Home খেলাধুলা শামীম ঝড়ে বিফলে সাব্বিরের ৯ ছক্কা, ঢাকার টানা ৫ হার

শামীম ঝড়ে বিফলে সাব্বিরের ৯ ছক্কা, ঢাকার টানা ৫ হার

12


স্পোর্টস ডেস্ক।।

দীর্ঘদিন পর রান পেয়েছিলেন সাব্বির রহমান। ৯ ছক্কায় ৩৩ বলে ৮২ রানের ইনিংস খেলে ঢাকা ক্যাপিটালসকে ১৭৭ রানের লড়াকু পুঁজি এনে দিয়েছিলেন তিনি। তবে চিটাগং কিংসের শামীম হোসেন পাটোয়ারির ঝোড়ো ব্যাটিংয়ে বিফলে গেল সাব্বিরের দারুণ এই ইনিংস। ১৪ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলে শামীম দলকে এনে দিয়েছেন ৭ উইকেটের বড় জয়।এই নিয়ে টানা ৫ ম্যাচে হারল শাকিব খানের ঢাকা।


১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দারুণ জুটি গড়েন চিটাগংয়ের দুই ওপেনার উসমান খান ও পারভেজ হোসেন ইমন। পাওয়ার প্লের ৬ ওভারে ৫৫ রান যোগ করেন এই দুজন। সপ্তম ওভারের প্রথম বলেই আউট হন ইমন। দ্বিতীয় উইকেটে গ্রাহাম ক্লার্ককে নিয়ে আরও ৫১ রান যোগ করেন উসমান। এরই মধ্যে পূর্ণ করেন নিজের হাফ সেঞ্চুরি। ১৪৪ রানে তৃতীয় ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৩২ বলে ৩৯ রান করেন ক্লার্ক।

শেষ ৩ ওভারে চিটাগংয়ের দরকার হয় ৩৩ রান। তবে অধিনায়ক মোহাম্মদ মিথুনকে সঙ্গে নিয়ে এই পথ পাড়ি দিতে কষ্ট হয়নি শামীমের। শেষ পর্যন্ত ২২ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন মিথুন। সমান ২টি চার ও ছক্কা হাঁকান তিনি। আর ৪টি চারের সঙ্গে একটি ছক্কা আসে শামীমের ব্যাটে।

এর আগে, প্রথমে ব্যাট করে সাব্বিরের ঝোড়ো ৮২ রানের ইনিংসে ১৭৭ রানে থামে ঢাকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টসে জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠিয়ে বেশ বেকায়দায় ফেলে দেয় চিটাগং। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৬৩ রান করে ঢাকা। পরের ওভারে শাহাদাত হোসেন দীপুর উইকেটও হারায় ঢাকা। প্রথম ১১ ওভারে মাত্র ৬৭ রান করা ঢাকা শেষ ৯ ওভারে করে ১১০ রান। যার অধিকাংশ অবদানই সাব্বিরের।

৪৩ বলে ফিফটি স্পর্শ করা তানজিদ আউট হয়েছেন ৪৮ বলে ৫২ রান করে। ৪টি চারের পাশাপাশি ২টি ছক্কা হাঁকান তিনি। সাব্বির এদিন ফিফটি স্পর্শ করেন মাত্র ২২ বলে। শেষ পর্যন্ত ৩৩ বলে ৮২ রান করে অপরাজিত ছিলেন তিনি। দানবীয় এই ইনিংস খেলার পথে ৯টি ছক্কা ও ৩টি চার হাঁকান জাতীয় দলের সাবেক এই হার্ডহিটার ব্যাটার। সাব্বিরের এই ইনিংসে ওপর ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানে থামে আসরে জয়ের খোঁজে থাকা ঢাকা।

সাব্বিরের দানবীয় ব্যাটিংয়ের দিনে দুর্দান্ত বল করেছেন চিটাগংয়ের পেসার খালেদ হাসান। ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিনি। সমান ওভারে ২৫ রানের বিনিময়ে স্পিনার আলিস আল ইসলাম শিকার করেন এক উইকেট।