স্পোর্টস ডেস্ক
চলমান বিপিএলের প্রায় প্রতি ম্যাচেই বড় স্কোর গড়ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্সের ব্যাটাররাও ব্যাট হাতে ছড়াচ্ছেন আলো। এরই মধ্যে টুর্নামেন্টে দুইবার দুই শ ছাড়ানো ইনিংস খেলা রংপর আজ থেমেছে ১৮৬ রানে। ১১৩ রানের জুটি গড়ে তাতে বড় অবদান রেখেছেন দলটির দুই পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ ও ইফতিখার আহমেদ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিং বেছে নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। শুরুটা অবশ্য মোটেও ভালো করতে পারেনি রংপুর। অ্যালেক্স হেলসের অভাব দলটি ভালোভাবেই বুঝেছে। হেলসের পরিবর্তে সুযোগ পাওয়া স্টিভেন টেইলর আউট হয়েছে ১৩ রান করেই। ফর্মে থাকা সাইফও ১১ বলে ৭ রানের বেশি করতে পারেননি। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে মাত্র ৩৯ রান করে দলটি।
ওপেনার তৌফিক খান তুষার ৩৬ রান করলেও খরচ করেন ৩০ বল। ১১তম ওভারের তৃতীয় বলে আউট হন তৌফিক। দলের রান তখন মোটে ৭০। এরপরই ৫৬ বলে ১১৩ রানের দুর্দান্ত সেই জুটি গড়েন খুশদিল-ইফতিখার। বিশাল এই জুটিতে ইফতিখারের অবদান মোটে ৩০ রান। ইনিংস শেষ হওয়ার আগের বলে আউট হন ইফিতিখার। তখন তার নামের পাশে ৩৬ বলে ৪৩ রান। ৫টি চারে এই রান করেন তিনি।
অন্যদিকে, ব্যাট হাতে ঝড় বইয়ে দিয়েছেন খুশদিল। ৩৫ বরে ৭৩ রানে অপরাজিত ছিলেন এই পাকিস্তানি ব্যাটার। ৪টি চারের পাশাপাশি ছক্কা হাঁকিয়েছেন ৬টি। রংপুরের হারানো ৫ উইকেটের মধ্যে ৪টি ভাগাভাগি করে নেন হাসান মাহমুদ ও আবু হায়দার রনি। রংপুরের শেষ ব্যাটার সোহান হয়েছেন রান আউট।











































