আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন,তিনিও আর পাঁচজনের মতো সাধারণ মানুষ। কোনও ঈশ্বর নন। অথচ লোকসভা নির্বাচজনের আগে বলতে শোনা গিয়েছিল যে, তার জন্ম জৈবিক প্রক্রিয়ায় নয়। তার শক্তির উৎস ঈশ্বর প্রদত্ত। ঈশ্বরের অংশ আছে তার মধ্যে।
সম্প্রতি এক শিল্পপতির পডকাস্টে অতিথি হিসাবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ। জেরোধা’র অন্যতম কর্ণধার নিখিল কামাথের ওই পডকাস্টের টিজার প্রকাশ্যে এসেছে। সেই পডকাস্টেই কথা মোদিকে বলতে শোনা গিয়েছে, ‘আমিও সাধারণ মানুষ। কোনও দেবতা নই।’ মোদি বলেন, ‘মুখ্যমন্ত্রী থাকাকালীন একটা ভাষণ অযাচিত মন্তব্য করেছিলাম। কিন্তু ভুল তো আমারও হয়। আমিও মানুষ।’ তবে ঠিক কী প্রসঙ্গে প্রধানমন্ত্রী ওই কথা বলেছেন, সেটা স্পষ্ট নয়।
মোদির এই মন্তব্যকে অনেকে লোকসভা ভোটের আগে তার করা মন্তব্যের সঙ্গে জুড়ে দিচ্ছেন। সেসময় প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, তিনি পরমেশ্বরের কৃপাধন্য। এমনকী তার জন্মও আর পাঁচটা সাধারণ মানুষের মতো জৈবিক প্রক্রিয়ায় হয়নি।
লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হত, হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন। আমাকে সামর্থ্যও তিনি দিয়েছেন, সদিচ্ছাও তিনি দিয়েছেন, প্রেরণাও তিনিই দিচ্ছেন।’











































