স্পোর্টস ডেস্ক
টেস্টের চতুর্থ দিনই জয় দেখছিল আফগানিস্তান। যেখানে বুলাওয়েতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিন মাত্র ১৫ বল খরচ করল তারা। জিম্বাবুয়ের বিপক্ষে ৭২ রানে জয় পেয়েছে দলটি। দুই টেস্টের সিরিজটি আফগানিস্তান জিতে নিল ১-০ ব্যবধানে। টেস্টটি ড্র হয়েছিল।
নিজেদের ইতিহাসে আফগানরা ১১ টেস্টে এনিয়ে চতুর্থ জয়ের স্বাদ পেল। আর জিম্বাবুয়ের বিপক্ষে এটি তাদের দ্বিতীয় জয়।
২৭৮ রানের লক্ষ্য তাড়ায় জিম্বাবুয়ে থামে ২০৫ রানে। পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ছিল ২ উইকেট, জিম্বাবুয়ের ৭৩ রান। কিন্তু এদিন আর কোনো রানই করতে পারেনি স্বাগতিকরা।
আফগানদের জয়ের নায়ক রাশিদ খান রেকর্ড গড়া বোলিংয়ে ৬৬ রানে নেন ৭ উইকেট। দলটির হয়ে টেস্টের এক ইনিংসে যা সেরা বোলিংয়ের কীর্তি। ক্যারিয়ারে এনিয়ে দ্বিতীয়বার ইনিংসে ৭ উইকেট পেলেন তারকা এই লেগ স্পিনার। আগেরটিও জিম্বাবুয়ের বিপক্ষে, ২০২১ সালে ১৩৭ রানে ৭টি।
এর আগে কুইন্স স্পোর্টস ক্লাবে ৮ উইকেটে ২০৫ রান নিয়ে নতুন দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। দ্বিতীয় ওভারেই বিদায় নেন ৩ রান নিয়ে খেলতে নামা রিচার্ড এনগারাভা। ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন তিনি। জিম্বাবুয়ের আশা হয়ে ক্রিজে থাকা ক্রেইগ আরভিনকে পরের ওভারেই বিদায় করে দেন রাশিদ। অফ স্টাম্পের বাইরে থেকে টার্ন করে ভেতরে ঢোকা বলে ব্যাটে খেলতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান। এলবিডব্লিউ হয়ে আগের দিনের ৫৩ রানেই বিদায় নিতে হয় জিম্বাবুয়ে অধিনায়ককে।
ম্যাচে চমৎকার বোলিংয়ের জন্য সেরার পুরস্কার জেতেন রাশিদ। আর একটি ডাবল সেঞ্চুরি ও একটি শতকে ১৩০.৬৬ গড়ে ৩৯২ রান করে সিরিজ সেরা হন রেহমাত শাহ।











































