাপতির পিটুনিতে বিএনপি নেতা আহত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মাগুরখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কে বেধড়ক পিটিয়েছে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সাহা সহ তার বাহিনী।
গতকাল সোমবার উপজেলার মাগুরখালী ইউনিয়নের পূর্ব পাতিবুনিয়া চেয়ারম্যানের পুরাতন বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
জিডি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব পাতিবুনিয়া এলাকার নিহার রঞ্জন বালার ছেলে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক যামিনী রঞ্জন বালার সাথে ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে।তারই জের ধরে ঘটনার দিন সকালে বিএনপি নেতা যামিনী রঞ্জন বালাকে একা পেয়ে দলের নাম উল্লেখ করে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে তার উপর হামলা চালায়। এ সময় চেয়ারম্যানের সাথে থাকা বাহিনী শংকর সানা, অমর কৃষ্ণ সানা, মৃদুল সানাসহ অনেকের বেপরোয়া পিটুনিতে যামিনী বালা আহত হয়। এ ঘটনায় যামিনী রঞ্জন বালা চেয়ারম্যানসহ ৪জনের নাম উল্লেখ করে সোমবার থানায় একটি সাধারণ জিডি করেছেন যার নম্বর -১৩২।
এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন এ বিষয়ে আমি কিছু জানিই না। এ খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর ইউনিয়ন বিএনপির সভাপতি অরুণ গোলদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় দলীয় নেতা কর্মীদের নিয়ে আলাদিপুর বাজারে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা শফিকুল ইসলাম, ঠাকুরদাস মন্ডল, মিন্টু রহমান,প্রিতিষ মন্ডল, জাকির হোসেন, সমিরন সরদার, অচিন্ত্য মিস্ত্রী, বাসারুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নগরীর ২৬ নং ওয়ার্ড মহিলা দলের কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
জাতীয়তাবাদী মহিলা দল ২৬ নং ওয়ার্ড শাখার কমিটি গঠন করা হয়। সোমবার বিকাল সাড়ে ৪ টায় পশ্চিম বানিয়াখামার মেইনরোডে এক সভায় এ কমিটি গঠন করা হয়।
খুলনা মহানগর বিএনপির সদস্য শেখ জামাল উদ্দিন ও ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সোনাডাঙ্গা থানা মহিলা দলের আহবায়ক ও সদস্য সচিব এ সকল নেতা-নেত্রীদের সম্মতিতে আহবায়ক হয়েছেন মনোয়ারা সুলতানা কাকলি। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি সদস্য শেখ জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ মাহমুদ আলম বাবু মোড়ল, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম বিপ্লব। আরো উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোঃ শাহিন এ জে কুদ্দুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা মহিলা দলের আহবায়ক মুন্নী জামান এবং সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট কামরুন নাহার হেনা।

তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মাট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
কালিয়া প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়।
মেলার প্রথমদিনে উপজেলা চত্বর থেকে কৃষি অফিস পর্যন্ত র্যালি অনুষ্ঠিত এবং উপজেলার কৃষি অফিসে কৃষি পণ্য ও সেবার ১২টি বিভিন্ন ধরনের স্টলে প্রদর্শনী হয়।
ইউএনও মো: রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল কৃষিবিদ মো: জসীম উদ্দীন। প্রকল্প উপস্থাপনায় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তি প্রকল্পের খুলনা অঞ্চলের পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার দিনাশ্রী বিশ্বাস।
এসময় আরও উপস্থিত ছিলেন, কৃষি অফিসার ইভা মল্লিক, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ , উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. আবুল হাসানসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা ও কৃষকগন।

কয়রায় একমাসে থানা পুলিশের অভিযানে ৭০ আসামী আটক ও মাদকদ্রব্য উদ্ধার
কয়রা প্রতিনিধি
খুলনা জেলার কয়রা থানার পুলিশ জানুয়ারী মাসে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত,জিআর,সিআর ও বন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৭০ জন আসামী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য ও হরিণের মাংস। জানা গেছে, কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক ২০২৪ সালের ১১ নভেম্বর মাসে যোগদান করার পর জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর সারা দেশের ন্যায় কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এবং মাদকের উৎপাত বেড়ে যায়। এলাকায় ঘটতে থাকে অপরাধ মুলক কর্মকান্ড। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত রেখেছেন। যার ধারাবাহিকতায় কয়রা থানার পুলিশ অভিযান চালিয়ে ২০২৫ সালের জানুয়ারি মাসে বিভিন্ন মামলার আসামী ও মাদকদ্রব্য উদ্ধার করেছেন। এ ব্যাপারে মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্ত মামলা হয়েছে ১০টি। আসামী গ্রেপ্তার হয়েছে ১০ জন। মাদকদ্রব্য উদ্ধার হয়েছে ১ কেজি ৩৭০ গ্রাম গাজা, ১৭ পিচ ইয়াবা ট্রাবলেট। বনআইনে মামলা হয়েছে ১ টি, হরিণের মাংস উদ্ধার হয়েছে ৩৪ কেজি। আসামী গ্রেপ্তার ১ জন। অন্যান্য মামলায় আসামী গ্রেপ্তার ৪ জন,মোট আসামী আটক ১৫ জন। ওয়ারেন্টভুক্ত আসামী আটক হয়েছে ৫৫ জন। এর মধ্যে জিআর মামলার ১১ জন,সিআর মামলার ৪২ জন ও সিআর মামলার সাজাপ্রাপ্ত ২ জন। এছাড়া রিকল ও ওয়ারেন্ট নিস্পত্তি হয়েছে ১১৪ টি। ওয়ারেন্ট নিস্পত্তি হয়েছে ১৬৯ টি। এর মধ্যে ১১ জানুয়ারী ১৮ মামলার আসামী আসাদুল কে আটক করেছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, জুলাই-আগস্টের পর ভেঙ্গে পড়া আইন শৃঙাখলা পূর্নউদ্ধার ছিলো একটা চ্যালেঞ্জ। সকলের সহযোগিতায় আইনশৃঙ্খলা স্বাভিক রাখার জন্য চেষ্টা অব্যহত রেখেছি। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে ,মাদকের সাথে যারাই জড়িত থাকুক কাউকে ছাড় দেয়া হবেনা। জনগনের সেবা করাই পুলিশের ধর্ম সেই ব্রত নিয়েই পুলিশ সুপারের নির্দেশে মানুষের সেবা অব্যহত রেখেছি। পুলিশের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনাই আমার লক্ষ। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

কালেখারবেড়ে মৎস্য ঘেরের খাল কাটায় ব্যাপক ক্ষতি
রামপাল প্রতিনিধি
রামপালের কালেখারবেড় গ্রামের তাপস হালদার ও বিপ্রদাস হালদার নামের দুই সহোদরের মৎস্য ঘেরের মধ্যে থাকা খাল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ঘের মালিকদের বিপুল পরিমাণ মাছ ভেসে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী তাপস হালদার সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগকারী উপজেলার কালেখারবেড় গ্রামের মৃত হরিদাস হালদারের ছেলে তাপস হালদার লিখিত অভিযোগে জানান, কালেখারবেড় মৌজার বিলে পৈতৃক ১০ একর জমিতে দীর্ঘ ১৮/২০ বছর ধরে তারা শান্তিপূর্ণভাবে মাছ চাষ করে আসছেন। গত ইং ২ ফেব্রুয়ারি রবিবার বেলা ১১ টায় একই কালেখারবেড় গ্রামের মো. দেলোয়ার হোসেন ইজারদার ও মো. তিতাস শেখ ২০/২৫ জন লোক নিয়ে কালেখারবেড় মৌজার বিলের ঘেরে যায়। তারা ঘেরের মধ্যে থাকা সরকারি খালের বাঁধ কেটে দেয়। এতে প্রায় তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে ভুক্তভোগীরা দাবী করেন। খাল কেটে ফিরে যাওয়ার সময় মাছ চাষ না করার জন্যে হুমকি দিয়ে চলে যায়।
অভিযোগের বিষয়ে দেলোয়ার ইজারদার ও তিতাস শেখের কাছে জানতে চাইলে তারা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, বিগত আওয়ামীলীগের সময় তারা সরকারি খাল বেঁধে রেখে পানি প্রবাহে বাধা সৃষ্টি করেছেন। মাছ চাষের সুবিধার্থে গ্রামবাসী সরকারি খালের বাঁধ অপসারণ করেছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজার কাছে জানতে চাইলে লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, খবর পেয়েই পুলিশের টিম পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।

রূপসা বাগমারা বাজার বণিক সমিতির বার্ষিক সাধারণ সভা
রূপসা প্রতিনিধি
রূপসা বাগমারা বাজার বণিক সমিতির বার্ষিক সাধারণ সভা ৩ ফেব্রুয়ারী সোমবার বেলা ১১:৩০ টায় ব্যাংক মোড় মোন্তাজ মার্কেট বণিক সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. আরাফাত হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসাইনের সঞ্চালনায় বিগত বছরের বাজারের আয়-ব্যয়,সদ্য অনুষ্ঠিত হওয়া ওয়াজ মাহফিলের হিসাব-নিকাশ সহ বাজারের বিগত বছরের উন্নয়নমূলক কার্যক্রম উপস্থাপন করা হয়। বাৎসরিক বনভোজন ও বাজারকে আগামীতে মডেল বাজারে রূপান্তরিত করতে সকল ব্যবসায়ীদের মতামত আলোকপাত করা হয়। এসময় বাজার বণিক সমিতির কর্মকর্তাবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি পদপ্রার্থীর গণসংযোগ
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আসন্ন দ্বি-বার্ষিক কাউন্সিলকে সামনে রেখে মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি পদপ্রার্থী অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের দোয়া ও সমর্থন চেয়েছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সহযোগিতা কামনা করেন। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা জাহাঙ্গীর আল আজাদ বারৈখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি রাজনৈতিক হয়রানির শিকার হলেও দলের প্রতি অবিচল ছিলেন এবং সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে গেছেন। নির্বাচিত হলে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার প্রতিশ্রুতি দিয়েছেন। দলীয় নেতাকর্মীরা তার প্রতি সমর্থন জানিয়েছেন, এখন সময়ই বলে দেবে, তিনি সভাপতি পদে নির্বাচিত হতে পারেন কি না।

স্কাউটসের ৫ দিনব্যাপী ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
মাগুরা প্রতিনিধি
মাগুরাতে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চল ৪৯০ তম কাব স্কাউট এর ৫দিনব্যপী ইউনিট লিডার বেসিক কোর্স ৩ ফেব্রুয়ারি মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৮টায় উদ্বোধন করা হয়।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সহকারী পরিচালক মোঃ রাসেল আহাম্মেদ এ.এল.টি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম,মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম মঞ্জু,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুজ্জামান।
এ সেমিনারে ৪০ জন প্রশিক্ষনার্থীকে ৮ জন এ.এল.টি প্রশিক্ষক প্রশিক্ষণ দিবেন।যাদের মধ্যে একজন এ.এল.টি কোর্স লিডার রয়েছেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কোর্স টিম লিডার মোঃ তহিদুল ইসলাম।এ কোর্স শেষ হবে আগামী ৭ ফেব্রুয়ারী। আয়োজনে ছিলেন বাংলাদেশ স্কাউট মাগুরা জেলা শাখা।

শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
বেনাপোল প্রতিনিধি
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় যশোরের শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সম্মেলনে তৃণমূলের কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহন করেন।
সম্মেলন উদ্বোধন করেন, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বিএনপির জাতীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত।
শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খাইরুজ্জামান মধুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন খোকন,মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হাসান জহির, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি নুরুজ্জামান লিটন, জেলা বিএনপি নেতা মিজানুর রহমান।
নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে রাজনীতি করার পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম আর জেল-জুলুম সহ্য করে এখন দল পুনর্গঠনের সময়। শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সম্মেলন শেষে শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবুকে নির্বাচিত করে ১১ সদস্য বিশিস্ট উপজেলা কমিটির নাম ঘোষনা করা হয়।

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে মৃতের স্বজনদের ঘরে তালা, স্থানীয়দের ক্ষোভ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বিরোধপূর্ণ জমি দখলে রাখতে মৃতের স্বজনদের ঘরে প্রবেশ করতে বাঁধা, ঘরে এবং বাড়ি প্রবেশের প্রধান ফটকে তালা দিয়ে রাখার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মধ্যস্ততায় বাড়ি প্রবেশের ফটক ও ঘরের তালা খুলে দেন তারা।ন্যাক্তার জনক এই ঘটনা ঘটেছে বাগেরহাট সদর উপজেলার কালদিয়া গ্রামে।
জানাযায়, রবিবার (০৩ জানুয়ারি) রাতে বাগেরহাট সদর উপজেলার কালদিয়া গ্রামের মৃত শেখ ইয়াকুব আলীর বড় ছেলে শেখ আব্দুর রাজ্জাক (৬৫) ঢাকায় থাকাকালীন অবস্থায় মারা যায়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ বাড়িতে নিয়ে আসলে মৃতের চাচাতো ভাই একই বাড়ির বাসিন্দা নজরুল ইসলাম বাবু ঝামেলা শুরু করেন । তিনি স্বজনদের বাড়ি প্রবেশ করতে বাঁধা দেয়। বাড়ি প্রবেশের প্রধান ফটকে তালা দিয়ে রাখেন। পূর্বে থেকে নিহত ও তার ভাইদের বসত ঘরে দেওয়া তালা খুলতে রাজি হয় না। নিহতের মরদেহ নিয়ে নজরুল ইসলাম বাবুর বাড়ির সামনে রাখেন। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে বাড়ি ও ফটকের তালা খোলা হয়। এবং মৃতের দাফন সম্পন্ন করা হয়। ভুক্তভোগীদের দাবি জোরপূর্বক জমি দখলে রাখতে বছর দুয়েক ধরে এভাবেই অত্যাচার করছেন নজরুল ইসলাম বাবু।
মৃত শেখ আব্দুর রাজ্জাকের ছোট ভাই শেখ জিল্লুর রহমান বলেন, ১৯৫৫ সালে আমার বাবা মৃত শেখ ইয়াকুব আলী এই বাড়ি তৈরি করেন। এই জমির মালিকানার স্বপক্ষে সব ধরণের কাগজপত্র রয়েছে। এরপরেও ২০২৩ সাল থেকে আমাদের চাচাতো ভাই নজরুল ইসলাম বাবু ও তার ছেলে বাপ্পি শেখ আমাদের বাড়ি দখল করার চেষ্টা করেন। এজন্য আমাকে, আমার স্ত্রী সাবিনা বেগম ও আমার ছোট ভাই মোঃ রিপন শেখকেও মারধর করেছে। কয়েকদিন আগে আমাদের ঘরে থাকা ফ্রীজ, আলমিরা, খাট, পোশাক-আশাক সবকিছু রাতের আধারে নিয়ে যায়। এই অন্যায়কারীর বিচার চাই বলে কান্নায় ভেঙ্গে পড়েন এই যুবক।
আব্দুর রাজ্জাকের আরেক ভাই মোঃ রিপন শেখ বলেন, গেল দুই বছরে থানা পুলিশ, আদালত ও স্থানীয়ভাবে কয়েকবার শালীস-মীমাংসা হয়েছে। কিন্তু নজরুল ইসলাম বাবু ও তার ছেলে বাপ্পি শেখ কোন শালীস মানেন না। একের পর এক আমাদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। আমার ভাই মারা গেছে, এর পরেও আমরা এসে আমার বাবার ঘরে প্রবেশ করতে পারিনি। এত অত্যাচার মানুষ, মানুষের উপর করে না।
স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধ আছে এটা আদালত বা স্থানীয় শালীস মিমাংসার মাধ্যমে সমাধান হবে। কিন্তু একজন মানুষের বসত ঘর তালা দিয়ে রাখা, বাড়ি প্রবেশের পথ ও মরদেহ আটকে রাখা তো কোন সমাধান হতে পারে না। নজরুলের বিচার হওয়া উচিত বলে দাবি করেন তিনি।
ওই বাড়িতে উপস্থিত স্থানীয় বাসিন্দারা আরও বলেন, নজরুল ইসলাম বাবু একজন অত্যাচারী মানুষ। তার অত্যাচারে এর আগে এখলাছ, রুপিয়া ও নজরুলের আপন ভাই এই বাড়ি থেকে চলে গেছে। নজরুল ইসলামের বিরুদ্ধে তার বংশের অন্য লোকদেরও মারধর ও অত্যাচারের অভিযোগ রয়েছে। নিরহ ওই পরিবারের শান্তির জন্য নজরুলের হাত থেকে এদের বাঁচানো উচিত।
অভিযোগের বিষয়ে নজরুল ইসলাম বাবু বলেন, ওই জমির দলিল আমার, এ কারণে আমি ঘরে তালা মেরে ছিলাম। আর মরদেহটি রাস্তার উপর রাখা ছিল, যার কারণে আমি এনে আমার ঘরের সামনে রেখেছি। স্থানীয়রা বললে, গেটে তালা খুলে দিয়েছি। ঘরের তালা ওরা নিজেরা খুলেছে।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কামাল উদ্দিন বলেন, নজরুল ইসলাম বাবু ও তার চাচাতো ভাইদের জমি নিয়ে সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা করেছি। কিন্তু নজরুল ইসলাম বাবু কারও কথা মানেন না। এর আগে নজরুল ইসলাম বাবু ও তার লোকজন শেখ জিল্লুর রহমানদের ঘর থেকে সব মালামালও নিয়ে গেছে। একটি মরা বাড়িতে তার ভাই-বোনদের প্রবেশে বাঁধা দিয়েছে। স্থানীয় সব বাসিন্দারা তার আচরণে হতবাক হয়ে গেছে। আমাদের সমঝোতায় মরদেহের দাফন ও ঘরের তালা খোলা হয়েছে। আশাকরি আলোচনা সাপেক্ষে একটি সমাধানে আসা যাবে।

ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় মা, মেয়ে ও ছেলে আহত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মা, মেয়েসহ একই পরিবারে ৩জনকে পিটিয়েছে প্রতিপক্ষ। সোমবার সকালে উপজেলার মিকশিমিল সাহা পাড়ায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় থানা পুলিশ সহ বিভিন্ন দপ্তরের দ্বারস্থ হয়েছেন আহত পরিবার।
আহতদের পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়,মিকশিমিল সাহা পাড়া এলাকার মৃত গুরুপদ সাহার ছেলে মহাদেব সাহা,শিবপদ সাহা ও রনজিত সাহার মধ্যে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে।তারই জের ধরে ঘটনার দিন সকালে জমির সীমানা নির্ধারণ করাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।এক পর্যায়ে রনজিত সাহার ছেলে বিপ্লব সাহা, সজিব সাহা ও শিবপদ সাহা লাঠিসোটা নিয়ে মহাদেব সাহার স্ত্রী শ্যামলী সাহাকে আঘাত করে।পরে ঠেকাতে আসলে মেয়ে বৃষ্টি সাহা ও ছেলে সৌরভ সাহাকেও বেধড়ক মারপিট করে।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে আসে। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ মাসুদ রানা বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

কালীগঞ্জে বিএনপি’র ঝটিকা মিছিল সমাবেশ
কালীগঞ্জ প্রতিনিধি
আওয়ামী পলাতকলীগ কর্তৃক দেশে অপপ্রচার চালানো ও নৈরাজ্য সৃষ্টির পায়তারার বিরুদ্ধে ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপির উদ্যোগে শহরে এক ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মিছিলটি থানা রোডস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
এরপর পৌর বিএনপি’র আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু। এ সময় পৌর বিএনপি নেতা আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোহম্মদ আলী জিন্নাহ, তোফাজ্জেল হোসেন তপন, যুবদল নেতা সূজাউদ্দীন মাহমুদ পিয়াল, মঞ্জুরূল হক খোকা, মকছুদুল মোমিন, ছাত্রদল নেতা মৌসুম উদ্দীন শোভন, জুয়েল রানা, তারেকুর রহমান টিপু, ইফতি জাহান, হারুন অর রশিদ রাজাসহ বিএনপি’ ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভিন্নস্থানে নানা আয়োজনে পালিত হচ্ছে সরস্বতী পূজা
সাতক্ষীরা প্রতিনিধি
ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
সাতক্ষীরা জেলা মন্দির সমিতি যুব কমিটির আয়োজনে সোমবার সকালে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে বানী অর্চনা করেন ভক্তবৃন্দরা। সরস্বতী পূজার অঞ্জলি পাঠ করেন পুরোহিত শ্যামল কুমার চ্যাটার্জি। পূজা শেষে ভক্তরা অঞ্জলি গ্রহণ করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা মন্দির সমিতি যুব কমিটির সভাপতি অমিত কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, জেলা মন্দির সমিতির উপদেষ্টা ডা. প্রশান্ত কুমার কুন্ডু, জেলা মন্দির সমিতির সহ-সভাপতি স্বপন কুমার শীল, সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, জেলা মন্দির সমিতির অডিটর বলাই দে সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা মন্দির সমিতি যুব কমিটির যুগ্ম-সম্পাদক অতনু বসু।
এছাড়াও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। সোমবার সকাল সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পূজা মন্ডবের সামনে ভিড় জমাতে থাকেন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। জ্ঞান লাভের আশায় মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন শিক্ষার্থীরা।
অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা। পূজা চলাকালীন উলু ও শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে স্কুলের পূজামন্ডপ।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সরস্বতী পূজা উদযাপন কমিটির আহবায়ক দীপাসিন্ধু তরফদার, সিনিয়র শিক্ষক বিবেকানন্দ কবিরাজ, সিনিয়র শিক্ষক হারাধন কুমার আইস, সহকারী শিক্ষক তুষার কান্তি দাস, পল্লব মন্ডল, সৌমিত্র কুমার মন্ডল, নিলিমা ঘোষ, শিউলি দাস সহ আরো অনেকে। পরে স্কুলের শিক্ষার্থীরা নিয়ে চিত্র অঙ্কন, গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনিছুর রহমান বলেন ধর্ম যার যার, উৎসব সবার। জাতি ধর্ম নির্বিশেষে স্কুলের সকল শিক্ষক /শিক্ষার্থী ভেদাভেদ ভুলে এই আনন্দ আয়োজনে সামিল হয়েছে।
অপর্ণা রানী মন্ডল নামের এক শিক্ষার্থী বলেন, ‘মা সরস্বতী বিদ্যার দেবী। আমরা যেহেতু শিক্ষার্থী, আমরা যেন ঠিকমতো পড়াশোনা করতে পারি, সেটা মায়ের কাছে কামনা করেছি। পড়াশোনার পাশাপাশি আমরা যেন ভালোমতো সাহিত্য, সংস্কৃতি চর্চা শুদ্ধভাবে করতে পারি এবং এসএসসি পরীক্ষায় ভালো পরীক্ষা দিয়ে ভালো করতে পারি মা আমাদের সেই আশীর্বাদ করুক-এই কামনা করেছি।

শহরতলীর কাশেমপুরে চুরির অভিযোগে দু’জন আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা শহরতলীর কাশেমপুর সানাপাড়া মসজিদের টাকা চুরির অভিযোগে দু’জনকে আটক করেচে স্থানীয় জনতা। সিসি ক্যামেরা ফুটেজ দেখে স্থানীয় জনতা দু’জনকে সনাক্ত করে। সোমবার সকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সদর উপজেলার কুচপুকুর এলাকার আমের আলী (৫৫) ও আকবর আলীর ছেলে ইমরান। পরে তাদেরকে সদর থানা পুলিশে সোর্পদ করা হয়।
স্থানীয়রা জানান, গত দিবাগত রাতে কাশেমপুর সানাপাড়া জামে মসজিদ, স্কুল সংলগ্ন জামে মসজিদ ও বালিয়াডাঙ্গা পূর্বপাড়া জামে মসজিদের দানবক্স ভেঙে টাকা চুরিসহ বালিয়াডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের সেচ মোটর চুরি হয়। একপর্যায়ে সানাপাড়া জামে মসজিদের সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমের আলী ও ইমরানকে সনাক্ত করা হয়। সোমবার সকালে আমের আলী ও ইমরানকে আটক করে স্থানীয় জনতা।
পুলিশের সহায়তায় আটককৃত ইমরানের বাড়ি থেকে টাকা ও মটরভ্যানের একটি ব্যাটারি উদ্ধার করা হয় বলে স্থানীয়রা জানান।

অসামাজিক কার্যকলাপের অভিযোগে যুবক-যুবতী আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের সাহাপাড়ার শহিদুল ইসলামের বাড়ি থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২যুবক-যুবতিকে আটক করা হয়েছে।
জানা গেছে, সাহাপাড়ার শহিদুল ইসলামের বাড়িতে দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহর ও এলাকার ভাসমান পতিতাদের নিয়ে দেহব্যবসা করে আসছিল। ২ফেব্রুয়ারি সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাইবার ক্রাইম এলার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হকের নেতৃত্বে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ওসিসির প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিকীসহ অন্যান্যরা অভিযান পরিচালনা করেন। এসময় তারা ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেলারডাঙা গ্রামের রবিউল ইসলামের পুত্র মেহেদী হাসান (২৫) ও শহরের সুলতানপুর গ্রামের তরুনী (২০)কে শহিদুল ইসলামের ঘর থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হাতেনাতে আটক করেছেন বলে পুলিশ জানিয়েছেন।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫
স্টাফ রিপোর্টার
নগরীর লবণচরা থানাধীন রিয়াবাজার, সদর থানাধীন ৪নং খেয়াঘাট ও হরিণটানা থানাধীন ময়ূর ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কেএমপি পুলিশ। গত ২৪ ঘন্টার অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন নগরীর রিয়াবাজার বড় নার্সারীর পাশের বাসিন্দা মো. আব্দুর রহমান হাওলাদারের ছেলে মো. ইমন হাওলাদার (২৪), ৪নং ফুডঘাট এলাকার মৃত. সোনামিয়ার মেয়ে তানিয়া বেগম (৩০), খালিশপুর পিপলস নিউ কলোনীর মৃত. বাহার উদ্দিন শিকদারের ছেলে মো. সাগর হোসেন ওরফে জয় (২৭), মো. নাজিমের ছেলে মো. লিমন শেখ (২১) ও
ক্রিসেন্ট গেটের মো. ফরহাদের ছেলে মো. রমজান (২৪)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, গত ২৪ ঘন্টায় নগরীর রিয়াবাজার, ৪নং খেয়াঘাট ও ময়ূর ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে লবণচরা, সদর থানা ও হরিণটানা থানা পুলিশ। এসময় রিয়াবাজার এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ
ইমন হাওলাদার, ৪নং খেয়াঘাটস্থ ঘাট মালিক সমিতির অফিসের সামনে থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ তানিয়া বেগম এবং ময়ূর ব্রীজ সংলগ্ন মক্কা মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে ১০০ গ্রাম গাঁজা ও একটি মোটর সাইকেলসহ সাগর হোসেন, লিমন শেখ ও রমজানকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।